বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ ।। ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৫ জিলহজ ১৪৪৭


বাংলাদেশের হজ ব্যবস্থাপনায় সৌদি হজমন্ত্রীর ভূয়সী প্রশংসা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

বাংলাদেশের এ বছরের হজ ব্যবস্থাপনায় দক্ষতা ও সুশৃঙ্খলতার ভূয়সী প্রশংসা করেছেন সৌদি হজ ও উমরাহ মন্ত্রী ড. তৌফিক বিন ফাউজান আল রাবিয়াহ। 

বুধবার (১০ ‍জুন) সকালে সৌদি আরবের রিয়াদে দ্য পিলগ্রিমস এক্সপেরিয়েন্স প্রোগ্রাম সেন্টারে বাংলাদেশের ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদের সঙ্গে এক দ্বিপক্ষীয় বৈঠকে তিনি এ প্রশংসা করেন।

বৈঠকে সৌদি হজমন্ত্রী ২০২৬ সালের হজ ব্যবস্থাপনায় বাংলাদেশ সরকারের ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সামগ্রিক কার্যক্রমের প্রশংসা করেন এবং আন্তরিক নেতৃত্বের মাধ্যমে সেবা প্রদানের জন্য ধর্মমন্ত্রীকে অভিনন্দন জানান। পাশাপাশি তিনি ধর্মমন্ত্রীর মাধ্যমে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকেও আন্তরিক ধন্যবাদ জানান।

সৌদি হজমন্ত্রী আগামীতে হজ ব্যবস্থাপনার সার্বিক উন্নয়নে বাংলাদেশের সহযোগিতা কামনা করেন এবং ২০২৭ সালের হজ ব্যবস্থাপনা আরও উন্নত করতে সৌদি সরকারের গৃহীত বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরেন।

অন্যদিকে, ধর্মমন্ত্রী কায়কোবাদ হজ ব্যবস্থাপনার অভূতপূর্ব উন্নয়নের জন্য সৌদি সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। হজযাত্রীদের নিরাপত্তা, যানচলাচল নিয়ন্ত্রণ, ভিড় ব্যবস্থাপনা, তথ্যপ্রযুক্তির ব্যবহার এবং মাশায়েরে হাজী সেবার মাধ্যমে হজ পালনের সহায়ক পরিবেশ তৈরির জন্য তিনি সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ, ক্রাউন প্রিন্স ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান এবং সৌদি হজমন্ত্রীকে বিশেষভাবে ধন্যবাদ জানান। হজ ব্যবস্থাপনার উন্নয়নে বাংলাদেশ সৌদি সরকারের পাশে থাকবে বলেও আশ্বাস দেন তিনি।

বৈঠকে সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ দেলওয়ার হোসেন, কাউন্সিলর (হজ) মো. কামরুল ইসলামসহ উভয় মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আইও


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ