শনিবার, ০৭ নভেম্বর ২০২৬ ।। ২২ কার্তিক ১৪৩৩ ।। ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৮


মানবতার মুক্তিতে পূর্ণাঙ্গ দীন প্রতিষ্ঠা করতে হবে: খেলাফত মজলিস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক

মানবতার মুক্তি ও কল্যাণের জন্য খেলাফত তথা পূর্ণাঙ্গ দীন প্রতিষ্ঠা করতে হবে বলে মন্তব্য করেছেন খেলাফত মজলিসের কেন্দ্রীয় উপদেষ্টা পরিষদের নেতারা। তাঁরা বলেছেন, দেশের সর্বস্তরের মানুষের কাছে খেলাফত মজলিস ইতোমধ্যে একটি গ্রহণযোগ্য ও ভারসাম্যপূর্ণ সংগঠন হিসেবে ইতিবাচক অবস্থান তৈরি করতে সক্ষম হয়েছে। এ অবস্থান ধরে রেখে যুগোপযোগী কর্মসূচির মাধ্যমে সংগঠনকে আরও এগিয়ে নিতে হবে।

আজ শনিবার (৭ নভেম্বর) সকাল ১০টায় রাজধানীর পল্টনে খেলাফত মজলিসের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত কেন্দ্রীয় উপদেষ্টা পরিষদের বৈঠকে নেতৃবৃন্দ এসব কথা বলেন।

খেলাফত মজলিসের আমির মাওলানা আব্দুল বাছিত আজাদের সভাপতিত্বে এবং মহাসচিব ড. আহমদ আবদুল কাদেরের পরিচালনায় বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে নেতৃবৃন্দ বলেন, দেশের হক্কানি আলেম-উলামা ও দ্বীনদার বুদ্ধিজীবীদের সমন্বয়ে ১৯৮৯ সালের ৮ ডিসেম্বর খেলাফত ব্যবস্থা প্রতিষ্ঠার মহান লক্ষ্য নিয়ে খেলাফত মজলিস গঠিত হয়। প্রতিষ্ঠার পর থেকেই গণমানুষের সংগঠন হিসেবে নিয়মতান্ত্রিকভাবে কার্যক্রম পরিচালনা করে আসছে দলটি। দেশ, জাতি ও ইসলামের স্বার্থে নানা বাধা-প্রতিবন্ধকতা উপেক্ষা করে বিভিন্ন আন্দোলন-সংগ্রামে বলিষ্ঠ ভূমিকা পালন করেছে।

তাঁরা আরও বলেন, সংগঠনের অর্জিত গ্রহণযোগ্যতা ও ইতিবাচক অবস্থান ধরে রাখতে সময়োপযোগী কর্মসূচি গ্রহণ করতে হবে। সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করার পাশাপাশি খেলাফত প্রতিষ্ঠার লক্ষ্য বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

১৯৭৫ সালের ৭ নভেম্বর ও তৎকালীন রাজনৈতিক পরিস্থিতি প্রসঙ্গে বৈঠকে নেতৃবৃন্দ বলেন, ওই বছর পরপর কয়েকটি অভ্যুত্থান ও ক্ষমতার পটপরিবর্তন বাংলাদেশের জাতীয় জীবনে ব্যাপক প্রভাব ফেলেছিল। সাধারণ মানুষ এসব পরিবর্তনকে স্বাগত জানালেও দীর্ঘমেয়াদে এর সুফল থেকে বঞ্চিত হয়। তাঁদের ভাষ্য, সে সময় বাকশাল-পরবর্তী আওয়ামী লীগ পুনর্জীবন লাভ করে এবং বাংলাদেশে নতুন করে দীর্ঘমেয়াদি ফ্যাসিবাদী শাসন প্রতিষ্ঠার পথ সুগম হয়।

বৈঠকে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় উপদেষ্টা পরিষদের সদস্য মাওলানা নোমান মাজহারী, মাওলানা জেড এইচ শামীম, ডা. আবদুল্লাহ খান, অ্যাডভোকেট একেএম বদরুদ্দোজা, ড. ইউসুফ আলী, মুফতি আব্দুস শাকুর মাহমুদ কাসেমী, মাওলানা ক্বারী সিরাজুল ইসলাম, শায়খুল হাদিস মাওলানা আসাদুল্লাহ, ডা. আবু হোসেন, মাওলানা আলী আহমদ ও সিকান্দার হায়াত।

কেন্দ্রীয় নির্বাহী সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসাইন ও ড. মোস্তাফিজুর রহমান ফয়সল, অধ্যাপক আব্দুল জলিল, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিজানুর রহমান, শিল্পবিষয়ক সম্পাদক আমিনুর রহমান ফিরোজ, প্রশিক্ষণ সম্পাদক জহিরুল ইসলাম, প্রচার সম্পাদক প্রকৌশলী আবদুল হাফিজ খসরু, শ্রমবিষয়ক সম্পাদক প্রভাষক আব্দুল করিম, মুফতি আব্দুল হক আমিনী, হাফেজ জিন্নত আলী, শায়খুল হাদিস মাওলানা আবদুস সামাদ ও লে. কর্নেল (ডা.) এমদাদুল হক।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ