শনিবার, ২৩ মে ২০২৬ ।। ৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
পশ্চিমবঙ্গে মুসলিম নির্যাতনের প্রতিবাদে কোটচাঁদপুরে হেফাজতের বিক্ষোভ মিছিল খাগড়াছড়িতে ক্বওমি মাদ্রাসা ও ওলামা ঐক্য পরিষদের নবীন আলেম সংবর্ধনা অনুষ্ঠিত হজ করতে সৌদি আরব গেলেন সেনা প্রধান সিলেট-৫ আসনের সাবেক এমপির শয্যাপাশে মুফতি আবুল হাসান রাত ১টার মধ্যে ১১ অঞ্চলে কালবৈশাখী ঝড়ের শঙ্কা প্রধানমন্ত্রীর সঙ্গে সিটি করপোরেশনের প্রশাসকদের বৈঠক হরমুজে ইরানের নিয়ন্ত্রণ নিয়ে কঠোর সতর্কতা আমিরাতের ‘দ্রুতবিচারের দাবিকে মধ্যযুগীয় বলে জনতার সঙ্গে উপহাস করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী’ মসজিদে হারামের খুতবায় হজের পবিত্রতা ও শৃঙ্খলা রক্ষার আহ্বান ‘ধর্ষকের প্রকাশ্য মৃত্যুদণ্ডকে মধ্যযুগীয় বলা ইসলামি মূল্যবোধের প্রতি অবজ্ঞা’

শোলাকিয়া ঈদগাহে দৃষ্টিনন্দন ফটক নির্মাণকাজের উদ্বোধন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দানে নতুন একটি দৃষ্টিনন্দন প্রধান ফটক নির্মাণকাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১২ মে) বিকেলে ভিত্তিপ্রস্তর স্থাপনের মাধ্যমে এ প্রকল্পের কাজের সূচনা করেন কিশোরগঞ্জ জেলা পরিষদের প্রশাসক খালেদ সাইফুল্লাহ সোহেল খান (ভিপি সোহেল)।

জেলা পরিষদের উদ্যোগে বাস্তবায়নাধীন এই প্রকল্পকে ঘিরে পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশ তৈরি হয়। উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, প্রশাসনের কর্মকর্তা, গণমাধ্যমকর্মী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে জানানো হয়, চলতি বছরের ঈদুল ফিতরে অনুষ্ঠিত ১৯৯তম শোলাকিয়া ঈদের জামাতে জেলা পরিষদ প্রশাসক ভিপি সোহেল ঈদগাহ ময়দানে আধুনিক ও নান্দনিক একটি ফটক নির্মাণের ঘোষণা দিয়েছিলেন। সেই ঘোষণার ধারাবাহিকতায় দ্রুত প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন করে দরপত্র ও বাজেট অনুমোদনের মাধ্যমে প্রকল্পটি বাস্তবায়নের কাজ শুরু করা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ঈদের পরপরই অল্প সময়ের মধ্যেই প্রয়োজনীয় প্রক্রিয়া শেষ করে নির্মাণকাজ শুরু হওয়ায় স্থানীয়দের মধ্যে ইতিবাচক প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দান বাংলাদেশের অন্যতম বৃহৎ ও প্রাচীন ঈদ জামাতস্থল হিসেবে পরিচিত। কিশোরগঞ্জ শহরের পূর্ব প্রান্তে নরসুন্দা নদীর তীরে প্রায় সাত একর জায়গাজুড়ে বিস্তৃত এই ঈদগাহে ২৬৫টি কাতারে লক্ষাধিক মুসল্লি একসঙ্গে নামাজ আদায় করতে পারেন।

ঐতিহাসিক তথ্যমতে, ১৮২৮ সালে সুফি সৈয়দ আহমেদের উদ্যোগে এখানে প্রথম ঈদের জামাত অনুষ্ঠিত হয়। প্রায় দুই শতাব্দীর ঐতিহ্যবাহী এই ঈদগাহে প্রতিবছর ঈদুল ফিতর ও ঈদুল আজহার নামাজে দেশের বিভিন্ন অঞ্চল থেকে বিপুল সংখ্যক মুসল্লি অংশ নেন। এ সময় নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনী বিশেষ ব্যবস্থা গ্রহণ করে থাকে।

স্থানীয়রা মনে করছেন, নতুন ফটক নির্মিত হলে শোলাকিয়া ঈদগাহের সৌন্দর্য, আধুনিকতা ও দর্শনার্থীদের প্রবেশ ব্যবস্থা আরও উন্নত হবে। পাশাপাশি দেশের অন্যতম ঐতিহ্যবাহী এই ধর্মীয় স্থানের মর্যাদা আরও বৃদ্ধি পাবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা জামায়াতের আমির অধ্যাপক রমজান আলী, বিএনপি নেতা মাসুদুর রহমান মাসুদ, জমিয়ত নেতা মাওলানা মোহাম্মাদুল্লাহ জামী, করিমগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সাইফুল ইসলাম সুমন, শোলাকিয়া ঈদগাহ মাঠের প্রধান ইমাম আবুল খায়ের মোহাম্মদ সাইফুল্লাহ এবং সাবেক কমিশনার সুলতান আহমেদ প্রমুখ।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ