সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬ ।। ৫ আশ্বিন ১৪৩৩ ।। ১০ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
সংবিধান সংশোধন: বিশেষ কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত এমপি ভবনে গাজী নজরুলের সেই স্ত্রীর মরদেহ উদ্ধার  মাদক নির্মূলে শিক্ষার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে  রাষ্ট্রপতির সঙ্গে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসির সৌজন্য সাক্ষাৎ  নাজাত ইসলামী মারকাজের বহুমুখী কার্যক্রম নিয়ে সাংবাদিক-গুণীজনদের সঙ্গে মতবিনিময় গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারের দাবি খেলাফত মজলিসের কুমিল্লায় স্কুলছাত্র অপ্রতিম হত্যার দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সমালোচনার মুখে ‘নেক্সাস’ বই ফেরত নিলেন ধর্ম প্রতিমন্ত্রী শরিয়াহ ও জ্যোতির্বিজ্ঞানের সমন্বয়ে গুরুত্বারোপ মিসরের গ্র্যান্ড মুফতির ‘এই ভূখণ্ডকে আমরা আর কবে বাসযোগ্য করে তুলতে পারব!’

গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারের দাবি খেলাফত মজলিসের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

নিজস্ব প্রতিবেদক

গণভোটে জনগণের দেওয়া রায় ও জুলাই গণ-অভ্যুত্থানের চেতনাকে বিবেচনায় নিয়ে সংবিধানের পূর্ণাঙ্গ সংস্কারের দাবি জানিয়েছে খেলাফত মজলিস। একই সঙ্গে সরকারের গঠিত ‘সংবিধান সংশোধন কমিটি’র মতবিনিময় সভা বর্জনের ঘোষণা দিয়েছে দলটি।

রোববার (২০ সেপ্টেম্বর) দুপুর ১টায় পুরানা পল্টনের মজলিস মিলনায়তনে আয়োজিত এক জরুরি প্রেস ব্রিফিংয়ে দলীয় অবস্থান তুলে ধরেন খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আবদুল কাদের।

প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন, জুলাই গণ-অভ্যুত্থানের পর স্বৈরাচারের বিচার, নিরপেক্ষ নির্বাচন ও রাষ্ট্র সংস্কারের লক্ষ্যে ‘জুলাই জাতীয় সনদ-২০২৫’ স্বাক্ষরিত হয়। পরবর্তী সময়ে এ সনদের ওপর অনুষ্ঠিত গণভোটে প্রায় ৭০ শতাংশ ভোটার ‘হ্যাঁ’ ভোট দিয়ে সনদের পক্ষে মত দিয়েছেন বলে দাবি করেন তিনি।

ড. আহমদ আবদুল কাদের বলেন, গণভোটের রায় অনুযায়ী নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ও সাংবিধানিক প্রতিষ্ঠান পুনর্গঠন, ১০০ সদস্যের উচ্চকক্ষসহ দ্বিকক্ষবিশিষ্ট সংসদ চালু এবং বিচার বিভাগের স্বাধীনতাসহ ৩০টি মৌলিক সংস্কার প্রস্তাব সংবিধানে অন্তর্ভুক্ত করতে হবে। পাশাপাশি সংবিধানের মূলনীতিতে ‘মহান আল্লাহর ওপর আস্থা ও বিশ্বাস’ পুনঃস্থাপনের দাবিও জানান তিনি।

খেলাফত মজলিসের মহাসচিব অভিযোগ করেন, গণভোটের রায় অনুযায়ী নির্বাচিত সংসদ সদস্যদের একই সঙ্গে ‘সংবিধান সংস্কার পরিষদ’-এর সদস্য হিসেবে শপথ নেওয়ার কথা থাকলেও সরকারি দল বিএনপির সদস্যরা সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেননি। এ ছাড়া অন্তর্বর্তী সরকারের সময়ে প্রণীত গুম প্রতিরোধ, দুর্নীতি দমন কমিশন (দুদক) শক্তিশালীকরণ ও পুলিশ কমিশনসংক্রান্ত অধ্যাদেশগুলো সংসদে উত্থাপন না করেও সরকার জনগণের প্রত্যাশার সঙ্গে অসঙ্গতিপূর্ণ অবস্থান নিয়েছে বলে দাবি করেন তিনি।

তিনি বলেন, ‘জনগণের ম্যান্ডেট ছিল সংবিধানের আমূল পরিবর্তন তথা পূর্ণাঙ্গ সংস্কার। অথচ সরকার সংবিধান সংস্কার পরিষদের বদলে একটি নামসর্বস্ব সংবিধান সংশোধন কমিটি গঠন করে জনগণকে ধোঁকা দেওয়ার চেষ্টা করছে।’

ড. আহমদ আবদুল কাদের জানান, সংবিধান সংশোধনসংক্রান্ত বিশেষ কমিটির পক্ষ থেকে খেলাফত মজলিসকে রোববারের মতবিনিময় সভায় আমন্ত্রণ জানানো হয়েছিল। তবে দলটির দাবি, এই কমিটি মৌলিক সংস্কারের পরিবর্তে বিদ্যমান সংবিধান সংশোধনের মধ্যেই সীমাবদ্ধ থাকতে চায়। এ কারণে দলটির শীর্ষ নেতৃত্ব ওই মতবিনিময় সভা বর্জনের সিদ্ধান্ত নিয়েছে।

তিনি বলেন, গণভোটের রায় ও জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে সংসদে প্রতিনিধিত্বকারী সব রাজনৈতিক দলের সমন্বয়ে ‘সংবিধান সংস্কার পরিষদ’ গঠন করতে হবে। জনগণের রায় পাশ কাটিয়ে সংসদীয় সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে সংবিধান সংশোধনের উদ্যোগ নেওয়া হলে তা গ্রহণযোগ্য হবে না বলেও মন্তব্য করেন তিনি।

প্রেস ব্রিফিংয়ে খেলাফত মজলিসের আমির মাওলানা আবদুল বাছিত আজাদের সভাপতিত্বে নায়েবে আমির মাওলানা সাখাওয়াত হোসাইন, মাওলানা আহমদ আলী কাসেমী, যুগ্ম মহাসচিব অধ্যাপক আবদুল জলিল, প্রচার সম্পাদক প্রকৌশলী আবদুল হাফিজ খসরু, কেন্দ্রীয় নির্বাহী সদস্য অ্যাডভোকেট রফিকুল ইসলাম ও ইসলামী যুব মজলিসের সাধারণ সম্পাদক মাওলানা সোহাইল আহমদসহ দলের নেতারা উপস্থিত ছিলেন।

এসএইচ/ 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ