জ্বালানি সংকট মোকাবেলায় করণীয় নির্ধারণে সরকার ও বিরোধী দল এক সাথে কাজ করতে চায়। এজন্য জাতীয় সংসদে ১০ সদস্য বিশিষ্ট বিশেষ কমিটি গঠন করা হয়েছে। সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারি দলের পাঁচজন ও বিরোধী দলের পাঁচজনকে নিয়ে এ কমিটি গঠনের প্রস্তাব উত্থাপন করলে স্পিকার তা অনুমোদন করেন।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বিকেলে জাতীয় সংসদে গঠিত এই কমিটিতে স্থান পেয়েছেন সিলেট-৫ আসনে খেলাফত মজলিস থেকে নির্বাচিত সংসদ সদস্য মুফতি আবুল হাসান।
বিদ্যুৎ জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে প্রধান করে গঠিত কমিটিতে প্রধানমন্ত্রী প্রস্তাবিত সরকারি দলের পাঁচ সদস্যের অন্যরা হলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, সরকার দলীয় হুইপ এ বি এম আশরাফ উদ্দিন (নিজান) এবং সংসদ সদস্য প্রকৌশলী মাইনুল ইসলাম খান শান্ত ও মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু।
আর বিরোধী দল থেকে অন্য সদস্যরা হলেন ঢাকা-১২ আসনের এমপি সাইফুল আলম খান, চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের এমপি নুরুল ইসলাম, ঢাকা-১৬ আসনের এমপি আব্দুল বাতেন, কুমিল্লা-৪ আসনে এমপি হাসনাত আব্দুল্লাহ।
অধিবেশনে বেসরকারি সদস্যদের সিদ্ধান্ত প্রস্তাব নিয়ে আলোচনা শেষে ফ্লোর নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, দেশের চলমান পরিস্থিতি নিয়ে বুধবার বিরোধীদলীয় নেতা একটি প্রস্তাব উপস্থাপন করেছিলেন। আমরা সবাই আলোচনা করে একমত হয়েছিলাম, কারণ এটি একটি বৈশ্বিক সমস্যা। সারাবিশ্বে এ সমস্যার তার ছড়িয়ে পড়েছে। বিরোধীদলীয় নেতা উনার বক্তব্যে যে উদ্বেগ প্রকাশ করেছেন, তা যৌক্তিক। তারা প্রস্তাব দিয়েছিলেন যে সরকারি ও বিরোধী দল মিলে একসাথে কাজ করতে পারি। সেই প্রেক্ষাপটেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) দেশের স্বার্থে এই আলোচনার সিদ্ধান্ত নিয়েছে।
প্রধানমন্ত্রী বলেন, এ বিষয়ে করণীয় নির্ধারণে আমাদের পক্ষ থেকে একটি কমিটির প্রস্তাব করছি। আমরা পাঁচ সদস্যের নাম দিচ্ছি। বিরোধী দলকে অনুরোধ করব তারাও যদি পাঁচটি নাম দেয়, তাহলে এই ১০ জন সদস্য বসে আলোচনা করতে পারে। কোনো পরামর্শ থাকলে এই কমিটির মাধ্যমে সেটি সরকারের কাছেও আসবে। সরকার তা কার্যকর করার উদ্যোগ নেবে। দেশের মানুষের স্বার্থে যেকোনো বিষয়ে, যে কারো সাথে আলোচনার পথ উন্মুক্ত থাকবে।
এই প্রস্তাবের পর টেবিল চাপড়ে সমর্থন জানান উপস্থিত সংসদ সদস্যরা। তখন প্রধানমন্ত্রী আরো বলেন, কমিটির সুপারিশ যাতে বাস্তবায়নের মুখ দেখতে পারে, সেজন্য জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদকে সভাপতি করার প্রস্তাব করা হচ্ছে।
জেডএম/
