সোমবার, ০৬ জুলাই ২০২৬ ।। ২২ আষাঢ় ১৪৩৩ ।। ২১ মহর্‌রম ১৪৪৮


গোসলে নেমে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল দুই মাদরাসা ছাত্রের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলায় পুকুরে গোসল করতে নেমে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই মাদরাসা শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও এক শিক্ষার্থী গুরুতর আহত হয়েছে।

রোববার (৫ জুলাই) সন্ধ্যায় উপজেলার বাহাদুরপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো চরচারতলা গ্রামের আলম মিয়ার ছেলে চাঁন বাদশা (৮) এবং তালশহর দক্ষিণপাড়া গ্রামের নাছির নিয়াজের ছেলে রিয়ান নিয়াজ (১২)। আহত রাহীম (১৩) একই মাদরাসার শিক্ষার্থী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত ও আহত তিনজনই বাহাদুরপুর খন্দকার বাবুল শাহ হাফিজিয়া মাদরাসা ও ইয়াতিমখানার শিক্ষার্থী। বিকেলে খেলাধুলা শেষে তারা মাদরাসার পাশের একটি পুকুরে গোসল করতে নামে। এ সময় পুকুরের ওপর দিয়ে যাওয়া একটি বিদ্যুতের তার ছিঁড়ে পানিতে পড়ে যাওয়ায় পুরো পুকুরের পানি বিদ্যুতায়িত হয়ে পড়ে। বিষয়টি বুঝতে না পেরে পানিতে নামার সঙ্গে সঙ্গেই তিন শিক্ষার্থী বিদ্যুৎস্পৃষ্ট হয়।

স্থানীয়রা দ্রুত বিদ্যুতের সংযোগ বন্ধ করে তিনজনকে উদ্ধার করে আশুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক চাঁন বাদশা ও রিয়ান নিয়াজকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত রাহীমকে উন্নত চিকিৎসার জন্য রাতেই ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ মর্মান্তিক ঘটনায় মাদরাসা, নিহতদের পরিবার এবং পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে হাসপাতাল ও গ্রামের পরিবেশ ভারী হয়ে ওঠে।

আশুগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আবু হেনা মো. মোস্তফা রেজা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুকুরে ছিঁড়ে পড়া বিদ্যুতের তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই মাদরাসা শিক্ষার্থীর মৃত্যু হয়েছে এবং একজন আহত হয়েছে। ঘটনার প্রকৃত কারণ তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

/আইও


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ