নিজস্ব প্রতিবেদক
রাজধানীর মগবাজারের আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের লাইসেন্স বাতিলের আদেশ প্রত্যাহার করেছে সরকার। একই সঙ্গে তিনটি শর্ত সাপেক্ষে হাসপাতালটির কার্যক্রম পরিচালনার অনুমতি দেওয়া হয়েছে।
সোমবার (২৭ জুলাই) স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের বেসরকারি স্বাস্থ্য ব্যবস্থাপনা-২ শাখা থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। এতে সই করেন স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. কামরুজ্জামান চৌধুরী।
প্রজ্ঞাপনে বলা হয়, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের কার্যালয় থেকে গত ১৯ জুলাই জারি করা নির্দেশনার পর হাসপাতালটির বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ তদন্তে একটি কমিটি গঠন করা হয়। ওই কমিটিকে তিন কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছিল।
তদন্ত কমিটির প্রতিবেদন সন্তোষজনক বিবেচিত হওয়ায় এবং নির্ধারিত শর্ত পূরণের ভিত্তিতে হাসপাতালটির লাইসেন্স বাতিলের আদেশ প্রত্যাহার করে পুনরায় কার্যক্রম পরিচালনার অনুমতি দেওয়া হয়েছে।
প্রজ্ঞাপনে হাসপাতালটির জন্য তিনটি শর্তও নির্ধারণ করা হয়েছে। এগুলো হলো—
The Medical Practice and Private Clinics and Laboratories (Regulation) Ordinance, 1982-এর সব বিধান যথাযথভাবে অনুসরণ করতে হবে।
লাইসেন্সের শর্ত অনুযায়ী প্রয়োজনীয় চিকিৎসক নিয়োগের প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করতে হবে।
নির্ধারিত শর্ত লঙ্ঘন করলে সরকার বা ক্ষমতাপ্রাপ্ত কর্তৃপক্ষ প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে পারবে।
উল্লেখ্য, গত ১৯ জুলাই স্বাস্থ্য অধিদপ্তর আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের লাইসেন্স বাতিলের নির্দেশনা জারি করেছিল। পরে তদন্ত প্রতিবেদন পর্যালোচনা করে সরকার সেই সিদ্ধান্ত প্রত্যাহার করে হাসপাতালটির লাইসেন্স পুনর্বহাল করেছে।
আইও/