নিজস্ব প্রতিবেদক-
২০১৩ সালে শাপলা চত্বরে হত্যাকাণ্ডের ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তদন্তাধীন মামলায় শহীদ পরিবারের সদস্যরা সাক্ষ্য প্রদান করেছেন। ২৪ ও ২৫ জুন ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার কাছে তারা তাদের স্বজনদের মৃত্যুর ঘটনা ও সংশ্লিষ্ট বিভিন্ন তথ্য তুলে ধরেন।
জানা গেছে, তদন্ত কর্মকর্তা এএসপি ইফতেখার আলমের কাছে সাক্ষ্য দিতে গিয়ে পরিবারের সদস্যরা তাদের স্বজনদের ২০১৩ সালের ৫ মে হেফাজতে ইসলামের আহূত অবরোধ কর্মসূচিতে অংশগ্রহণ, সর্বশেষ যোগাযোগ, মৃত্যুর ঘটনা, দাফন-কাফন এবং পরবর্তী সময়ে তৎকালীন সরকারের পক্ষ থেকে বিভিন্ন ধরনের হয়রানি ও নির্যাতনের অভিযোগ সম্পর্কে বিস্তারিত বর্ণনা দেন।
সংশ্লিষ্টরা মনে করছেন, এসব সাক্ষ্য মামলার তদন্ত কার্যক্রমকে আরও এগিয়ে নিতে এবং বিচার প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সহায়ক হবে।
এ সময় উপস্থিত ছিলেন শাপলা স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক মুহাম্মদ কামাল উদ্দীন। তিনি বলেন, শাপলা চত্বরের ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ বিচার নিশ্চিত করা সময়ের দাবি। ভুক্তভোগী পরিবারগুলোর সাক্ষ্য ন্যায়বিচার প্রতিষ্ঠার পথে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।
উল্লেখ্য, ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে সংঘটিত ঘটনাকে কেন্দ্র করে দায়ীদের বিচারের দাবিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে একটি মামলা বর্তমানে তদন্তাধীন রয়েছে। তদন্ত সংস্থা ঘটনার বিভিন্ন দিক পর্যালোচনা করে সাক্ষ্য-প্রমাণ সংগ্রহের কার্যক্রম অব্যাহত রেখেছে।
আইও/