আন্তর্জাতিক ডেস্ক
গাজা উপত্যকার মধ্যাঞ্চলের ‘ইয়েলো লাইন’-এর পশ্চিমে, যুদ্ধবিরতি চুক্তির আওতায় সেনা প্রত্যাহারকৃত এলাকায় পুনরায় প্রবেশ করে হামলা শুরু করেছে ইসরায়েলি বাহিনী। যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর এটিই প্রথম বড় হামলার ঘটনা বলে জানা গেছে। এতে অন্তত ১ জন ফিলিস্তিনি নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন।
বুধবার (১৮ নভেম্বর) তুর্কি সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। হামলার লক্ষ্যবস্তু হওয়া এসব এলাকায় কৃষিজমি, বসতবাড়ি ও বেসামরিক স্থাপনার পাশাপাশি বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের আশ্রয়শিবির রয়েছে। হামলার আগের কয়েক দিন ধরে এসব এলাকায় ইসরায়েলি সেনাদের অগ্রযাত্রা এবং ড্রোন থেকে বিস্ফোরক নিক্ষেপ করে ঘরবাড়ি ধ্বংস করার কারণে উত্তেজনা ছড়াচ্ছিল।
স্থানীয় স্বাস্থ্য সূত্র ও প্রত্যক্ষদর্শীদের বরাতে প্রতিবেদনে জানানো হয়েছে, গাজার উত্তর ও দক্ষিণাঞ্চলের মধ্যে সংযোগ স্থাপনকারী অন্যতম প্রধান সড়ক ‘সালাহউদ্দিন রোড’-এর একটি অংশে যান চলাচল বন্ধ করে দিয়েছে ইসরায়েলি বাহিনী। ফিলিস্তিনিদের আশঙ্কা, এই পদক্ষেপের মাধ্যমে ইসরায়েল তাদের সামরিক নিয়ন্ত্রণের পরিধি বাড়াবে এবং গাজার উত্তর ও দক্ষিণাঞ্চলকে আবারও একে অপরের থেকে বিচ্ছিন্ন করে ফেলবে।
প্রসঙ্গত, উপকূলীয় রশিদ রোডের পাশাপাশি সালাহউদ্দিন রোড গাজার উত্তর ও দক্ষিণের মধ্যে যোগাযোগের দুটি প্রধান সড়কের একটি। এই সড়ক বন্ধ করে দেওয়ায় ফিলিস্তিনিরা বিকল্প পথ ব্যবহার করতে বাধ্য হচ্ছেন, যা যাতায়াতের দূরত্ব ও ভোগান্তি আরও বাড়িয়ে দিয়েছে। চলতি মাসে প্রকাশিত জাতিসংঘের এক মানচিত্র অনুযায়ী, গাজার সড়ক নেটওয়ার্কের প্রায় ৭৭ শতাংশই ইতোমধ্যে ক্ষতিগ্রস্ত হয়েছে।
ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনস্থ সংস্থা ‘কোঅর্ডিনেটর অব গভর্নমেন্ট অ্যাক্টিভিটিস ইন দ্য টেরিটোরিজ’ (কোগাট) জানিয়েছে, নুসাইরাত শরণার্থী শিবিরের উত্তর-পূর্বে এবং ‘ইয়েলো লাইন’-এর নিকটবর্তী ৬৬০, ৬৬১ ও ৬৬৬ নম্বর এলাকা জুড়ে এই অভিযান চালানো হচ্ছে। অভিযান শেষ না হওয়া পর্যন্ত এসব এলাকায় সালাহউদ্দিন রোড বন্ধ থাকবে; তবে অভিযান কবে শেষ হবে, সে বিষয়ে কোনো সময়সীমা জানানো হয়নি।
আনাদোলু এজেন্সির প্রতিনিধির পর্যবেক্ষণ অনুযায়ী, গাজা শহরের দক্ষিণ-পশ্চিমে মুগরাকা, ওয়াদি গাজা সেতুর আশপাশ, নুসাইরাত শরণার্থী শিবিরের উত্তর-পূর্বে আদ-দাওয়াহ মহল্লা এবং বুরেইজ শরণার্থী শিবিরের উত্তর-পশ্চিমাঞ্চলে সামরিক তৎপরতা সবচেয়ে বেশি দেখা যাচ্ছে।
এদিকে ইসরায়েলি সেনাবাহিনীর দাবি, তাদের সেনাদের ওপর সম্ভাব্য হুমকি দূর করতে ‘সন্ত্রাসী অবকাঠামো’ লক্ষ্য করে তারা হামলা চালাচ্ছে।
অন্যদিকে হামাসের অভিযোগ, সামরিক অগ্রযাত্রা, হুমকি ও গোলাবর্ষণের মাধ্যমে ইসরায়েল ফিলিস্তিনিদের গাজা উপত্যকার একটি সংকীর্ণ অংশে কোণঠাসা করার চেষ্টা করছে।
পপুলার ফ্রন্ট ফর দ্য লিবারেশন অব প্যালেস্টাইন (পিএফএলপি) জানিয়েছে, এই হামলার মূল উদ্দেশ্য হলো অধিকৃত এলাকার পরিধি বাড়ানো এবং ‘ইয়েলো লাইন’-কে স্থায়ী সামরিক নিয়ন্ত্রণের কার্যকর সীমানায় রূপান্তর করা। সংগঠনটি সতর্ক করে বলেছে, এই অভিযান নতুন করে বাস্তুচ্যুতি ও গাজাকে খণ্ডবিখণ্ড করার মতো বৃহত্তর সংঘাতের পথ খুলে দিতে পারে।
উল্লেখ্য, যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হওয়ার সময় গাজা উপত্যকার প্রায় ৫৩ শতাংশ এলাকা ইসরায়েলের নিয়ন্ত্রণে ছিল। চুক্তিতে পর্যায়ক্রমে আরও সেনা প্রত্যাহারের কথা থাকলেও ইসরায়েলি বাহিনী ওই রেখার পশ্চিমে অগ্রসর হওয়া, ঘরবাড়ি গুঁড়িয়ে দেওয়া এবং নতুন সামরিক চৌকি স্থাপন অব্যাহত রেখেছে।
গাজার সরকারি মিডিয়া অফিসের তথ্যমতে, যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে ১৬ নভেম্বর পর্যন্ত ইসরায়েল ৬ হাজার ২৩৩ বার চুক্তি লঙ্ঘন করেছে। অন্যদিকে ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, যুদ্ধবিরতি শুরুর পর থেকে বুধবার পর্যন্ত ইসরায়েলি হামলায় ১ হাজার ৬৫৮ জন ফিলিস্তিনি নিহত এবং প্রায় ৬ হাজার জন আহত হয়েছেন।
সূত্র: আনাদোলু এজেন্সি
আইও/