সিলেটের হজরত শাহজালালের (রহ.) মাজারের দানবাক্সের টাকা প্রথম বার প্রকাশ্যে গণনা করা হয়েছে। সেখানে পাওয়া গেল মোট ১৭ লাখ ৬৪ হাজার ৫৬৯ টাকা। এছাড়া স্বর্ণ মিলেছে সাত আনা। পাওয়া গেছে ১০টি রিয়ালও।
সোমবার (২২ জুন) বিকেলে গণনা শেষে মাজার কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে।
এদিন দুপুর আড়াইটার দিকে মাজারে রাখা সিল করা ডেকচির ঢাকনা (দানবাক্স) খোলা হয় এবং প্রথমবারের মতো প্রকাশ্যেই টাকা গণনা শুরু হয়। এ নিয়ে মাজারের ভক্ত, দর্শনার্থী এবং স্থানীয়দের মনে ছিল ব্যাপক কৌতূহল।
জেলা প্রশাসনের তত্ত্বাবধানে পরিচালিত এই গণনা কার্যক্রমে মাদরাসার শিক্ষার্থীরা দানের টাকাগুলো গুনেছেন। পুরো কার্যক্রমে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। পাশাপাশি নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদেরও সতর্ক অবস্থানে দেখা যায়।
গণনার সময় মাজার প্রাঙ্গণে উৎসুক জনতার ভিড় লক্ষ্য করা যায়। অনেকে দীর্ঘ সময় ধরে দাঁড়িয়ে পুরো কার্যক্রম পর্যবেক্ষণ করেন। প্রকাশ্যে দানের টাকা গণনার এমন দৃশ্য আগে কখনো দেখা না যাওয়ায় বিষয়টি ঘিরে স্থানীয়দের মধ্যে ব্যাপক আলোচনা তৈরি হয়।
বহুকাল ধরে হজরত শাহজালাল (রহ.) মাজারে ভক্ত ও দর্শনার্থীরা দান করে আসছেন। তবে সে অর্থ প্রকাশ্যে গণনার নজির আগে ছিল না। এবারই প্রথম এমন ব্যতিক্রম আয়োজন করা হয়। যা অনন্য এক নজির সৃষ্টি করেছে।
আইও