সাংগঠনিক সপ্তাহ উপলক্ষে অপপ্রচার, ষড়যন্ত্র এবং শিষ্টাচারবহির্ভূত রাজনৈতিক কর্মকাণ্ডের প্রতিবাদে দেশব্যাপী বিক্ষোভ মিছিল কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল।
সোমবার (২২ জুন) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে যুবদলের শীর্ষ নেতাদের এক জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। ঘোষিত কর্মসূচি অনুযায়ী, মঙ্গলবার (২৩ জুন) দেশের সব জেলা, মহানগর, উপজেলা, থানা ও পৌরসভা এলাকায় প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হবে।
যুবদলের সভাপতি আবদুল মোনায়েম মুন্না এবং সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন সংগঠনের সব স্তরের নেতাকর্মীদের স্বতঃস্ফূর্তভাবে কর্মসূচিতে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন।
যুবদলের দপ্তর-সংশ্লিষ্ট সহ-সভাপতি নুরুল ইসলাম সোহেল বলেন, বাংলাদেশ যখন একটি স্থিতিশীল ও গণতান্ত্রিক ভবিষ্যতের দিকে এগিয়ে যাচ্ছে, তখন একটি স্বার্থান্বেষী মহল উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার, গুজব এবং ধর্মীয় ইস্যুকে ব্যবহার করে দেশে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে।
তিনি অভিযোগ করেন, দলের শীর্ষ নেতৃত্বকে লক্ষ্য করে অশালীন ও শিষ্টাচারবহির্ভূত মন্তব্য করা হচ্ছে, যা গ্রহণযোগ্য নয়। এসব কর্মকাণ্ডের বিরুদ্ধে রাজনৈতিকভাবে জবাব দেওয়ার প্রস্তুতি রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
নুরুল ইসলাম সোহেল আরও বলেন, দেশের স্থিতিশীলতা বিনষ্ট বা সহিংসতা সৃষ্টির যেকোনো প্রচেষ্টা জনগণকে সঙ্গে নিয়ে প্রতিহত করা হবে। জনগণের জানমালের নিরাপত্তা ও শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে যুবদল সক্রিয় ভূমিকা পালন করবে বলেও তিনি জানান।
তিনি শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে কর্মসূচি সফল করার জন্য সংগঠনের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।
আরএইচ/