নিজস্ব প্রতিবেদক
সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতকারীদের জন্য সুখবর দিয়েছে বাংলাদেশ ব্যাংক। আমানতের মুনাফায় কোনো ধরনের ‘হেয়ারকাট’ থাকবে না। একই সঙ্গে আগামী ১ সেপ্টেম্বর থেকে ব্যক্তি আমানতকারীরা স্কিমে নির্ধারিত সীমার বাইরে প্রয়োজন অনুযায়ী মূল অর্থ উত্তোলন করতে পারবেন।
মঙ্গলবার (২৫ আগস্ট) সকালে বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমানের সঙ্গে সম্মিলিত ইসলামী ব্যাংকের চেয়ারম্যান কাজী শায়রুল হাসান ও ব্যবস্থাপনা পরিচালক আবেদুর রহমান সিকদারের সাক্ষাৎকালে এসব নির্দেশনা দেওয়া হয়।
সাক্ষাতে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ড. মো. হাবিবুর রহমান, ড. মো. কবির আহাম্মদ, মো. সরোয়ার হোসেন ও মো. আনিছুর রহমান উপস্থিত ছিলেন।
সাক্ষাৎকালে গভর্নর সম্মিলিত ইসলামী ব্যাংকের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালককে আমানতকারীদের বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেন। তিনি বলেন, জাতীয় সংসদে অর্থমন্ত্রী আমানতকারীদের মুনাফার ওপর কোনো ধরনের হেয়ারকাট থাকবে না বলে ঘোষণা দিয়েছেন। তবে বিষয়টি নিয়ে আমানতকারীদের মধ্যে এখনো কিছুটা অস্পষ্টতা রয়েছে। তাই ব্যাংকের সব আমানতকারীকে স্পষ্টভাবে জানাতে হবে যে, তাদের মুনাফার ওপর কোনো ধরনের হেয়ারকাট করা হবে না।
বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় আরও বলা হয়, ২০২৫ সালের ২৯ ডিসেম্বর ঘোষিত স্কিম অনুযায়ী ইতোমধ্যে আমানতকারীদের অর্থ ফেরত দেওয়া হচ্ছে। এর পাশাপাশি আগামী ১ সেপ্টেম্বর থেকে ব্যক্তি আমানতকারীরা তাদের আল-ওয়াদিয়াহ চলতি হিসাব, মুদারাবা সঞ্চয়ী হিসাব ও মুদারাবা মেয়াদি আমানতের মূল অর্থ স্কিমে নির্ধারিত সীমার বাইরেও প্রয়োজন অনুযায়ী উত্তোলন করতে পারবেন।
এ সুবিধা কার্যকর করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সম্মিলিত ইসলামী ব্যাংক কর্তৃপক্ষকে নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
সাক্ষাতে সম্মিলিত ইসলামী ব্যাংকের স্বাভাবিক ব্যাংকিং কার্যক্রম দ্রুত চালুর বিষয়েও আলোচনা হয়। দেশের সর্ববৃহৎ ও একমাত্র সরকারি মালিকানাধীন ইসলামী ব্যাংক হিসেবে ৩৫ হাজার কোটি টাকা মূলধন নিয়ে যাত্রা শুরু করা ব্যাংকটিকে দ্রুততম সময়ের মধ্যে স্বাভাবিক সব ব্যাংকিং কার্যক্রম শুরু করার প্রয়োজনীয় পদক্ষেপ নিতে নির্দেশনা দেওয়া হয়।
বাংলাদেশ ব্যাংকের এসব নির্দেশনার ফলে সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতকারীদের মধ্যে দীর্ঘদিনের অনিশ্চয়তা অনেকটাই কাটবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন। বিশেষ করে মুনাফায় হেয়ারকাট না থাকা এবং সেপ্টেম্বর থেকে প্রয়োজন অনুযায়ী মূল অর্থ উত্তোলনের সুযোগ আমানতকারীদের জন্য স্বস্তি বয়ে আনবে।
আরএইচ/