নিজস্ব প্রতিবেদক
বাগেরহাটের মোল্লাহাটে বাংলাদেশ খেলাফত মজলিসের (বিকেএম) কর্মী সম্মেলনে দলটির আমির মাওলানা মামুনুল হকের হাতে হাত রেখে যোগ দিয়েছেন সাবেক এক ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান এবং প্রায় ১০ জন সাবেক ও বর্তমান ইউপি সদস্য।
মঙ্গলবার (২০ অক্টোবর) বিকেল ৩টায় মোল্লাহাট উপজেলা মডেল মসজিদ অডিটোরিয়ামে বাংলাদেশ খেলাফত মজলিসের মোল্লাহাট উপজেলা শাখার উদ্যোগে এ কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন দলটির আমির মাওলানা মামুনুল হক।
উপজেলা শাখার সভাপতি হাফেজ মাওলানা মো. হাফিজুর রহমানের সভাপতিত্বে সম্মেলন সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মাওলানা মুহাম্মদ আনিসুর রহমান।
সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের বাগেরহাট জেলা সভাপতি মুফতি মাওলানা রমিজ উদ্দিন, মুফতি রুহুল আমিন, মোল্লা খালিদ সাইফুল্লাহ এবং বাংলাদেশ খেলাফত যুব মজলিসের কেন্দ্রীয় প্রশিক্ষণ বিভাগের সহসম্পাদক ও ঢাকা মহানগর উত্তর শাখার নির্বাহী কমিটির সদস্য মাসরুরুল হকসহ স্থানীয় নেতারা।
প্রধান অতিথির বক্তব্যে মাওলানা মামুনুল হক বলেন, দেশের বিভিন্ন সংগঠন থেকে দলে দলে মানুষ বাংলাদেশ খেলাফত মজলিসে যোগ দিচ্ছেন। টেকনাফ থেকে তেঁতুলিয়া এবং সুন্দরবন থেকে বান্দরবান পর্যন্ত এ যোগদান কার্যক্রম চলছে বলে তিনি উল্লেখ করেন।
সম্মেলনে সাবেক ও বর্তমান জনপ্রতিনিধিদের যোগদানের বিষয়টি নেতাকর্মীদের মধ্যে গুরুত্ব পায়। স্থানীয় পর্যায়ে দলের সাংগঠনিক কার্যক্রম আরও বিস্তৃত ও শক্তিশালী করতে এ ধরনের সম্মেলন ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন সংশ্লিষ্টরা।
আইও/