মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ ।। ৬ শ্রাবণ ১৪৩৩ ।। ৭ সফর ১৪৪৮


এই বাংলাদেশ দেখার জন্য বুলেটের সামনে দাঁড়াইনি: শায়খে চরমোনাই

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

নিজস্ব প্রতিবেদক

ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম (শায়খে চরমোনাই) বলেছেন, জুলাই গণ-আন্দোলনে তরুণ ছাত্রসমাজ, তাওহিদী জনতা ও আলেম-ওলামা যে আত্মত্যাগ করেছেন, তার উদ্দেশ্য এমন বাংলাদেশ গড়ে তোলা ছিল না। জনগণের প্রত্যাশা পূরণে সরকারকে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, দাবি-দাওয়া বাস্তবায়ন না হলে আবারও আন্দোলন গড়ে তোলা হবে।

সোমবার (২০ জুলাই) নগরীর টাউন হলে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ বরিশাল জেলা ও মহানগরের উদ্যোগে আয়োজিত সংগঠনটির ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শায়খে চরমোনাই বলেন, এ দেশের তরুণ ছাত্রসমাজ বারবার রক্ত দিয়ে পরিবর্তনের পথ তৈরি করেছে। জুলাই’২৪-এর আন্দোলনে আবু সাঈদ, মুগ্ধসহ অসংখ্য ছাত্র জীবন দিয়েছে। তাওহিদী জনতা ও আলেম-ওলামাও বুলেটের সামনে দাঁড়িয়ে তাজা রক্ত ঢেলে দিয়েছে। কিন্তু এই বাংলাদেশ দেখার জন্য আমরা আন্দোলন করিনি, এই বাংলাদেশ দেখার জন্য বুলেটের সামনে দাঁড়াইনি।

সরকারের উদ্দেশে তিনি বলেন, আমাদের দাবি-দাওয়া মেনে নিন। অন্যথায় দেশের তরুণ, ছাত্র, যুবসমাজ ও তাওহিদী জনতাকে সঙ্গে নিয়ে আবারও আন্দোলন গড়ে তুলবো।

তিনি সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের আহ্বান জানিয়ে কাদিয়ানি ও হেজবুত তাওহীদকে অমুসলিম ঘোষণা করার দাবি জানান।

শায়খে চরমোনাই অভিযোগ করেন, দেশের দক্ষিণাঞ্চল উন্নয়নের ক্ষেত্রে এখনো অবহেলিত। তিনি বরিশালবাসীর দীর্ঘদিনের দাবির কথা তুলে ধরে ছয় লেন মহাসড়ক নির্মাণ, বরিশাল-ভোলা সেতু, বরিশালে রেলপথ চালু এবং উন্নতমানের চিকিৎসাসেবা নিশ্চিত করার দাবি জানান।

সমাবেশে প্রধান বক্তার বক্তব্যে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের সেক্রেটারি জেনারেল মুফতি মানসুর আহমাদ সাকী বলেন, দেশের সবচেয়ে বড় শক্তি যুবসমাজ হলেও কর্মসংস্থানের অভাবে লাখো তরুণ আজ হতাশায় ভুগছে।

তিনি বলেন, প্রাতিষ্ঠানিক শিক্ষা শেষ করেও যখন একজন যুবক যোগ্যতা অনুযায়ী চাকরি পায় না, তখন তার মধ্যে চরম হতাশা সৃষ্টি হয়। সেই হতাশা থেকেই অনেক তরুণ মাদকাসক্তির দিকে ঝুঁকে পড়ে। মাদক শুধু একজন ব্যক্তির নয়, একটি পরিবার ও সমাজেরও ক্ষতি করে।

তিনি কর্মসংস্থান সৃষ্টি এবং মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।

বরিশাল জেলা সভাপতি হাফেজ মাওলানা মুহাম্মাদ আরমান হোসেন রিয়াদের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক প্রভাষক মাওলানা মুহাম্মাদ আল-আমিন, সাংগঠনিক সম্পাদক (বরিশাল বিভাগ) মাওলানা মুহাম্মাদ রফিকুল ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল মহানগর সভাপতি অধ্যাপক লোকমান হাকীম, জেলা সিনিয়র সহ-সভাপতি মাওলানা মুহাম্মাদ জামিলুর রহমান, নগর সেক্রেটারি মাওলানা আবুল খায়ের আশরাফী, জেলা সেক্রেটারি মাওলানা মুহাম্মাদ হাফিজুর রহমান, নগর ছাত্র ও যুববিষয়ক সম্পাদক মাওলানা মুহাম্মাদ আরিফুর রহমান, জেলা ছাত্র ও যুববিষয়ক সম্পাদক মুহাম্মাদ ইবরাহীম হুসাইন মৃধাসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ