দেশের বেসরকারি মাদরাসাগুলোর পরিচালনা ব্যবস্থায় শিক্ষিত ও দক্ষ নেতৃত্ব নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ এক নির্দেশনা জারি করেছে সরকার। নতুন এ সিদ্ধান্ত অনুযায়ী, এখন থেকে স্নাতক বা সমমানের ডিগ্রি ছাড়া কেউ দাখিল, আলিম ও ফাজিল পর্যায়ের বেসরকারি মাদরাসার ম্যানেজিং কমিটির সভাপতি হতে পারবেন না।
গত ১৭ মে বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মিয়া মো. নুরুল হক স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ নির্দেশনা জারি করা হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, মাদরাসা শিক্ষার মানোন্নয়ন, প্রশাসনিক জবাবদিহিতা বৃদ্ধি এবং আধুনিক শিক্ষাব্যবস্থার সঙ্গে সামঞ্জস্য রেখে পরিচালনা কাঠামো আরও কার্যকর করতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন নির্দেশনা অবিলম্বে কার্যকর হবে এবং ভবিষ্যতে ম্যানেজিং কমিটি গঠন বা পুনর্গঠনের ক্ষেত্রে এটি বাধ্যতামূলকভাবে অনুসরণ করতে হবে।
নতুন বিধান অনুযায়ী, সভাপতি পদে মনোনয়ন বা নির্বাচনের জন্য সংশ্লিষ্ট ব্যক্তিকে ন্যূনতম স্নাতক বা সমমানের শিক্ষাগত যোগ্যতার সনদ জমা দিতে হবে। পাশাপাশি কোনো গুরুতর ফৌজদারি মামলা বা দুর্নীতির অভিযোগ থাকলে তিনি এ পদের জন্য অযোগ্য বিবেচিত হবেন।
শিক্ষা মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, দীর্ঘদিন ধরে বিভিন্ন মাদ্রাসায় অযোগ্য বা অশিক্ষিত ব্যক্তিদের নেতৃত্বে প্রশাসনিক দুর্বলতা তৈরি হচ্ছিল। এর প্রভাব পড়ছিল শিক্ষক নিয়োগ, আর্থিক ব্যবস্থাপনা এবং শিক্ষার পরিবেশের ওপরও। এসব সমস্যা দূর করে মাদ্রাসা পরিচালনায় স্বচ্ছতা ও শৃঙ্খলা ফিরিয়ে আনতেই সরকার এ উদ্যোগ নিয়েছে।
জেডএম/
