শুক্রবার, ২২ মে ২০২৬ ।। ৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ৫ জিলহজ ১৪৪৭


রামিসা হত্যাকাণ্ড: বিচারের দাবিতে মিরপুরে সড়ক অবরোধ করে বিক্ষোভ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

সাত বছর বয়সী শিশু রামিসাকে ধর্ষণ, নির্যাতন ও হত্যার প্রতিবাদে রাজধানীর মিরপুর ১০ নম্বর গোল চত্বর এলাকা অবরোধ করে বিক্ষোভ করছেন স্থানীয় বিক্ষুব্ধ জনতা। এতে এই সড়কে যান চলাচল বিঘ্ন হওয়ায় যানবাহন ধীর গতিতে চলাচল করছে।

শুক্রবার (২২ মে) দুপুর ১২টার দিকে বিক্ষোভ শুরু করে সড়কে অবস্থান নেন বিক্ষুব্ধরা। মিরপুর মডেল থানার ওসি মো. হাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, স্থানীয় জনতা মিরপুর ১০ নম্বরে সড়কে অবস্থান নিয়েছে। শিশু রামিসা হত্যা ও ধর্ষণের প্রতিবাদে আসামিদের বিচারের দাবিতে দুপুর ১২টার দিক থেকে তারা সড়কের একপাশে অবস্থান নিয়ে আছেন। আমরা একটা সাইড দিয়ে এক লেনে গাড়িগুলো পাস করে দিচ্ছি। এখন যানবাহন চলাচল কিছুটা স্বাভাবিক আছে।

প্রসঙ্গত, গত মঙ্গলবার সকালে পল্লবীর সেকশন-১১ এলাকায় নিজ বাসার পাশ থেকে নিখোঁজ হয় দ্বিতীয় শ্রেণির ছাত্রী রামিসা। পরে প্রতিবেশী সোহেল রানার ফ্ল্যাট থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় শিশুটির বাবা পল্লবী থানায় মামলা করেন।

পুলিশ জানায়, প্রধান অভিযুক্ত সোহেল রানা শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে মরদেহ লুকানোর চেষ্টা করেন। ঘটনার পর নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আদালতে তিনি হত্যার দায় স্বীকার করে জবানবন্দিও দিয়েছেন। এ ঘটনায় সোহেলের স্ত্রী স্বপ্না আক্তারকেও গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ