শনিবার, ২০ জুন ২০২৬ ।। ৫ আষাঢ় ১৪৩৩ ।। ৫ মহর্‌রম ১৪৪৮


প্রতিবেশী দেশ মাদক ঢুকিয়ে ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংস করতে চায় : প্রতিমন্ত্রী টুকু


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, প্রতিবেশী দেশগুলো বিভিন্নভাবে বাংলাদেশে মাদক প্রবেশ করিয়ে যুবসমাজ ও ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংস করতে চায়।

শুক্রবার (১৯ জুন) বিকেলে টাঙ্গাইল সদর উপজেলার দাইন্যা চৌধুরী পশ্চিমপাড়া গ্রামে আয়োজিত ফুটবল টুর্নামেন্টে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

প্রতিমন্ত্রী বলেন, মাদক কোথা থেকে আসে এ বিষয়ে সবাই সচেতন। আশপাশের দেশগুলো থেকেই এসব মাদক প্রবেশ করছে। তারা চায় আমাদের দেশ দুর্বল ও পঙ্গু হয়ে যাক। তাই যার যার অবস্থান থেকে সবাইকে সচেতন ও ঐক্যবদ্ধ হতে হবে।

তিনি বলেন, কোনোভাবেই টাঙ্গাইল সদরে মাদক প্রবেশ করতে দেওয়া হবে না। আমরা মাদককে না বলব এবং খেলাধুলাকে স্বাগত জানাব। খেলাধুলার মাধ্যমে আগামী প্রজন্মকে মাদকমুক্ত যুবসমাজ হিসেবে গড়ে তুলতে হবে।

প্রতিমন্ত্রী টুকু আরও বলেন, শুধু অবকাঠামো উন্নয়ন করলেই হবে না। সুন্দর ঘর, রাস্তা, স্কুল-কলেজ তৈরি করেও লাভ নেই, যদি সেই সমাজের মানুষ ধ্বংস হয়ে যায়। তাই আগে মানসিকভাবে নিজেকে গড়ে তুলতে হবে।

তিনি বলেন, আমরা মাদক, কিশোর গ্যাং, চাঁদাবাজমুক্ত নিরাপদ টাঙ্গাইল চাই। নির্বাচনের আগে যা বলেছি, এখনও সেই লক্ষ্য নিয়েই কাজ করছি এবং ভবিষ্যতেও একই পথে থাকব।

টাঙ্গাইলের ক্রীড়া ঐতিহ্যের কথা তুলে ধরে তিনি বলেন, একসময় টাঙ্গাইলকে ক্রীড়ানগরী বলা হতো। এখান থেকে বহু খেলোয়াড় জাতীয় পর্যায়ে খেলেছেন। আজকের এই খেলার অংশগ্রহণকারীদের মধ্য থেকেও ভবিষ্যতে জাতীয় দলের খেলোয়াড় হবে বলে আমি আশা করি।

সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুন্দর বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানান সুলতান সালাউদ্দিন টুকু। পাশাপাশি আগামী পাঁচ বছরে উন্নয়নের তালিকায় টাঙ্গাইলকে শীর্ষ অবস্থানে দেখতে চান বলেও উল্লেখ করেন।

বাঘিল কে কে উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক লোকমান হোসেনের সভাপতিত্বে ফুটবল টুর্নামেন্টে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু, টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রুহুল আমিন, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুর রহমান খান শফিক, সদর থানা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক আজিম উদ্দিন বিপ্লব, দাইন্যা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. লাবলু মিয়া লাভু ও কেন্দ্রীয় যুবদলের সদস্য আব্দুল্লাহহেল কাফি শাহেদসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

জেডএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ