সোমবার, ১৬ মার্চ ২০২৬ ।। ১ চৈত্র ১৪৩২ ।। ২৭ রমজান ১৪৪৭


এবারের মেলায় বিক্রি হয়েছে ১৭ কোটি টাকার বই

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

এবারের অমর একুশে বইমেলায় ১৭ দিনে ১৭ কোটি টাকার বই বিক্রি হয়েছে। এর মধ্যে বাংলা একাডেমি অংশে বিক্রি হয়েছে ১৭ লাখ ৪ হাজার ৬২৯ টাকার বই।

রোববার (১৫ মার্চ) বিকেলে অমর একুশে বইমেলার সমাপনী অনুষ্ঠানে এসব তথ্য জানান বইমেলা উদযাপন কমিটির সদস্য সচিব ড. সেলিম রেজা।

সদস্য সচিব জানান, এবার ১৪ মার্চ পর্যন্ত ১৭৭১টি নতুন বই মেলার তথ্যকেন্দ্রে জমা হয়েছে। প্রকাশিত সকল বই তথ্যকেন্দ্রে জমা না হওয়ায় প্রকাশিত নতুন বইয়ের প্রকৃত সংখ্যা জানা সম্ভব হয়নি। নিবন্ধনকৃত মোট মোড়ক উন্মোচিত বইয়ের সংখ্যা ২৫২টি।

ড. সেলিম রেজা জানান, বইমেলায় অংশগ্রহণকারী সর্বমোট ৫৮৪টি প্রতিষ্ঠানের মধ্যে ১৪টি মিডিয়া ও স্বাস্থ্য সেবাকারী প্রতিষ্ঠান, প্রকাশনা প্রতিষ্ঠান ৫৭০টি। 

এর মধ্যে ২৬৯টি প্রকাশনা প্রতিষ্ঠান থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, ১৭ দিনে তাদের মোট বিক্রির পরিমাণ ৭ কোটি টাকা। সেক্ষেত্রে গড় হিসেবে ৫৭০টি প্রতিষ্ঠানের বিক্রির পরিমাণ দাঁড়ায় ১৭ কোটি টাকা।

তিনি বলেন, ‘সরকারের সিদ্ধান্ত অনুযায়ী বরাদ্দপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলোর স্টল ভাড়া সম্পূর্ণরূপে মওকুফ করা হয়েছে। যে সকল প্রতিষ্ঠান স্টল ভাড়ার অর্থ বাবদ অর্থ জমা দিয়েছেন, তাদের জমাকৃত অর্থ ফেরত দেওয়া হচ্ছে।’

অনুষ্ঠানে বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ আজম বলেন, মেলা শুরু করার আগে প্রকাশকদের মধ্যে নানা মতবিরোধ ছিল। তবুও মেলার শেষ পর্যায়ে এসেছি। এবারের বইমেলা ছিল ১৮ দিনের।

তিনি বলেন, আয়োজক প্রতিষ্ঠান বইমেলা নিয়ে কোনো জটিলতা তৈরি করেনি, এটি ছিল বাস্তবতা। অনেকেই অবান্তর তীর্যক মন্তব্য করেছেন, এটি ঠিক নয়। আমাদের পক্ষ থেকে আন্তরিকতার কোনো কমতি ছিল না।

এসময় অনুষ্ঠানে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরীসহ লেখক ও প্রকাশকরা উপস্থিত ছিলেন।

 এমএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ