নিজস্ব প্রতিবেদক
কুমিল্লায় সপ্তম শ্রেণির শিক্ষার্থী ইশিয়াত শাহরিয়ার অপ্রতিম হত্যাকাণ্ডের দ্রুত বিচার নিশ্চিত করার দাবি জানিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ। একই সঙ্গে জননিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
রোববার (২০ সেপ্টেম্বর) এক বিবৃতিতে অপ্রতিমের হত্যাকাণ্ডে গভীর শোক, ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, নিষ্পাপ একটি শিশুকে বাড়ি থেকে ডেকে নিয়ে নৃশংসভাবে হত্যার ঘটনাকে কোনোভাবেই স্বাভাবিক বা বিচ্ছিন্ন ঘটনা হিসেবে দেখার সুযোগ নেই। হত্যাকাণ্ডে জড়িত প্রত্যেককে দ্রুত গ্রেপ্তার করে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা জাতির সামনে প্রকাশ করতে হবে এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।
মাওলানা জালালুদ্দীন আহমদ বলেন, প্রাথমিক তদন্তে কয়েকজনের সম্পৃক্ততা এবং নিহত অপ্রতীমের আইফোন উদ্ধারের খবর প্রকাশিত হয়েছে। তবে শুধু কয়েকজনকে গ্রেপ্তার বা আলামত উদ্ধারের মধ্যেই তদন্ত সীমাবদ্ধ রাখা যাবে না। হত্যাকাণ্ডের নেপথ্যের কারণ, পরিকল্পনাকারী, সহযোগী এবং এর সঙ্গে সংশ্লিষ্ট পুরো অপরাধীচক্রকে চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে।
তিনি বলেন, কোনো প্রভাবশালী মহল বা অপরাধীচক্রকে রক্ষার চেষ্টা করা হলে তা জনগণ মেনে নেবে না। অপ্রতীম হত্যাকাণ্ডের পেছনে প্রকৃত ঘটনা কী, কারা জড়িত এবং হত্যার উদ্দেশ্য কী ছিল—এসব বিষয় নিরপেক্ষ তদন্তের মাধ্যমে স্পষ্ট করতে হবে।
বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব বলেন, শিশু-কিশোরদের নিরাপত্তা নিয়ে যখন পরিবারগুলো উদ্বিগ্ন, তখন একের পর এক নৃশংস অপরাধের ঘটনা আইনশৃঙ্খলা পরিস্থিতির কার্যকারিতা নিয়ে প্রশ্ন তৈরি করছে। মানুষের জানমাল রক্ষা করা সরকারের অনুগ্রহ নয়; এটি রাষ্ট্রের মৌলিক দায়িত্ব। সেই দায়িত্ব পালনে ব্যর্থতার দায় সরকার এড়িয়ে যেতে পারে না।
তিনি স্বরাষ্ট্রমন্ত্রীর প্রতি রাজনৈতিক বক্তব্য ও আত্মতুষ্টি পরিহার করে মাঠপর্যায়ের বাস্তব পরিস্থিতির দিকে নজর দেওয়ার আহ্বান জানান। অপরাধীচক্র, কিশোর গ্যাং, মাদক ও সংঘবদ্ধ অপরাধ দমনে কার্যকর পদক্ষেপ নেওয়ার পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর কোনো ধরনের গাফিলতি বা রাজনৈতিক প্রভাব অপরাধীদের সুযোগ তৈরি করছে কি না, তাও খতিয়ে দেখার দাবি জানান তিনি।
মাওলানা জালালুদ্দীন আহমদ বলেন, অপ্রতিম হত্যাকাণ্ডের তদন্ত দ্রুত, নিরপেক্ষ ও স্বচ্ছভাবে সম্পন্ন করতে হবে। তদন্তের নামে কালক্ষেপণ কিংবা প্রকৃত অপরাধীদের আড়াল করার কোনো সুযোগ দেওয়া যাবে না। দ্রুত বিচার সম্পন্ন করে সরকারকে প্রমাণ করতে হবে, দেশের নাগরিকদের—বিশেষ করে শিশু-কিশোরদের—জীবন ও নিরাপত্তা রক্ষায় রাষ্ট্র দায়িত্বশীল।
বিবৃতিতে তিনি অপ্রতিমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং নিহতের রূহের মাগফিরাত কামনা করেন। একই সঙ্গে অপ্রতীম হত্যার দ্রুত বিচার এবং ভবিষ্যতে এ ধরনের হত্যাকাণ্ড প্রতিরোধে কার্যকর রাষ্ট্রীয় পদক্ষেপ গ্রহণের দাবি জানান।
এসএইচ/