আগামী হজের জন্য নিবন্ধন চলছে। এরই মাঝে বিভিন্ন মহল থেকে দাবি উঠেছে পবিত্র হজের খরচ কমানোর। দাবির অংশ হিসেবে অন্তর্বর্তী সরকারের ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেনের কাছে হজের খরচ কমানোর জন্য চিঠি দিয়েছেন জামিয়াতুল ইসলামিয়া ইদারাতুল উলুম আফতাবনগরের প্রিন্সিপাল, জাতীয় দ্বীনি মাদরাসা শিক্ষাবোর্ড বাংলাদেশের মহাসচিব ও কওমি মাদরাসার নিয়ন্ত্রক সংস্থা আল হাইআতুল উলইয়া লিল জামিআতিল কওমিয়া বাংলাদেশের সদস্য মুফতি মোহাম্মাদ আলী।
চিঠিতে তিনি হজের খরচ ৪ লাখ কমানোর দাবি উত্থাপন করেন এবং কোন খাতে কত টাকা খরচ হয়, তারও একটি নমুনা পেশ করেন।
চিঠিতে মুফতি মোহাম্মাদ আলী দাবি করেন, ‘বাংলাদেশের মুসলমান অত্যন্ত ধর্মপরায়ণ। তাই নামাজ-রোজা আদায়ের সঙ্গে সঙ্গে হজ পালনের প্রতি তারা অধীর আগ্রহী ও আবেগপ্রবণ। কিন্তু হজের খরচ অতিমাত্রায় বৃদ্ধি হওয়ার কারণে, অনেকের জন্য হজপালন কঠিন হয়ে পড়েছে। সুতরাং যদি হজের খরচ কিছুটা কমিয়ে আনা সম্ভব হয়, তাহলে অনেকের জন্য হজপালন করা সহজ হবে।’