|| শরিফ হাসানাত ||
আকাশজুড়ে কালো মেঘের আনাগোনা। মেঘের গর্জন আর টুপটাপ বৃষ্টির শব্দ—প্রকৃতির এই দৃশ্য মানুষের মনে এক অন্য রকম অনুভূতি জাগায়। কখনো প্রচণ্ড গরমের পর স্বস্তি হয়ে নামে বৃষ্টি। কখনো শুকনো মাটিকে সজীব করে তোলে। আবার কখনো মানুষের জীবন ও জীবিকার নতুন আশার দুয়ার খুলে দেয়। তবে একজন মুমিনের কাছে বৃষ্টি মহান আল্লাহ তাআলার অসীম কুদরত, রহমত ও নিয়ামতের এক জীবন্ত নিদর্শন।
পবিত্র কোরআনে মহান আল্লাহ বৃষ্টিকে তাঁর রহমতের নিদর্শন হিসেবে উল্লেখ করেছেন। তিনি বলেন,
وَهُوَ الَّذِي يُنَزِّلُ الْغَيْثَ مِنْ بَعْدِ مَا قَنَطُوا وَيَنْشُرُ رَحْمَتَهُ
‘তিনিই মানুষের নিরাশ হয়ে যাওয়ার পর বৃষ্টি বর্ষণ করেন এবং তাঁর রহমত ছড়িয়ে দেন।’ (সূরা আশ-শুরা, আয়াত: ২৮)
সত্যিই, দীর্ঘদিন বৃষ্টি না হলে মাঠের ফসল শুকিয়ে যায়। নদী-নালা পানিশূন্য হয়ে পড়ে। প্রকৃতি হারায় তার সজীবতা। মানুষ যখন বৃষ্টির অপেক্ষায় থাকে, তখন এক পশলা বৃষ্টি নতুন করে আশার সঞ্চার করে। আল্লাহ তাআলা তাঁর অসীম দয়ায় আকাশ থেকে পানি বর্ষণ করেন এবং মৃতপ্রায় জমিনকে আবার জীবিত করে তোলেন।
পবিত্র কোরআনের অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন,
وَنَزَّلْنَا مِنَ السَّمَاءِ مَاءً مُّبَارَكًا فَأَنۢبَتْنَا بِهِ جَنَّاتٍ وَحَبَّ الْحَصِيدِ
‘আর আমি আকাশ থেকে বরকতময় পানি বর্ষণ করি। অতঃপর তা দিয়ে উদ্যানরাজি ও কর্তনযোগ্য শস্য উৎপন্ন করি।’ (সূরা কাফ, আয়াত: ৯)
একটু ভেবে দেখুন, আকাশ থেকে ঝরে পড়া এই পানি কতভাবে আমাদের জীবনকে বাঁচিয়ে রাখে! কৃষকের ফসল, গাছপালার সতেজতা, পশুপাখির জীবন, নদী-নালা ও জলাশয়ের অস্তিত্ব—সবকিছুর সঙ্গে বৃষ্টির গভীর সম্পর্ক। অথচ এই নিয়ামতের কথা আমরা অনেক সময় ভুলে যাই।
বৃষ্টির সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের আমল
বৃষ্টি হলে একজন মুমিনের মনে আল্লাহর প্রতি কৃতজ্ঞতা ও ভালোবাসা আরও গভীর হওয়া উচিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বৃষ্টিকে আল্লাহর রহমত হিসেবে গ্রহণ করতেন। হজরত আনাস ইবনে মালিক (রা.) বর্ণনা করেন, একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জীবদ্দশায় বৃষ্টি শুরু হলে তিনি নিজের শরীরের কিছু অংশ বৃষ্টির পানিতে ভিজিয়েছিলেন। তাঁকে এর কারণ জিজ্ঞেস করা হলে তিনি বলেন,
لِأَنَّهُ حَدِيثُ عَهْدٍ بِرَبِّهِ
‘কারণ, এটি সদ্য তার রবের কাছ থেকে এসেছে।’ (সহিহ মুসলিম, হাদিস: ৮৯৮)
বৃষ্টির প্রতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের দৃষ্টিভঙ্গি কত সুন্দর ছিল। তিনি বৃষ্টিকে কেবল পানির ধারা হিসেবে দেখেননি। আল্লাহর পক্ষ থেকে আসা রহমত হিসেবে মূল্যায়ন করেছেন।
বৃষ্টি শুরু হলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম একটি দোয়া পড়তেন,
اللَّهُمَّ صَيِّبًا نَافِعًا
‘হে আল্লাহ! এই বৃষ্টিকে উপকারী বৃষ্টি বানিয়ে দিন।’ (সহিহ বুখারি, হাদিস: ১০৩২)
দোয়াটি ছোট, কিন্তু এর আবেদন অনেক গভীর। কারণ, সব বৃষ্টিই যে মানুষের জন্য কল্যাণকর হবে, এমন নয়। অতিবৃষ্টি, বন্যা, জলাবদ্ধতা কিংবা ঝড়ের কারণে কখনো বৃষ্টিই মানুষের জন্য বিপদের কারণ হয়ে দাঁড়ায়। তাই মুমিন বৃষ্টি চায়, তবে তা যেন কল্যাণ ও উপকার বয়ে আনে—এটাই তার প্রার্থনা।
বৃষ্টি দোয়া কবুলের বিশেষ সময়
বৃষ্টির সময় আল্লাহর কাছে দোয়া করার প্রতি বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। হজরত সাহল ইবনে সাদ (রা.) থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, দুটি সময়ে দোয়া ফিরিয়ে দেওয়া হয় না—আজানের সময় এবং বৃষ্টির সময়। (মুসতাদরাকে হাকিম, হাদিস: ২৫৩৪; সুনানে কুবরা, বায়হাকি)
তাই বৃষ্টি শুরু হলে শুধু জানালার পাশে দাঁড়িয়ে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করেই সময় কাটানো উচিত নয়। নিজের জন্য, পরিবারের জন্য, অসুস্থ মানুষের সুস্থতার জন্য এবং সমগ্র মুসলিম উম্মাহর কল্যাণের জন্য আল্লাহর কাছে দোয়া করা যেতে পারে।
বৃষ্টির নিয়ামতের শুকরিয়া আদায় করি
আমাদের মনে রাখতে হবে, বৃষ্টি আল্লাহর দান। এই দানের যথাযথ মূল্যায়ন করা একজন মুমিনের দায়িত্ব। বৃষ্টির পানি অপচয় না করা, জলাশয় ও নদী-নালা দূষণমুক্ত রাখা, পরিবেশের ভারসাম্য রক্ষা করা এবং পানির প্রয়োজনীয়তা সম্পর্কে সচেতন হওয়া—এসবও আমাদের দায়িত্বের অংশ।
বৃষ্টিকে কেন্দ্র করে কুসংস্কার কিংবা ভিত্তিহীন ধারণা ছড়িয়ে দেওয়ারও কোনো সুযোগ নেই। বজ্রপাত বা প্রাকৃতিক দুর্যোগের সময় প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করতে হবে। কারণ ইসলাম আমাদের আল্লাহর ওপর ভরসা করার পাশাপাশি উপযুক্ত সতর্কতা ও সচেতনতা অবলম্বনের শিক্ষাও দেয়।
বৃষ্টির প্রতিটি ফোঁটা আমাদের মনে করিয়ে দেয়। এই বিশাল পৃথিবী আপনাআপনি পরিচালিত হচ্ছে না। এর পেছনে রয়েছেন একজন মহান আল্লাহ। যাঁর ইচ্ছায় মেঘ জমে, বৃষ্টি নামে, শস্য ফলে এবং মৃত জমিন আবার প্রাণ ফিরে পায়।
তাই বৃষ্টি নামলে আসুন, আল্লাহর এই নিয়ামতের কথা স্মরণ করি। তাঁর দরবারে শুকরিয়া আদায় করি, উপকারী বৃষ্টির জন্য দোয়া করি এবং বৃষ্টির প্রতিটি ফোঁটায় তাঁর রহমত ও কুদরতের নিদর্শন খুঁজে নিই। মনে রাখি, যে আল্লাহ আকাশ থেকে পানি বর্ষণ করে মৃত জমিনকে জীবিত করেন, তিনিই আমাদের অন্তরকেও হেদায়েতের আলোয় সজীব করে দিতে পারেন।
এসএইচ/