নিজস্ব প্রতিবেদক
এক দিনের সরকারি সফরে আগামীকাল শনিবার (২৯ আগস্ট) চট্টগ্রাম যাচ্ছেন সদ্য দায়িত্ব পাওয়া ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোহাম্মদ শামীম কায়সার এমপি। সফরকালে তিনি ইসলামিক ফাউন্ডেশনের বিভাগীয় কার্যালয় পরিদর্শনের পাশাপাশি চট্টগ্রামের তিনটি গুরুত্বপূর্ণ মাদরাসার অনুষ্ঠানে অংশ নেবেন।
সফরসূচি অনুযায়ী, শনিবার সকাল ৭টা ৩৫ মিনিটে এয়ার অ্যাস্ট্রার ফ্লাইটে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে ঢাকা ছাড়বেন তিনি। সকাল ৯টায় বিমানবন্দর থেকে সড়কপথে ইসলামিক ফাউন্ডেশন, চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের উদ্দেশে যাত্রা করবেন।
এরপর সকাল সাড়ে ১০টায় ইসলামিক ফাউন্ডেশনের কার্যালয় থেকে ফটিকছড়ির আল জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদরাসার উদ্দেশে রওনা হবেন। দুপুর ১২টায় সেখানে পৌঁছে নির্ধারিত অনুষ্ঠানে অংশ নেবেন ধর্ম প্রতিমন্ত্রী।
বিকেল ৩টায় বাবুনগর মাদরাসা থেকে হাটহাজারীর আল জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মুঈনুল ইসলামের উদ্দেশে যাত্রা করবেন তিনি। বিকেল ৩টা ৪৫ মিনিটে সেখানে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে তাঁর।
এরপর বিকেল ৫টায় হাটহাজারী থেকে আল জামিয়াতুল ইসলামিয়া হামিউচ্ছুন্নাহ মেখল মাদরাসার উদ্দেশে রওনা হয়ে সন্ধ্যা ৬টায় সেখানে অনুষ্ঠানে অংশ নেবেন প্রতিমন্ত্রী।
সন্ধ্যা ৭টায় মেখল মাদরাসা থেকে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে যাত্রা করবেন তিনি। রাত ৯টা ৩৫ মিনিটে এয়ার অ্যাস্ট্রার ফ্লাইটে চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশে রওনা হয়ে রাত সাড়ে ১১টার দিকে মালিবাগের বাসভবনে ফেরার কথা রয়েছে।
আইও/