সাজেদুল হক: নেট দুনিয়ায় নানা ছবি ঘুরে বেড়াচ্ছে। এবং এই ঘুরে বেড়ানো নতুন কিছু নয়। কারোরই রেহাই মেলেনি। গর্ভবতী মা। মাতৃগর্ভের শিশু। গুলি খাও, না হয় আগুনে পুড়ে মরো। ধর্ষণ যেন মামুলি ব্যাপার। বাঁচতে চাইলে পালাও। এবার অবশ্য পালাতে গেলেও গুলির মুখে পড়তে হচ্ছে। এই লেখা শুরুর সঙ্গেই সঙ্গেই নজরে এলো হিউম্যান রাইটস ওয়াচের রিপোর্ট। স্যাটেলাইটে পাওয়া ছবিতে ধরা পড়েছে রাখাইনে মিয়ানমার সেনাবাহিনীর বর্বরতার চিহ্ন। গ্রামের পর গ্রাম পুড়িয়ে দেয়া হয়েছে। এক শ’ কিলোমিটার এলাকা জুড়ে একই দৃশ্য। গত বছরও গ্রামের পর গ্রামে আগুন দিয়েছিল সরকারি বাহিনী। এবারের ঘটনা আরো ভয়াবহ।
মানবাধিকার শব্দ নিয়ে অনেক বাকওয়াজ। এটা চলে আসছে দীর্ঘদিন ধরেই। যদিও দুনিয়ায় এর বেঁচে থাকা নিয়ে অনেকেই সন্দিহান। মিয়ানমারের দৃশ্যপটের দিকে তাকালে সে সন্দেহ অবশ্য অনেকটা কেটে যায়। নাফ নদে শুধু জীবিত, মৃত মানুষই ঘুরে বেড়াচ্ছে না, সঙ্গে সঙ্গে ঘুরে বেড়াচ্ছে মানবতা। তবে এই দৃশ্য এর চেয়েও বেশি মৃত্যু ঘোষণা করেছে এক নারীকে দেয়া নোবেল শান্তি পুরস্কারের। দুই যুগের কিছু বেশি সময় আগে অং সান সুচিকে যখন শান্তিতে নোবেল পুরস্কার দেয়া হয় তখন দৃশ্যপট কেমনই না ছিল। সাধারণ এক গৃহবধূ থেকে রাজনীতিবিদ, পরে গণতন্ত্র আর মানবাধিকারের জন্য বিরামহীন লড়াই। কত যন্ত্রণা আর নিপীড়নই না সইতে হয়েছে তাকে। নিজ ঘরে বন্দি ছিলেন দিনের পর দিন। কেড়ে নেয়া হয়েছিল তার সব অধিকার। সেসময় সুচির পক্ষে দাঁড়িয়েছিল সারা দুনিয়া। সোচ্চার ছিলাম আমরাও।
নোবেল শান্তি পুরস্কার নিয়ে বিতর্ক বহুদিনের। এ পুরস্কারে রাজনীতিকরণ হয়ে গেছে তাও অনেকদিন হলো। কিন্তু সুচির নোবেল নিয়ে তেমন কোনো প্রশ্ন তখনই ওঠেনি। কিন্তু হায় ক্ষমতা। ক্ষমতায় যাওয়ার পরই বদলে গেলেন শান্তি কন্যা। দেখা গেলো তার নতুন রূপ। ভয়ঙ্কর। তার সরকারের সেনাবাহিনীর নির্মম নির্যাতন যে তিনি শুধু চোখ বুজে দেখলেন তাই নয়। তিনি তা অনুমোদন করলেন প্রকাশ্যে। তিনি মুখ খুললেন। তার এই মুখ খোলা হলো গণতন্ত্রের বিরুদ্ধে, মানবাধিকারের বিরুদ্ধে। মানবতাবাদী মানুষ ধিক্কার জানালেন তাকে। কিন্তু তাতে কী? তার চাই রক্ত আর ক্ষমতা। হাতে রক্তের দাগ নিয়ে তিনি বললেন, রোহিঙ্গারাই রোহিঙ্গাদের হত্যা করছে। সেখানে কোনো জাতিগত নিধন হয়নি। মুনীর চৌধুরী লিখে গেছেন, মানুষ মরে গেলে পচে যায়। বেঁচে থাকলে বদলায়, কারণে-অকারণে বদলায়। কিন্তু কেউ কেউ যে, বেঁচে থেকেও পচে যায় অং সান সুচি তার সর্বোৎকৃষ্ট উদাহরণ।