নিজস্ব প্রতিবেদক
জুলাই শহীদ-স্মরণ ও জুলাই চেতনা ধারণ করে লেখা ‘জুলাই’ গানটি নেটিজেনদের মন জয় করেছে। জনপ্রিয় কবি ও গীতিকার জিয়া হকের লেখা গানটিতে সুর ও কণ্ঠ দিয়েছেন শিল্পী আবু উবায়দা। গতকাল সোমবার (১০ জুলাই) দুপুরে আবু উবায়দার ফেসবুক পেইজে গানটির ডেমো প্রকাশের পরপরই গানটি ভাইরাল হয়। শিল্পীর ওয়াল থেকেই মাত্র কয়েক ঘন্টায় গানটি প্রায় আট লাখ ভিউ হয়েছে।
শিল্পী আবু উবায়দা বলেন, ‘জুলাই সেই আগুন, সেই অস্থিরতা, সেই না বলা কথা, সেই চোখের ভাষা, যা সময় পেরিয়ে গেলেও মুছে যায় না। ভয়, সাহস, হারানো আশা আর ফিরে দাঁড়ানোর অনুভূতিগুলোকে একসাথে ধরে রাখার ছোট্ট একটি চেষ্টা এই গান। আশা করি গানটি সকল শ্রেণি-পেশার মানুষকে বিমোহিত করবে। জুলাইয়ের চেতনা ধারণে দারুণ সহায়ক হবে ‘জুলাই’ গানটি।’
কবি জিয়া হক বলেন, ‘জুলাই গানটি শুনলে মনে হবে নিজের একান্ত মনের কথাই শুনেছেন। শ্রোতারা জুলাইয়ের চেতনা ধারণে বারবার গানটির কাছে ফিরে আসবে। গানটি জুলাইয়ের একটি ঐতিহাসিক দলিল হিসেবে টিকে থাকবে বলে আমাদের বিশ্বাস। ’জুলাই’য়ের ডেমো রিলিসের পর হাজার হাজার টেক্সট পাচ্ছি। অনেক মানুষ আবেগতাড়িত হয়ে পড়ছেন। ভালো লাগার, ভালোবাসার কথা জানাচ্ছেন। এটা অবশ্যই একজন লেখকের জন্য ভালো খবর।’
জিয়া হক আরও বলেন, ‘জুলাই গানটির কিছু লাইন শ্রোতাদের মনে দাগ কেটেছে। বিশেষ করে গানের এই লাইনগুলো ব্যাপক সাড়া ফেলেছে। জুলাই আমার বুকের ভেতর ইনকিলাবের ফুল/ জুলাই আমার জিন্দাবাদের ইনসাফ দুলদুল/ জুলাই আমার নাম-পরিচয়— হুজুর হুজুর না না/ জুলাই আমার প্রতিবাদের প্রতিরোধের ডানা।’
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরিফ ওসমান হাদিকে কেন্দ্র করে কবি জিয়া হকের লেখা ‘হাদির জিন্দাবাদ’, ‘হাদি তুই ফিরে আয়’, ‘মাহদির ঝংকার’, ‘কোটি হাদির ডাক’সহ বিপ্লবী সবকটি কবিতা ও গান সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছিল। কবিতা ও গান মিলিয়ে মিলিয়ন মিলিয়ন ভিউ অর্জন করেছে, যা তখন আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছিল।
আরএইচ/