নিজস্ব প্রতিবেদক
ইসলামিক ফাউন্ডেশনের নাম ব্যবহার করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত একটি ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি থেকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন। একই সঙ্গে প্রতারক চক্রের প্রলোভনে পড়ে কোনো ধরনের আর্থিক লেনদেন না করার জন্য সর্বসাধারণকে অনুরোধ করেছে সংস্থাটি।
রোববার (৫ জুলাই) ইসলামিক ফাউন্ডেশনের জনসংযোগ শাখা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ‘নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পে শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি–২০২৬’ শিরোনামে একটি নিয়োগ বিজ্ঞপ্তি ব্যাপকভাবে প্রচার করা হচ্ছে। বিষয়টি ইসলামিক ফাউন্ডেশনের নজরে এসেছে।
সংস্থাটি স্পষ্ট করে জানিয়েছে, প্রচারিত ওই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পূর্ণ ভুয়া, ভিত্তিহীন এবং বিভ্রান্তিকর। এ বিজ্ঞপ্তির সঙ্গে ইসলামিক ফাউন্ডেশনের কোনো ধরনের সম্পৃক্ততা নেই।
ইসলামিক ফাউন্ডেশন জানায়, তাদের সব ধরনের নিয়োগ বিজ্ঞপ্তি কেবল সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট এবং জাতীয় দৈনিক পত্রিকার মাধ্যমে প্রকাশ করা হয়। তাই সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত যেকোনো অননুমোদিত নিয়োগ বিজ্ঞপ্তির বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, একটি প্রতারক চক্র ভুয়া নিয়োগের প্রলোভন দেখিয়ে চাকরিপ্রার্থীদের কাছ থেকে অর্থ হাতিয়ে নেওয়ার চেষ্টা করছে। এ ধরনের প্রতারণা থেকে রক্ষা পেতে কাউকে কোনো অর্থ প্রদান না করা এবং সন্দেহজনক কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের সঙ্গে আর্থিক লেনদেন থেকে বিরত থাকার জন্য জনগণের প্রতি আহ্বান জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন।
এ বিষয়ে বিভ্রান্ত না হয়ে শুধুমাত্র ইসলামিক ফাউন্ডেশনের অনুমোদিত ও নির্ভরযোগ্য উৎস থেকে নিয়োগসংক্রান্ত তথ্য যাচাই করার পরামর্শও দিয়েছে প্রতিষ্ঠানটি।
আইও/