আন্তর্জাতিক ডেস্ক
পবিত্র ওমরাহ পালনের পর পবিত্র কাবার ভেতরে প্রবেশ করে নামাজ আদায় করেছেন নাইজেরিয়ার প্রেসিডেন্ট বোলা আহমেদ টিনুবু। সোমবার (২ নভেম্বর) মক্কায় তাঁকে এ বিরল সম্মান দেওয়া হয়।
সৌদি বাদশাহ ও দুই পবিত্র মসজিদের খাদেম সালমান বিন আবদুল আজিজ এবং যুবরাজ মুহাম্মদ বিন সালমানের বিশেষ অনুমতিক্রমে প্রেসিডেন্ট টিনুবু ও তাঁর সফরসঙ্গীরা পবিত্র কাবার অভ্যন্তরে প্রবেশের সুযোগ পান।
এ বিরল সুযোগ পেয়ে সৌদি নেতৃত্বের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন টিনুবু। অভিজ্ঞতাটিকে ঐতিহাসিক ও অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে অভিহিত করেন তিনি।
কাবার ভেতরে নামাজ আদায়ের সময় নাইজেরিয়ার জনগণের সেবা অব্যাহত রাখতে আল্লাহর কাছে প্রজ্ঞা ও দৃঢ়তা কামনা করেন টিনুবু। একই সঙ্গে দেশের সমৃদ্ধি এবং তরুণ প্রজন্মের জন্য আরও বেশি সুযোগ সৃষ্টির দোয়াও করেন তিনি।
এর আগে গত ৩০ অক্টোবর সৌদি আরবে সরকারি সফরকালে পবিত্র ওমরাহ পালন করেন নাইজেরিয়ার প্রেসিডেন্ট। ২০২৩ সালের মে মাসে প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণের পর এটি তাঁর দ্বিতীয় ওমরাহ পালন।
সূত্র: ইসলামিক ইনফরমেশন
এসএইচ/