মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬ ।। ২৭ শ্রাবণ ১৪৩৩ ।। ২৮ সফর ১৪৪৮


যুক্তরাজ্যে প্রবাসীদের সামার ট্রিপে অতিথি মুফতি আবুল হাসান এমপি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক

যুক্তরাজ্যে বসবাসরত জকিগঞ্জবাসীদের সংগঠন জকিগঞ্জ অ্যাসোসিয়েশন ইউকের উদ্যোগে বর্ণাঢ্য সামার ট্রিপ অনুষ্ঠিত হয়েছে। গত ৯ আগস্ট লন্ডনের অদূরে সমুদ্রসৈকতকেন্দ্রিক এ শিক্ষা সফর ও আনন্দভ্রমণে সাড়ে তিন শতাধিক প্রবাসী জকিগঞ্জবাসী স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।

দিনব্যাপী এ আয়োজনে ছিল সুস্বাদু খাবার ও স্ন্যাকস, সাংস্কৃতিক অনুষ্ঠান, ইসলামি নাশীদ, খেলাধুলা, শিশু-কিশোরদের জন্য বিভিন্ন বিনোদনমূলক কার্যক্রম এবং দিকনির্দেশনামূলক ধর্মীয় আলোচনা। প্রকৃতির মনোরম পরিবেশে পরিবার-পরিজন নিয়ে সময় কাটানোর পাশাপাশি প্রবাসীদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধন আরও দৃঢ় হয়।

এবারের সামার ট্রিপের প্রধান আকর্ষণ ছিলেন জকিগঞ্জ-কানাইঘাটের সংসদ সদস্য মুফতি আবুল হাসান। প্রধান অতিথি হিসেবে তিনি অনুষ্ঠানে যোগ দেন। এটি ছিল তাঁর জীবনের প্রথম ইংল্যান্ড সফর। দিনব্যাপী প্রবাসী জকিগঞ্জবাসীদের সঙ্গে সময় কাটিয়ে তিনি জকিগঞ্জ অ্যাসোসিয়েশন ইউকের কার্যক্রমের প্রশংসা করেন।

মুফতি আবুল হাসান বলেন, বিভিন্ন শহরে বসবাসরত প্রবাসী জকিগঞ্জবাসীদের একটি প্ল্যাটফর্মে একত্রিত করার ক্ষেত্রে জকিগঞ্জ অ্যাসোসিয়েশন ইউকের ভূমিকা প্রশংসনীয়।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন জকিগঞ্জ অ্যাসোসিয়েশন ইউকের সাবেক সভাপতি ও ক্রয়ডন কাউন্সিলের সাবেক মেয়র শেরওয়ান চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ইসলামী মিডিয়া ভাষ্যকার ও সংগঠনের উপদেষ্টা মুফতি আব্দুল মুনতাকিম। তিনি যাত্রীদের উদ্দেশে বক্তব্য দেওয়ার পাশাপাশি যাওয়া-আসার পথে নাশীদ ও নাতে রাসুল পরিবেশন করে আয়োজনকে প্রাণবন্ত করে তোলেন।

চারটি সুপরিসর কোচ ও বেশ কয়েকটি ব্যক্তিগত গাড়িতে করে সাড়ে তিন শতাধিক প্রবাসীর অংশগ্রহণে আয়োজিত এ সামার ট্রিপকে জকিগঞ্জ প্রবাসীদের জন্য ব্যতিক্রমী ও নজিরবিহীন আয়োজন হিসেবে উল্লেখ করেন অংশগ্রহণকারীরা।

আয়োজন সফল করতে জকিগঞ্জ অ্যাসোসিয়েশন ইউকের সাধারণ সম্পাদক আবুল হুসেইনের আন্তরিক প্রচেষ্টা ও দীর্ঘমেয়াদি পরিকল্পনার প্রশংসা করেন উপস্থিত সবাই। পাশাপাশি সংগঠনের সহসভাপতি জয়নুল আবেদীন, মাওলানা হাফেজ এনামুল হক, মাওলানা মুফতি আবদুর রাজ্জাক, শায়খ কাজী আবদুর রহমান, আখতারুজ্জামান, কোষাধ্যক্ষ কাজী মাওলানা এমদাদ, সাংগঠনিক সম্পাদক কাজী খালেদ, ক্রীড়া সম্পাদক গুলজার আহমদ, সহকারী অর্থ সম্পাদক কামরুল ইসলাম এবং ইসি সদস্য গোলাম মর্তুজা চৌধুরী ইকবালসহ সংশ্লিষ্টদের ভূমিকার কথাও উল্লেখ করেন আয়োজকরা।

সামার ট্রিপে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাউন্সিলর আয়াস মিয়া, বাংলাদেশ থেকে আগত খেলাফত মজলিস নেতা মুনতাসির আলী, ইউকে খেলাফত মজলিসের দায়িত্বশীল মাওলানা সাদিকুর রহমান, রিজেন্ট পার্ক সেন্ট্রাল মসজিদের ইমাম শায়খ কাজী লুৎফুর রহমান, মাওলানা আনিসুর রহমান, কামাল এমসি রাহমানসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিরা।

আনন্দভ্রমণে অংশ নেওয়া প্রবাসীরা নীল আকাশ, সমুদ্রের উত্তাল তরঙ্গ, সবুজ প্রকৃতি ও সোনালি ফসলের মনোরম দৃশ্য উপভোগ করেন। দিনভর আনন্দ-উচ্ছ্বাস, পারস্পরিক সৌহার্দ্য ও আত্মিক প্রশান্তির মধ্য দিয়ে শেষ হয় জকিগঞ্জ অ্যাসোসিয়েশন ইউকের এ সামার ট্রিপ।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ