তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী এবং ময়মনসিংহ-৯ (নান্দাইল) আসনের সংসদ সদস্য ইয়াসের খান চৌধুরী বলেছেন, মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই। পর্যাপ্ত পরিমাণ পেট্রল সরকারের কাছে মজুত আছে। কিন্তু এ নিয়ে কিছু গুজব আছে, তাই অনেকেই জ্বালানি মজুত করার চেষ্টা করছে। কোথাও জ্বালানি তেলের সংকট দেখা দিলে তা নজরদারির আওতায় আনা হবে। এ ব্যাপারে সরকারের অভিযান অব্যাহত আছে।
সোমবার (৯ মার্চ) দুপুরে ময়মনসিংহ জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
এ সময় প্রতিমন্ত্রী আরও বলেন, দেশের সব গণমাধ্যম স্বাধীনভাবে কাজ করবে এটাই সরকারের প্রত্যাশা। সরকার চায় গণমাধ্যম দায়িত্বশীলতার সঙ্গে স্বাধীনভাবে কাজ করুক এবং সমাজের বিভিন্ন অসংগতি তুলে ধরুক। তাই সাংবাদিকদের নিয়ে নতুন করে নীতিমালা করার ক্ষেত্রে সাংবাদিক সমাজসহ সংশ্লিষ্টদের মতামত নিয়ে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে। তবে কেউ যদি কোনো ব্যক্তি বা গণমাধ্যমের নাম ব্যবহার করে অপকর্ম করে বা সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া আইডি পরিচালনা করে, তাহলে সংক্ষুব্ধ ব্যক্তি আইনের আশ্রয় নিতে পারেন।
সভায় তথ্য প্রতিমন্ত্রী প্রশাসনকে জেলায় জুয়া, মাদক ও কিশোর গ্যাং দমনে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। এ সময় অবৈধ পার্কিং বন্ধ, অবৈধভাবে দখল করা জায়গা ও দোকান উচ্ছেদ এবং অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধার কার্যক্রম জোরদার করার তাগিদ দিয়ে বলেন, ময়মনসিংহ শহরের যানজটের মূল কারণ রাস্তার সংকট নয় বরং ব্যবস্থাপনার ঘাটতি। অবৈধ স্থাপনা উচ্ছেদ এবং যানবাহন নিয়ন্ত্রণে প্রশাসনকে কার্যকর পদক্ষেপ নিতে হবে এবং এ ক্ষেত্রে রাজনৈতিক দলসহ সবাইকে সহযোগিতা করতে হবে।
সভায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এবং ময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসনের সংসদ সদস্য এম ইকবাল হোসাইন বলেন, আইনশৃঙ্খলার কাজ আইনশৃঙ্খলা বাহিনীরই করতে হবে, আমরা শুধু সহযোগিতা করতে পারব। আমরা রাজনৈতিক পরিচয়ে পাবলিক অ্যাওয়ারনেস করতে পারব। কিন্তু কাজের দায়িত্বটা আপনাদের নিতে হবে। আমি আশা করব আপনারা আজকে থেকেই একটু শক্ত হোন, কঠোর হন। ক্রিমিনাল ধরেন। এতে আমাদের পক্ষ থেকে কোনো সুপারিশ থাকবে না।
জেলা প্রশাসক সাইফুর রহমানের সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার এম. ইকবাল হোসেইন এমপি, ময়মনসিংহ-৪ (সদর) আসনের এমপি আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ, ময়মনসিংহ-৫ (মুক্তাগাছা) আসনের এমপি জাকির হোসেন বাবলু, ময়মনসিংহ-৬ (ফুলবাড়ীয়া) আসনের এমপি কামরুল হাসান মিলন এবং ময়মনসিংহ-১০ (গফরগাঁও-পাগলা) আসনের এমপি মো. আক্তারুজ্জামান বাচ্চু, ময়মনসিংহ-১ (হালুয়াঘাট-ধোবাউড়া) আসনের এমপি সালমান ওমর রুবেল, ময়মনসিংহ-২ (তারাকান্দা-ফুলপুর) আসনের এমপি মুফতি মুহাম্মাদুল্লাহ, ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদার, দক্ষিণ জেলা বিএনপির সদস্যসচিব রোকনুজ্জামান সরকার রোকন, পুলিশ সুপার মো. মিজানুর রহমানসহ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য এবং বিভিন্ন সরকারি দফতরের প্রতিনিধিরা।
আইএইচ/