শুক্রবার, ২২ মে ২০২৬ ।। ৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ৫ জিলহজ ১৪৪৭


শতাব্দীর হজযাত্রা: স্মৃতিতে লিপিবদ্ধ এক ইতিহাস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

শতাব্দীর পর শতাব্দী ধরে পবিত্র হজ শুধু একটি ধর্মীয় ইবাদত নয়, বরং এটি ছিল কষ্ট, ত্যাগ ও আধ্যাত্মিকতার এক অনন্য যাত্রা—যেখানে দীর্ঘ পথের দুর্ভোগের সঙ্গে জড়িয়ে ছিল গভীর ধর্মীয় অনুভূতি ও ঐক্যের বার্তা।

ঐতিহাসিক সূত্র ও গবেষকদের মতে, অতীতের হজ কাফেলাগুলো কখনো সমুদ্রপথে, কখনো মরুভূমি পেরিয়ে আবার কখনো দীর্ঘ স্থলপথে মাসের পর মাস, এমনকি এক বছর পর্যন্ত সময় নিয়ে মক্কায় পৌঁছাত। এই যাত্রাপথ ছিল কঠিন, অনিশ্চিত ও ঝুঁকিপূর্ণ, তবুও তা মুসলিম সভ্যতার এক বিশাল ইতিহাস তৈরি করেছে।

মক্কা ইতিহাস কেন্দ্রের পরিচালক ড. ফাওয়াজ আল-দাহাসের বরাতে জানা যায়, হজযাত্রাকে নিরাপদ ও সংগঠিত করতে বিভিন্ন শাসক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তাদের মধ্যে ছিলেন আব্বাসীয় খলিফা হারুন আল-রশিদ এবং মামলুক শাসক আল-জাহির বাইবার্স। তারা হজযাত্রীদের জন্য নিরাপত্তা ব্যবস্থা, সরবরাহ কেন্দ্র এবং বিশ্রামস্থান স্থাপন করেন।

ঐতিহাসিক দারব জুবাইদা (ইরাক রুট) এবং মিসরীয় রোড হজযাত্রার প্রধান পথ হিসেবে পরিচিত ছিল। এসব পথকে কেন্দ্র করে গড়ে ওঠে নতুন শহর, সরাইখানা, কূপ ও বিশ্রামকেন্দ্র, যা একইসঙ্গে বাণিজ্য ও সাংস্কৃতিক বিনিময়ের গুরুত্বপূর্ণ কেন্দ্র হয়ে ওঠে।

গবেষকদের মতে, এসব ব্যবস্থাপনা ছিল মূলত বৃহৎ জনসমাগম ব্যবস্থাপনার প্রাথমিক রূপ, যেখানে পানি, চিকিৎসা ও নিরাপত্তার মতো মৌলিক সেবাও নিশ্চিত করা হতো।

ঐতিহাসিকদের মতে, হজভিত্তিক সাহিত্যও একটি গুরুত্বপূর্ণ “সভ্যতার দলিল” হিসেবে বিবেচিত। আবদুল গনি আল-নাবুলসি তার লেখায় বিভিন্ন জাতি ও সংস্কৃতির মুসল্লিদের পারস্পরিক যোগাযোগ ও অভিজ্ঞতা তুলে ধরেন, যা আধুনিক আন্তর্জাতিক সম্মেলনের পূর্বসূরি হিসেবে বিবেচিত হয়।

প্রসিদ্ধ ভ্রমণ সাহিত্যগুলোর মধ্যে রয়েছে ‘ফি মানজিল আল-ওয়াহি’, ‘দ্য রোড টু মক্কা’ এবং ‘টু দ্য ল্যান্ড অব প্রফেটহুড’—যেগুলো হজের আধ্যাত্মিক ও মানবিক দিকগুলোকে ভিন্ন ভিন্ন দৃষ্টিকোণ থেকে উপস্থাপন করেছে।

ইতিহাসবিদ সাদ আল-জুডির মতে, হজ ছিল একটি পূর্ণাঙ্গ সভ্যতাগত ঘটনা, যা মুসলিম সমাজের সামাজিক ও অর্থনৈতিক বাস্তবতাকেও প্রতিফলিত করে। তিনি ইবনে জুবাইরের ভ্রমণ বর্ণনার কথা উল্লেখ করে বলেন, তিনি আন্দালুসিয়া থেকে মক্কা পর্যন্ত সমুদ্র ও স্থলপথের অভিজ্ঞতা অত্যন্ত সূক্ষ্মভাবে লিপিবদ্ধ করেছেন।

একইভাবে ইবনে বতুতার লেখায় হজযাত্রার পথে থাকা বাজার, চিকিৎসাকেন্দ্র, সরবরাহ ব্যবস্থা এবং বিশ্ব মুসলিম উম্মাহর ঐক্যের চিত্র উঠে এসেছে।

গবেষকদের মতে, এসব ঐতিহাসিক দলিল হজকে শুধু একটি ধর্মীয় আনুষ্ঠানিকতা নয়, বরং মুসলিম সভ্যতার জীবন্ত ইতিহাস হিসেবে প্রমাণ করে, যা আজও বিশ্ব মুসলিম ঐক্য ও আধ্যাত্মিকতার প্রতীক হিসেবে বিবেচিত।

সূত্র: আরব নিউজ

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ