খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আবদুল কাদের বলেছেন, ভারতের নির্মিত ফারাক্কা বাঁধ বাংলাদেশের জন্য মরণফাঁদে পরিণত হয়েছে। অভিন্ন নদীগুলোতে একের পর এক বাঁধ নির্মাণ করে ভারত যেভাবে পানি প্রত্যাহার করছে, তা বাংলাদেশের অস্তিত্ব, পরিবেশ ও অর্থনীতির জন্য বড় ধরনের হুমকি তৈরি করেছে।
শনিবার (১৬ মে) রাজধানীর পুরানা পল্টনের সীগাল কনফারেন্স হলে আয়োজিত ইসলামী যুব মজলিসের বার্ষিক কাউন্সিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ড. আহমদ আবদুল কাদের বলেন, ফারাক্কা বাঁধের কারণে বাংলাদেশ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে বিলিয়ন বিলিয়ন ডলারের অর্থনৈতিক ক্ষতির মুখে পড়ছে। নদীভিত্তিক অর্থনীতি, কৃষি, পরিবেশ ও কোটি মানুষের জীবিকা আজ হুমকির মুখে। ভারতের একতরফাভাবে পানি প্রত্যাহার বাংলাদেশের জন্য দীর্ঘমেয়াদি বিপর্যয় ডেকে আনছে বলেও মন্তব্য করেন তিনি।
তিনি আরও বলেন, পানি সংকটের কারণে দেশের বহু অঞ্চল ধীরে ধীরে অনুর্বর ও উষর ভূমিতে পরিণত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে, যার আলামত ইতোমধ্যে দৃশ্যমান।
সংগঠনের কেন্দ্রীয় সভাপতি তাওহীদুল ইসলাম তুহিনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাওলানা সোহাইল আহমদের পরিচালনায় অনুষ্ঠিত কাউন্সিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. মোস্তাফিজুর রহমান ফয়সল, অধ্যাপক মো. আব্দুল জলিল এবং অ্যাডভোকেট মাওলানা শায়খুল ইসলাম।
কাউন্সিলে দারসে কুরআন, বিভিন্ন শাখার প্রতিবেদন উপস্থাপন ও পর্যালোচনা, কেন্দ্রীয় কার্যক্রম মূল্যায়ন এবং কাউন্সিলরদের উন্মুক্ত মতবিনিময়সহ নানা কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ইসলামী ছাত্র মজলিসের কেন্দ্রীয় সভাপতি মো. রায়হান আলী, খেলাফত মজলিস ঢাকা মহানগরী উত্তরের সভাপতি অধ্যাপক মাওলানা সাইফুদ্দীন আহমদ খন্দকার এবং দাবানল শিল্পী গোষ্ঠীর পরিচালক মাওলানা কাওসার আহম সুহাইলসহ সংগঠনের কেন্দ্রীয় নেতারা।
আরএইচ/