
|
রবিউল আউয়াল উপলক্ষে ‘সচেতন আহলে সুন্নাত ওয়াল জামাত ফেডারেশনে’র নানা উদ্যোগ
প্রকাশ:
১৫ আগস্ট, ২০২৬, ০৪:৫৭ দুপুর
নিউজ ডেস্ক |
নিজস্ব প্রতিবেদক বিগত বছরগুলোর ধারাবাহিকতায় এবারও পবিত্র রবিউল আউয়াল মাস উপলক্ষে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র মিলাদ ও সীরাত শীর্ষক বিভিন্ন আয়োজনের উদ্যোগ নিয়েছে কুমিল্লার আদর্শ সদরের ‘সচেতন আহলে সুন্নাত ওয়াল জামাত ফেডারেশন’ সংগঠন। সম্প্রতি সংগঠনের কেন্দ্রীয় তথ্য ও প্রকাশনা বিভাগ থেকে জানানো হয়েছে, মাসব্যাপী এই আয়োজনে নানামুখী কর্মসূচি বাস্তবায়ন করা হবে। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, উদ্যোগ নেওয়া কর্মসূচির প্রথমেই রয়েছে সাপ্তাহিক আলোচনা সভা। রবিউল আউয়াল মাসজুড়ে প্রতি শুক্রবার নির্দিষ্ট ৪টি এলাকায় বিশেষ ৪টি আলোচনা সভার আয়োজন করা হবে। পাশাপাশি খ্যাতনামা আলোচকদের অংশগ্রহণে ১টি অনলাইন আলোচনা সভা, দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ভ্রাম্যমাণ আলোচনার মাধ্যমে স্কুল ও কলেজের শিক্ষার্থীদের মাঝে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর জীবন ও আদর্শ তুলে ধরাসহ তরুণ প্রজন্মকে সিরাত পাঠে উদ্বুদ্ধ করতে সীরাতুন্নবী (সা.)-এর ওপর বিশেষ কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হবে।
সচেতন আহলে সুন্নাত ওয়াল জামাত ফেডারেশনের আমীর মুফতি শেখ মু. নাঈম বিন আ. বারী জানান, গত ১৬ বছর ধরে সংগঠনটি বাংলাদেশের বিভিন্ন এলাকায় দ্বীনি কার্যক্রম সফলভাবে পরিচালনা করে আসছে। তারই ধারাবাহিকতায় এই আয়োজনের উদ্যোগ। তিনি আরও জানান, মাহফিলগুলোতে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর পবিত্র জন্ম থেকে ওফাত পর্যন্ত পূর্ণাঙ্গ জীবন ও সীরাতের ওপর আলোচনা করা হবে। সংগঠনের পক্ষ থেকে নির্ধারিত বিজ্ঞ আলোচক দ্বারা মাহফিল পরিচালিত হবে এবং আলোচকদের যাতায়াত খরচ সংগঠন নিজ দায়িত্বে বহন করবে। যোগাযোগ: ০১৮১২৪৯৯৬৬৬ আইও/ |