নিজস্ব প্রতিবেদক
ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান বলেছেন, অপরাধ ও অনিয়মের বিরুদ্ধে প্রতিবাদকারীদের ওপর কঠোর না হয়ে সরকারকে অন্যায়-অনিয়মের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। প্রতিবাদকে স্বাগত জানানো গণতান্ত্রিক সরকারের দায়িত্ব বলেও মন্তব্য করেন তিনি।
শনিবার (৩ অক্টোবর) এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।
মাওলানা গাজী আতাউর রহমান বলেন, সাম্প্রতিক অন্তত দুটি ঘটনায় অপরাধ ও অনিয়মের বিরুদ্ধে প্রতিবাদকারীদের ওপর সরকার খড়গহস্ত হয়েছে। এর মাধ্যমে প্রকারান্তরে অপরাধ ও অনিয়মকে প্রশ্রয় দেওয়া হচ্ছে বলে তিনি মন্তব্য করেন।
তিনি বলেন, ‘একটি গণতান্ত্রিক সরকারের উচিত প্রতিবাদকে স্বাগত জানানো।’ প্রতিবাদকারীদের ওপর কঠোর হওয়ার মানসিকতা থেকে সরকারকে সরে আসার আহ্বান জানান তিনি।
সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুরের প্রসঙ্গ টেনে ইসলামী আন্দোলনের মহাসচিব বলেন, স্টুডিও ভাঙচুরের পর তাৎক্ষণিক প্রতিবাদে সালমান মুক্তাদির কী বলেছেন, সেটিকেই মুখ্য করে তোলা হয়েছে। এরপর তার ও তার পরিবারের ব্যাংক হিসাব চাওয়াসহ বিভিন্নভাবে হয়রানি করা হচ্ছে বলে দাবি করেন তিনি। উল্লেখ্য, স্টুডিও ভাঙচুরের কারণ নিয়ে বিভিন্ন বক্তব্য এসেছে; পুলিশের পক্ষ থেকে জমিসংক্রান্ত বিরোধের কথাও বলা হয়েছে।
বিমানযাত্রায় হয়রানির প্রতিবাদ করায় একজনকে গ্রেপ্তারের প্রসঙ্গও তুলে ধরেন গাজী আতাউর রহমান। তিনি বলেন, দীর্ঘ ভ্রমণের পর ঘণ্টার পর ঘণ্টা হয়রানির শিকার কোনো যাত্রী প্রতিবাদে শালীনতা বজায় রাখতে পারলে ভালো। তবে তার আচরণ অমার্জিত হলেও সেটির জন্য গ্রেপ্তার করার ঘটনা রাষ্ট্রের ‘নিপীড়ক চেহারা’ সামনে নিয়ে আসে বলে মন্তব্য করেন তিনি।
ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব বলেন, অপরাধ ও অন্যায়ের প্রতিবাদকারীকে হেনস্তা করা হলে অপরাধ ও অন্যায়কে প্রশ্রয় দেওয়া হয়। এতে অপরাধী ও অন্যায়কারীরা উৎসাহিত হয় এবং রাষ্ট্র অত্যাচারী হয়ে ওঠার পথ তৈরি হয়।
‘এটা হতে দেওয়া যাবে না’—উল্লেখ করে তিনি প্রতিবাদকারীদের ওপর কঠোর হওয়ার পরিবর্তে অপরাধ, অনিয়ম ও অন্যায়ের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে সরকারের প্রতি আহ্বান জানান।
এসএইচ/