মোস্তফা ওয়াদুদ: কওমি মাদরাসার শিক্ষাকার্যক্রম চালু করতে প্রজ্ঞপন জারি করেছে সরকার। গতকাল ৬ সেপ্টেম্বর (সোমবার) ২০২১ তারিখে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাদরাসা শিক্ষা অধিদপ্তর থেকে এ প্রজ্ঞাপন জারি করা হয়।
সরকারি এ প্রজ্ঞাপন কওমি মাদরাসার সর্বোচ্চ শিক্ষা অথরিটি আল হাইয়াতুল উলইয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশ এর ভেরিফাইড ফেসবুক পেজে সংস্থার অফিস সম্পাদক মাওলানা অছিউর রহমান-এর বরাতে প্রকাশ করা হয়েছে। এতে মাদরাসাসমূহের শিক্ষাকার্যক্রম চালুকরণের কথা বলা হয়েছে।
প্রজ্ঞাপনের বিষয়: কোভিড-১৯ পরিস্থিতি বিবেচনায় জনস্বাস্থ্য ও স্বাস্থ্যবিধি মেনে মাদ্রাসায় শ্রেণি কার্যক্রম চালুকরণের লক্ষ্যে প্রস্তুতি গ্রহণ।
প্রজ্ঞপনে বলা হয়েছে, ‘উপযুক্ত বিষয়ের প্রেক্ষিতে জানানাে যাচ্ছে যে, কোভিড-১৯ এর কারণে ১৮/০৩/২০২০ খ্রি. থেকে দেশের সকল মাদরাসায় শ্রেণি কার্যক্রম বন্ধ রয়েছে। দেশের সকল মাদরাসাসমূহকে তাদের শিক্ষক, কর্মচারী ও শিক্ষার্থীদের জন্য স্বাস্থ্য নিরাপত্তা নিশ্চিত করাসহ স্বাস্থ্যসম্মতভাবে প্রস্তুত করার জন্য সূত্রোক্ত স্মারকে নির্দেশনা প্রদান করা হয়েছিল। বর্তমানে কোভিড-১৯ সংক্রমণ নিয়ন্ত্রণে আসতে শুরু করায় মাদরাসা খােলার সরকারি সিদ্ধান্ত বাস্তবায়নে প্রস্তুতিমূলক ব্যবস্থা গ্রহণের নিমিত্ত সংযুক্ত গাইড লাইন এর নির্দেশনা ছাড়াও মাদ্রাসায় নিম্নোক্ত কার্যক্রমসমূহ ০৯/০৯/২০২১ খ্রি. এর মধ্যে যথাযথভাবে বাস্তবায়ন নিশ্চিত করার জন্য অনুরােধ করা হলাে।
কার্যক্রমসমূহ:
১. মাদ্রাসার প্রবেশ পথসহ অন্যান্য স্থানে কোভিড-১৯ অতিমারি সম্পর্কিত সরকার নির্দেশিত স্বাস্থ্যবিধি প্রতিপালনে করণীয় বিষয়সমূহ ব্যানার বা অন্য কোন উপায়ে প্রদর্শনের ব্যবস্থা করা;
২. মাদ্রাসার প্রবেশ পথে সকল শিক্ষক-কর্মচারী-শিক্ষার্থী-অভিভাবকদের তাপমাত্রা পরিমাপক যন্ত্রের মাধ্যমে নিয়মিত তাপমাত্রা মাপা ও তা পর্যবেক্ষণ করার ব্যবস্থা করা;
৩. শিক্ষার্থীদের ভিড় এড়ানাের জন্য মাদ্রাসার সবগুলাে প্রবেশ পথ ব্যবহার করা। যদি কেবল একটি প্রবেশ পথ থাকে সেক্ষেত্রে একাধিক প্রবেশ পথের ব্যবস্থা করা;
৪. মাদ্রাসা খােলার প্রথম দিনে শিক্ষার্থীদের আনন্দঘন পরিবেশে শ্রেণি কার্যক্রমে স্বাগত জানানাের ব্যবস্থা করা;
৫. মাদ্রাসা খােলার প্রথম দিন শিক্ষার্থীরা কিভাবে স্বাস্থ্যবিধি মেনে মাদ্রাসায় অবস্থান করবে এবং বাসা থেকে যাওয়া-আসা করবে সেই বিষয়ে তাদেরকে শিক্ষণীয় ও উদ্বুদ্ধকরণ ব্রিফিং প্রদান করা।
