বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ২ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
প্রতিহিংসা-প্রতিশোধ সমাজ ও রাষ্ট্রকে দুর্বল করে: রাষ্ট্রপতি ভাঙ্গায় সামাজিক সমস্যা সমাধানে ইমাম-আলেমদের ভূমিকা নিয়ে আলোচনা সভা শনিবার  মুফতি তাকী উসমানীর বাংলাদেশ সফরে আলেম সমাজের প্রত্যাশা লাশ গোসলের সময় শরীর থেকে নাপাক বের হলে করণীয় বোরগাঁও আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন ৩ ফেব্রুয়ারি ‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’ ময়মনসিংহে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা শুরু মুফতি তাকী উসমানীর সফর উপলক্ষে শুক্রবার প্রেস ব্রিফিং ফ্যাসিবাদী অপশক্তি ফের মাথাচাড়া দিচ্ছে, কঠোর পদক্ষেপ নিন: খেলাফত মজলিস

মুফতি তাকী উসমানীর বাংলাদেশ সফরে আলেম সমাজের প্রত্যাশা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

|| জহির উদ্দিন বাবর ||

আল্লামা জাস্টিস মুফতি মুহাম্মদ তাকী উসমানী। শুধু উপমহাদেশ নয়, গোটা মুসলিম বিশ্বেই এক সুপরিচিত ও শ্রদ্ধেয় নাম। আনন্দের খবর হলো, আগামী ২২ নভেম্বর বাংলাদেশ সফরে আসছেন পাকিস্তানের এই প্রখ্যাত আলেম ও ইসলামি চিন্তাবিদ। সপ্তাহব্যাপী সফরে তিনি দেশের বিভিন্ন স্থানে একাধিক দীনি কর্মসূচিতে অংশ নেবেন। ইতোমধ্যে তাঁর সফরের বিস্তারিত সূচিও প্রকাশিত হয়েছে। তাঁকে ঘিরে দেশের আলেম-উলামা, মাদরাসার শিক্ষক-শিক্ষার্থী এবং ধর্মপ্রাণ মানুষের মধ্যে তৈরি হয়েছে বিশেষ আগ্রহ ও উদ্দীপনা।

প্রায় ১৫ বছর পর তিনি বাংলাদেশে আসছেন। দীর্ঘ বিরতির পর তাঁর এই সফরকে ঘিরে কওমি অঙ্গনে উচ্ছ্বাসের মাত্রা তাই একটু বেশিই। বিশেষ করে মাদরাসার যে প্রজন্ম এত দিন তাঁর জ্ঞান, চিন্তা ও রচনার সঙ্গে পরিচিত হয়েছে, কিন্তু সরাসরি দেখার সুযোগ পায়নি, তাদের অনেকের জন্য এটি হবে প্রথমবারের মতো তাঁকে কাছ থেকে দেখা ও শোনার সুযোগ। এ কারণেই তাঁর আগমনকে ঘিরে তরুণ আলেম ও শিক্ষার্থীদের মধ্যে আলাদা আবেগ ও প্রত্যাশা তৈরি হয়েছে।

দেওবন্দি চিন্তাধারার এই প্রাজ্ঞ আলেমের পরিচিতি আজ ভৌগোলিক সীমানা ছাড়িয়ে বিশ্বব্যাপী বিস্তৃত। ইসলামি অর্থনীতি ও ফিকাহশাস্ত্রে তাঁর গবেষণা, অবদান ও চিন্তাকর্ম তাঁকে সমকালীন মুসলিম বিশ্বের অন্যতম প্রভাবশালী বিদ্বানে পরিণত করেছে। বিশেষত ইসলামি ব্যাংকিং ও অর্থায়নের তাত্ত্বিক ভিত্তি নির্মাণ এবং বাস্তব প্রয়োগে তাঁর ভূমিকা আন্তর্জাতিক অঙ্গনে স্বীকৃত। ফিকাহ ও গবেষণার জটিল নানা প্রশ্নে তাঁর মতামত ও বিশ্লেষণ বিশ্বজুড়ে আলেম, গবেষক ও ইসলামি আর্থিক প্রতিষ্ঠানগুলোর কাছে বিশেষ গুরুত্ব বহন করে।

৮৩ বছর বয়সী এই মনীষী উপমহাদেশের শীর্ষস্থানীয় আলেম ও মুরব্বিদের একজন। তিনি পাকিস্তানের বেফাকুল মাদারিসিল আরাবিয়ার সভাপতির দায়িত্ব পালন করছেন এবং করাচির ঐতিহ্যবাহী দারুল উলুমের মহাপরিচালক হিসেবে দায়িত্বে রয়েছেন। লেখক, গবেষক, ফকিহ ও চিন্তক-বহুমাত্রিক পরিচয়ে সমৃদ্ধ তাঁর ইলমি জীবন। বাংলাদেশের আলেম সমাজ ও ইসলামি জ্ঞানচর্চার জগৎও তাঁর অবদান থেকে গভীরভাবে উপকৃত। তাঁর রচিত বিপুলসংখ্যক গ্রন্থ ইতোমধ্যে বাংলায় অনূদিত হয়েছে। এসব গ্রন্থের মাধ্যমে তাঁর চিন্তা, গবেষণা ও ফিকাহি বিশ্লেষণ পৌঁছে গেছে এ দেশের মাদরাসার শিক্ষার্থী থেকে শুরু করে সাধারণ ধর্মপ্রাণ পাঠকের কাছেও। ফলে মুফতি তাকী উসমানী এ দেশে কেবল একজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আলেম নন; তিনি বহু পাঠকের কাছে পরিচিত, পঠিত ও গভীরভাবে সমাদৃত এক জ্ঞানী ব্যক্তিত্ব।

স্বাভাবিকভাবেই মুফতি তাকী উসমানীর বাংলাদেশ সফর ঘিরে দেশের আলেম সমাজের মধ্যে নানা প্রত্যাশা তৈরি হচ্ছে। আলেমদের প্রত্যাশা, অভিভাবকতুল্য এই মনীষী বাংলাদেশের ইসলামি অঙ্গনের চলমান সমস্যা, মতপার্থক্য ও প্রাতিষ্ঠানিক সংকট নিরসনে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দিতে পারবেন। তাঁর দীর্ঘ ইলমি অভিজ্ঞতা, প্রজ্ঞা ও দূরদর্শী মতামত এ দেশের আলেমদের কাছে বিশেষ গুরুত্ব বহন করে। ফলে তাঁর সুচিন্তিত পরামর্শ ও নির্দেশনা আলেম সমাজের বৃহত্তর অংশের কাছে গ্রহণযোগ্যতা পাবে বলে অনেকে মনে করেন। এ কারণে আলেমদের একটি বড় প্রত্যাশা, দেশের গুরুত্বপূর্ণ দীনি ও প্রাতিষ্ঠানিক সংকটগুলো তাঁর সামনে যথাযথভাবে তুলে ধরা হোক। কেবল সৌজন্য সাক্ষাৎ কিংবা আনুষ্ঠানিক আলোচনা নয়, বরং এসব বিষয়ে তাঁর অভিজ্ঞ পরামর্শ নেওয়া হোক এবং সম্ভাব্য সমাধানের পথ খোঁজা হোক।

মুফতি তাকী উসমানী কয়েক বছর ধরে পাকিস্তানের কওমি মাদরাসা শিক্ষা বোর্ড বেফাকুল মাদারিসিল আরাবিয়ার সভাপতির দায়িত্ব পালন করছেন। তাঁর নেতৃত্বে দেশটির কওমি শিক্ষাব্যবস্থার বিভিন্ন কার্যক্রম এগিয়ে যাচ্ছে। শিক্ষা কারিকুলামের আধুনিকায়ন, প্রাতিষ্ঠানিক ব্যবস্থাপনা ও শিক্ষার মানোন্নয়নেও পাকিস্তানের অভিজ্ঞতা বাংলাদেশের জন্য বিবেচনার সুযোগ তৈরি করেছে। বিশেষ করে বাংলাদেশে কওমি মাদরাসার সব স্তরের সনদের স্বীকৃতি ও মান নির্ধারণ নিয়ে নেতৃস্থানীয় আলেমদের মধ্যে যখন নানা দ্বিধা-দ্বন্দ্ব ও মতপার্থক্য রয়েছে, তখন এ বিষয়ে মুফতি তাকী উসমানীর অভিজ্ঞতা ও পরামর্শ বিশেষ তাৎপর্য বহন করতে পারে। শিক্ষা, স্বকীয়তা ও প্রাতিষ্ঠানিক স্বাধীনতা অক্ষুণ্ন রেখে কীভাবে কওমি সনদের মান ও গ্রহণযোগ্যতা নিশ্চিত করা যায়, সে বিষয়ে তাঁর কাছ থেকে সময়োপযোগী দিকনির্দেশনা পাওয়ার প্রত্যাশা করছেন অনেকে।

মাওলানা সাদ সাহেবের বিতর্কিত ও আকিদাবিরোধী কিছু বক্তব্যকে কেন্দ্র করে গত প্রায় আট বছর ধরে বাংলাদেশে তাবলিগ জামাতের বিরোধ তীব্র আকার ধারণ করেছে। এই বিরোধ একপর্যায়ে সংঘর্ষ, এমনকি প্রাণহানির ঘটনাতেও গড়িয়েছে। সময়ের সঙ্গে বিরোধের মাত্রা কমার পরিবর্তে বেড়েছে। বিশ্বের বিভিন্ন দেশে তাবলিগ জামাতের মধ্যে বিভাজন তৈরি হলেও বাংলাদেশের মতো তীব্র বিরোধ ও সংঘাতের নজির খুব বেশি দেখা যায় না। এমন পরিস্থিতিতে সাধারণ মুবাল্লিগ থেকে শুরু করে আলেম-ওলামা—সবার করণীয় কী, কীভাবে এই বিরোধের অবসান ঘটিয়ে দীনি ঐক্য ও শৃঙ্খলা ফিরিয়ে আনা সম্ভব, সে বিষয়ে মুফতি তাকী উসমানীর মতো অভিজ্ঞ ও প্রাজ্ঞ আলেমের দিকনির্দেশনা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

সাম্প্রতিক বছরগুলোতে কওমি তরুণদের মধ্যে বিদেশে উচ্চশিক্ষা গ্রহণের আগ্রহ বাড়ছে। অনেকে ভারতের দারুল উলুম দেওবন্দ, মিসরের আল-আজহার বিশ্ববিদ্যালয়, মদিনা ইসলামি বিশ্ববিদ্যালয় কিংবা পাকিস্তানের বিভিন্ন উচ্চতর ইসলামি শিক্ষাপ্রতিষ্ঠানে পড়তে যাচ্ছেন। তবে এসব প্রতিষ্ঠানে ভর্তির ক্ষেত্রে সুযোগ ও প্রক্রিয়া এক রকম নয়। আল-আজহার ও মদিনা বিশ্ববিদ্যালয়ে যাওয়ার তুলনায় দেওবন্দ কিংবা পাকিস্তানের বিভিন্ন মাদরাসায় পড়তে আগ্রহীদের নানা প্রশাসনিক ও দাপ্তরিক জটিলতায় পড়তে হয়। বিশেষ করে প্রয়োজনীয় সরকারি অনুমোদন ও বৈধ কাগজপত্রের সংকটে অনেক শিক্ষার্থীর উচ্চশিক্ষার পথ বাধাগ্রস্ত হয়। এ ক্ষেত্রে বিদ্যমান জটিলতা নিরসন, শিক্ষার্থীদের যাতায়াত ও ভর্তিপ্রক্রিয়া সহজ করা এবং দুই দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর মধ্যে সহযোগিতা বাড়াতে মুফতি তাকী উসমানীর পরামর্শ ও সহযোগিতা চাওয়া যেতে পারে। তিনি এ বিষয়ে কার্যকর উদ্যোগ নিলে বাংলাদেশের কওমি শিক্ষার্থীদের জন্য বিদেশে উচ্চশিক্ষার নতুন সুযোগ তৈরি হতে পারে।

মুফতি তাকী উসমানী পাকিস্তান সুপ্রিম কোর্টের শরিয়াহ আপিল বেঞ্চের সাবেক বিচারপতি। বিচার বিভাগ, আইন ও বিচারিক প্রক্রিয়া সম্পর্কে তাঁর দীর্ঘ অভিজ্ঞতা ও গভীর জানাশোনা রয়েছে। এ অভিজ্ঞতার আলোকে বাংলাদেশের বিচারাঙ্গনে আলেমদের অংশগ্রহণ কীভাবে বাড়ানো যায়, আইন ও বিচার বিষয়ে দক্ষ আলেমদের একটি যোগ্য জনগোষ্ঠী কীভাবে গড়ে তোলা যায় এবং বিচারব্যবস্থায় তাদের মেধা ও অভিজ্ঞতাকে কীভাবে কাজে লাগানো যায়—এসব বিষয়ে তিনি গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দিতে পারেন। বিশেষ করে শরিয়াহ, প্রচলিত আইন ও বিচারিক ব্যবস্থার সমন্বয় এবং আইন পেশায় আলেমদের সম্পৃক্ততা বাড়ানোর ক্ষেত্রেও তাঁর পরামর্শ বাংলাদেশের আলেম সমাজের জন্য তাৎপর্যপূর্ণ হতে পারে।

মুফতি তাকী উসমানীর স্বতন্ত্র পরিচয়ের অন্যতম প্রধান দিক হলো ইসলামি অর্থনীতি ও ইসলামি ব্যাংকিং নিয়ে তাঁর বিস্তর গবেষণা, লেখালেখি ও বাস্তব অভিজ্ঞতা। এ বিষয়ে তাঁর অবদান তাঁকে বিশ্বজুড়ে বিশেষ পরিচিতি এনে দিয়েছে। বাংলাদেশে ইসলামি অর্থনীতি ও ব্যাংকিংয়ের পরিধি বাড়লেও এ খাতে গবেষণা, দক্ষ জনবল তৈরি, শরিয়াহসম্মত আর্থিক পণ্য উদ্ভাবন এবং আলেমদের কার্যকর অংশগ্রহণের ক্ষেত্রে আরও অনেক কাজের সুযোগ রয়েছে। এসব ক্ষেত্রে বাংলাদেশের আলেমদের করণীয় কী, কীভাবে প্রাতিষ্ঠানিক গবেষণা ও দক্ষতা বাড়ানো যায়, সে বিষয়ে তাঁর কাছ থেকে সুস্পষ্ট দিকনির্দেশনা পাওয়া যেতে পারে। সংশ্লিষ্ট আলেম ও প্রতিষ্ঠানগুলো এসব সম্ভাবনা ও সীমাবদ্ধতা তাঁর সামনে তুলে ধরে প্রয়োজনীয় পরামর্শ গ্রহণ করবেন—এমন প্রত্যাশা দেশের লাখো আলেম-উলামা ও দীনদার মানুষের।

লেখক: প্রধান বার্তা সম্পাদক, ঢাকা মেইল; সম্পাদক, লেখকপত্র

এসএইচ/ 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ