শুক্রবার, ২২ মে ২০২৬ ।। ৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ৫ জিলহজ ১৪৪৭


ইরান-যুক্তরাষ্ট্র শান্তি আলোচনায় অগ্রগতি খুঁজছে পাকিস্তান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

যুক্তরাষ্ট্র ও ইরানের চলমান যুদ্ধ অবসানে একটি সমঝোতার পথ খুঁজে বের করতে সক্রিয় ভূমিকা রাখার চেষ্টা করছে পাকিস্তান। দুই দেশের মধ্যে পরমাণু কর্মসূচি ও হরমুজ প্রণালি নিয়ন্ত্রণ ইস্যুতে এখনো মতবিরোধ অব্যাহত রয়েছে।

শুক্রবার (২২ মে) এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার ইরানের রাজধানী তেহরানে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির সঙ্গে বৈঠক করেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী সাইয়েদ মোহসিন নাকভি। ইরানি রাষ্ট্রীয় ও আধা-সরকারি গণমাধ্যমের বরাতে জানা গেছে, বৈঠকে যুদ্ধ শেষ করার একটি কাঠামো তৈরির সম্ভাবনা নিয়ে আলোচনা হয়।

নাকভি চলমান আলোচনায় দুই পক্ষের মধ্যে যোগাযোগ স্থাপনে মধ্যস্থতাকারী হিসেবে কাজ করছেন বলে জানিয়েছে ইরানি সংবাদমাধ্যম।

এদিকে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানিয়েছেন, আলোচনায় কিছু ইতিবাচক অগ্রগতির ইঙ্গিত পাওয়া গেলেও হরমুজ প্রণালীতে নিয়ন্ত্রণ ব্যবস্থা এবং ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ইস্যু এখনো বড় বাধা হয়ে রয়েছে।

বিশ্লেষকরা বলছেন, যুদ্ধের কারণে বৈশ্বিক জ্বালানি বাজারে বড় ধরনের অস্থিরতা তৈরি হয়েছে। তেলের দাম বেড়ে যাওয়ায় বিশ্ব অর্থনীতিতে নতুন করে মুদ্রাস্ফীতির চাপ তৈরি হচ্ছে।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরানের উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম ভবিষ্যতে পরমাণু অস্ত্র তৈরির ঝুঁকি তৈরি করতে পারে, তবে ওয়াশিংটন সেটি প্রতিরোধ করবে।

অন্যদিকে ইরান বলছে, তাদের ইউরেনিয়াম কর্মসূচি শান্তিপূর্ণ উদ্দেশ্যে পরিচালিত হচ্ছে এবং এটি আন্তর্জাতিক আলোচনার মূল বিষয়।

বিশ্লেষকদের মতে, হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ ও ইউরেনিয়াম ইস্যুতে সমঝোতা না হলে যুক্তরাষ্ট্র-ইরান শান্তি আলোচনায় বড় অগ্রগতি সম্ভব নয়।

বর্তমানে হরমুজ প্রণালি দিয়ে আগের তুলনায় জাহাজ চলাচল উল্লেখযোগ্যভাবে কমে গেছে, যা বৈশ্বিক জ্বালানি সরবরাহে প্রভাব ফেলছে।

পাকিস্তানের মধ্যস্থতা উদ্যোগকে কূটনৈতিকভাবে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হলেও চূড়ান্ত সমাধান কতটা সম্ভব হবে তা নিয়ে অনিশ্চয়তা রয়ে গেছে।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ