মাদারীপুরে আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা ইউনিট (ডাম্পিং স্টেশন) নির্মাণের জন্য জায়গা নির্ধারণ করা হয়েছে।
শনিবার (৪ জুলাই) দুপুরে সদর উপজেলার চর ব্রাহ্মমদী মৌজায় প্রকল্পের জন্য নির্ধারিত তিন একর জমি পরিদর্শন করেন স্থানীয় সংসদ সদস্য জাহান্দারী আলী মিয়া। এ সময় সরকারের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রায় দেড় শ বছরের পুরোনো প্রথম শ্রেণির মাদারীপুর পৌরসভার নিজস্ব কোনো ডাম্পিং স্টেশন নেই। ফলে দীর্ঘদিন ধরে শহরের বিভিন্ন এলাকা থেকে সংগ্রহ করা বর্জ্য সড়কের পাশে ফেলা হচ্ছে। এতে দুর্গন্ধ ছড়ানোর পাশাপাশি জনস্বাস্থ্যঝুঁকিও বাড়ছে।
এ অবস্থায় সরকারি খাসজমিতে আধুনিক ডাম্পিং স্টেশন নির্মাণের উদ্যোগ নিয়েছে পৌরসভা। এরই মধ্যে সাড়ে পাঁচ একর জমি পৌরসভার নামে হস্তান্তর করেছে জেলা প্রশাসন। এর মধ্যে তিন একর জমিতে আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা ইউনিট নির্মাণ করা হবে। প্রকল্পটির সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে ৬২ কোটি টাকা।
শনিবার সংসদ সদস্যের উপস্থিতিতে প্রকল্প এলাকার জমি পরিমাপ করেন সার্ভেয়ার ও ভূমি-সংশ্লিষ্ট কর্মকর্তারা। পরে নির্ধারিত সীমানায় খুঁটি স্থাপন ও লাল পতাকা টানিয়ে চিহ্নিত করা হয়।
সংশ্লিষ্ট ব্যক্তিদের আশা, প্রকল্পটি বাস্তবায়িত হলে একদিকে আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত হবে, অন্যদিকে স্থানীয়ভাবে কর্মসংস্থানের সুযোগও সৃষ্টি হবে।
মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য জাহান্দারী আলী মিয়া বলেন, ডাম্পিং স্টেশন নির্মাণের পর চর ব্রাহ্মমদীর আড়িয়াল খাঁ নদের তীরে একটি ইকোপার্ক নির্মাণের পরিকল্পনাও রয়েছে। এতে স্থানীয় মানুষ ও পর্যটকদের জন্য বিনোদনের নতুন সুযোগ তৈরি হবে। পাশাপাশি প্রকল্পটি চালু হলে কর্মসংস্থানও বাড়বে।
এ সময় মাদারীপুর পৌরসভার প্রশাসক জেসমিন আক্তার বানু, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াদিয়া শাবাব, পৌর নির্বাহী কর্মকর্তা খন্দকার আবু আহম্মদ ফিরোজ ইলিয়াস, সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আইও