বুধবার, ১১ নভেম্বর ২০২৬ ।। ২৬ কার্তিক ১৪৩৩ ।। ১ জমাদিউস সানি ১৪৪৮


দীনি কর্মক্ষেত্রে চাই উদার মানসিকতা ও প্রতিভার কদর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

|| মাওলানা আ ব ম সাইফুল ইসলাম ||

প্রতিভা মানবজাতির এক অমূল্য সম্পদ। প্রতিভাবান ব্যক্তি নিজ কর্মদক্ষতা ও মেধার জোরে সামনে এগিয়ে যেতে থাকেন । তার অগ্রযাত্রা দ্বারা কেবল তার নিজেরই উন্নতি সাধিত হয় না;  বরং তার কর্মদক্ষতা পুরো সমাজ ও জাতির জন্যই গৌরব বয়ে আনে। তাই এমন ব্যক্তিদের উৎসাহদান ও সহযোগিতা করা প্রতিটি সচেতন মানুষের নৈতিক  দায়িত্ব । দীনি ইলম ও দীনি খেদমতের বেলায় এরূপ উদারতা প্রদর্শনের জরূরত আরও অনেক বেশি।

প্রতিভার বিকাশ রাতারাতি হয়ে যায় না। এর জন্য দরকার  দীর্ঘ সাধনা, নিরলস পরিশ্রম, সৃজনশীলতা এবং ঝুঁকি নেওয়ার মানসিকতা। যখন একজন প্রতিভাবান ব্যক্তি নিজের কর্মদক্ষতা ও সততার মাধ্যমে সামনের দিকে এগিয়ে যান, তখন তিনি নতুন পথ ও নতুন সম্ভাবনা তৈরি করেন, যা পুরো সমাজের অগ্রগতির পথ সুগম করে। তা  বহু শূন্যতা পূরণ করে। এরূপ প্রোথিতযশা আলেমের দ্বারা দীনের এমন এমন খেদমত আঞ্জাম পেয়ে থাকে , যা অনেকের দ্বারাই করা সম্ভব হয় না অথচ তা করা অতীব জরুরি। অন্যথায় মানুষ দীনের অনেক গুরুত্বপূর্ণ বিষয়ে নির্দেশনা লাভ করতে পারে না । ফলে সেসব ক্ষেত্রে তাদের দ্বারা দীনের পথে চলা কঠিন হয়ে যায়। তাই দীনের এরূপ অঙ্গনে যারা কাজ করেন তাদের প্রতি কৃতজ্ঞ থাকা উচিত। তার সাফল্য ও সেবার স্বীকৃতি জ্ঞাপন করা উচিত। তা সেই কর্মবীর আমার সঙ্গী, সহপাঠী, ছাত্র কিংবা বয়:কনিষ্ঠ যে কেউ হোক। সুযোগ্য ব্যক্তি তরুণ বা বয়সে ছোট  বলে তাকে অবহেলা করাটা কোন যুক্তির কথা নয়। ছোটর অগ্রগতিতে ভূমিকা রাখাও তো বড়োর একটা কাজ।

কোনো প্রতিভাবান আলেম যখন তার কাজের স্বীকৃতি পান এবং চারপাশের মানুষের উৎসাহ লাভ করেন, তখন তার কাজের স্পৃহা বহুগুণ বেড়ে যায়। ফলে তার দ্বারা দীনের  অভূতপূর্ব খেদমত সাধিত হতে থাকে।

 হাঁ তার দ্বারা ত্রুটি বিচ্যুতি ঘটতেই পারে। ত্রুটি-বিচ্যুতি মানুষ মাত্রেরই হয়ে থাকে। তা শোধরানোর জন্য দরকার গঠনমূলক সমালোচনা। সে সমালোচনা গ্রহণ করারও মানসিকতা থাকা জরুরি। গঠনমূলক সমালোচনা করা এবং সে সমালোচনা গ্রহণ করার দ্বারা শুধু ওই ব্যক্তিটিই নন, গোটা সমাজই উপকৃত হতে পারে।

তাই দীনি কর্মক্ষেত্রে অন্যের সাফল্যে আনন্দিত হওয়া উচিত। কারণ আখেরে তাতে আমার নিজেরও দীনি স্বার্থ জড়িত।  আনন্দিত হওয়ার বদলে ঈর্ষান্বিত হয়ে পড়াটা কিছুতেই বাঞ্ছনীয় নয়। হীনম্মন্যতাজাত  ঈর্ষা অনেক সময় কুৎসা রটনা, অপপ্রচার বা ষড়যন্ত্রের রূপ নেয়। মনে রাখতে হবে  বদনাম করে বা পথ আটকে দেওয়ার চেষ্টা চালিয়ে না কোনও কর্মবীরকে স্থায়ীভাবে থামিয়ে দেওয়া যায় আর না তা দ্বারা নিজ অবস্থান উঁচুতে নেওয়া যায় । উল্টো এ ধরনের নেতিবাচক আচরণ দ্বারা কেবল প্রতিভাবান ব্যক্তিকেই  সাময়িকভাবে দমিত, ব্যথিত বা হতাশ করা হয় না, দীর্ঘমেয়াদে তা পুরো সমাজ ও জাতির জন্য ডেকে আনে অনেক বড় ক্ষতি। দীনের  ক্ষেত্রে সে ক্ষতির তো কোনও প্রতিকার হয় না। কাজেই এই সংকীর্ণতা থেকে বেরিয়ে আমাদের উদার মানসিকতার পরিচয় দিতে হবে।

বস্তুত অন্যের সাফল্যে আনন্দিত হওয়ার এবং তাকে আরও সামনে এগিয়ে যাওয়ার সুযোগ করে দেওয়ার মাঝেই প্রকৃত ঈমানদারি ও মনুষ্যত্ব নিহিত।

লেখক:  শায়খুল হাদিস, জামিয়াতুল উলুমিল ইসলামিয়া ঢাকা

এসএইচ/  


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ