বুধবার, ১১ নভেম্বর ২০২৬ ।। ২৬ কার্তিক ১৪৩৩ ।। ১ জমাদিউস সানি ১৪৪৮


যুক্তরাজ্যে মুসলিম শিক্ষার্থীদের জন্য চালু হচ্ছে সুদবিহীন ঋণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক

ধর্মীয় বিশ্বাস ও ইসলামি শরিয়াহর নীতিমালা অনুসরণকারী শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুযোগ বাড়াতে সুদবিহীন বিকল্প শিক্ষা অর্থায়ন ব্যবস্থা চালুর উদ্যোগ নিয়েছে যুক্তরাজ্য সরকার। ‘অল্টারনেটিভ স্টুডেন্ট ফাইন্যান্স’ নামে প্রস্তাবিত এ ব্যবস্থায় সুদভিত্তিক প্রচলিত শিক্ষা ঋণের বিকল্প হিসেবে ইসলামি অর্থায়ননীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ পদ্ধতিতে শিক্ষার্থীদের আর্থিক সহায়তা দেওয়া হবে। ২০২৬-২৭ শিক্ষাবর্ষে এটি চালুর সম্ভাবনা রয়েছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদন অনুযায়ী, সরকার এখনো কর্মসূচি শুরুর নির্দিষ্ট তারিখ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেনি। তবে দেশটির বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয় ইতোমধ্যে সম্ভাব্য শিক্ষার্থীদের এ বিকল্প অর্থায়ন ব্যবস্থা সম্পর্কে জানাতে শুরু করেছে।

প্রস্তাবিত ব্যবস্থার মূল লক্ষ্য, ধর্মীয় কারণে সুদভিত্তিক প্রচলিত শিক্ষা ঋণ নিতে অনিচ্ছুক মুসলিম শিক্ষার্থীদের উচ্চশিক্ষার পথে আর্থিক বাধা কমানো। তবে এ সুবিধা শুধু মুসলিমদের জন্য সীমাবদ্ধ থাকবে না; অন্য ধর্মের শিক্ষার্থীরাও চাইলে এ ব্যবস্থায় অংশ নিতে পারবেন।

প্রচলিত শিক্ষা ঋণে ঋণের ওপর সুদ আরোপ করা হয়। কিন্তু প্রস্তাবিত বিকল্প ব্যবস্থায় সরাসরি সুদ নেওয়া হবে না। এর পরিবর্তে ইসলামি অর্থায়নের পারস্পরিক সহযোগিতা ও ঝুঁকি ভাগাভাগির নীতির আলোকে শিক্ষার্থীদের কাছ থেকে নির্দিষ্ট পরিমাণ অর্থ ‘অবদান’ হিসেবে নেওয়া হবে।

পরিকল্পনা অনুযায়ী, শিক্ষার্থীরা এ ব্যবস্থায় যে অর্থ পরিশোধ করবেন, তা প্রচলিত শিক্ষা ঋণের আওতায় তাঁদের পরিশোধযোগ্য অর্থের সমপর্যায়ে থাকবে। তবে দুই ব্যবস্থার মূল পার্থক্য অর্থ ব্যবহারের পদ্ধতিতে।

প্রচলিত শিক্ষা ঋণ থেকে আদায় করা সুদ ও কিস্তির অর্থ সরকারের সাধারণ তহবিলে জমা হয়। অন্যদিকে বিকল্প ব্যবস্থায় শিক্ষার্থীদের দেওয়া অর্থ পৃথক একটি তহবিলে রাখা হবে। পরবর্তী সময়ে এ কর্মসূচির আওতায় যেসব শিক্ষার্থী অর্থায়ন নেবেন, তাঁদের সহায়তায় সেই তহবিলের অর্থ ব্যবহার করা হবে।

সরকারের ভাষ্য, বিকল্প ব্যবস্থা বেছে নেওয়ার কারণে কোনো শিক্ষার্থী আর্থিকভাবে বাড়তি সুবিধা পাবেন না। প্রচলিত শিক্ষা ঋণের মতোই তাদের পরিশোধের পরিমাণ ও সময়সূচি নির্ধারিত হবে।

সরকারি ঘোষণা না এলেও যুক্তরাজ্যের কয়েকটি বিশ্ববিদ্যালয় সম্ভাব্য শিক্ষার্থীদের মধ্যে নতুন অর্থায়ন ব্যবস্থা নিয়ে প্রচার শুরু করেছে।

ইউনিভার্সিটি অব ব্রিস্টল এটিকে ‘সুদমুক্ত যুক্তরাজ্য সরকারি ঋণ’ হিসেবে তুলে ধরেছে। বিশ্ববিদ্যালয়টির ভাষ্য, এ ব্যবস্থা ইসলামি অর্থায়ননীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। ইউনিভার্সিটি অব লিডস জানিয়েছে, ২০২৬-২৭ শিক্ষাবর্ষে এটি চালু হতে পারে।

এ ছাড়া ইউনিভার্সিটি কলেজ লন্ডন, সিটি সেন্ট জর্জেস এবং নিউক্যাসল ইউনিভার্সিটিও সম্ভাব্য শিক্ষার্থীদের এ বিষয়ে অবহিত করেছে। ডি মন্টফোর্ট ইউনিভার্সিটি তাদের প্রচারে ব্যবস্থাটিকে শরিয়াহসম্মত হিসেবে সনদপ্রাপ্ত বলেও উল্লেখ করেছে।

ইসলামি শরিয়াহ অনুযায়ী সুদ গ্রহণ ও প্রদান নিষিদ্ধ। এ কারণে যুক্তরাজ্যের অনেক মুসলিম শিক্ষার্থী প্রচলিত সুদভিত্তিক শিক্ষা ঋণ গ্রহণে ধর্মীয় দ্বিধায় পড়েন। আর্থিক সামর্থ্য না থাকা নয়, বরং ধর্মীয় বিশ্বাসের কারণে কেউ কেউ উচ্চশিক্ষার ঋণ নিতে চান না। তাঁদের জন্য বিকল্প সুযোগ তৈরি করাই সরকারের এ উদ্যোগের অন্যতম উদ্দেশ্য।

২০২৫ সালের জুনে যুক্তরাজ্য সরকার জানিয়েছিল, প্রস্তাবিত বিকল্প অর্থায়ন ব্যবস্থায় সুদ থাকবে না। সরকার এটিকে রাষ্ট্রীয়ভাবে সমর্থিত প্রথম শরিয়াহসম্মত শিক্ষার্থী অর্থায়ন প্রকল্প হিসেবে বর্ণনা করে।

এ উদ্যোগের পক্ষে ২০২১ সালে পরিচালিত ‘মুসলিম সেন্সাস’ জরিপের তথ্যও আলোচনায় এসেছে। প্রায় ৩৯ হাজার ব্রিটিশ মুসলিমের ওপর পরিচালিত ওই জরিপে দেখা যায়, ৮০ শতাংশ শিক্ষার্থী প্রচলিত শিক্ষা ঋণ গ্রহণ নিয়ে ধর্মীয় ও মানসিক দ্বিধায় ভোগেন। অন্যদিকে ৭১ শতাংশ মনে করেন, বিদ্যমান ব্যবস্থা মুসলিম শিক্ষার্থীদের জন্য বৈষম্যমূলক।

তবে প্রচলিত শিক্ষা ঋণ গ্রহণের বিষয়ে ইসলামি আলেমদের মধ্যে একক মত নেই। কেউ কেউ সুদভিত্তিক ঋণ গ্রহণের বিরোধিতা করেন, আবার কারও অবস্থান ভিন্ন। উদাহরণ হিসেবে কেমব্রিজ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের জানিয়েছে, যুক্তরাজ্যের ফতোয়া কাউন্সিল প্রচলিত শিক্ষার্থী অর্থায়ন ব্যবস্থাকে সমর্থন করেছে।

সুদবিহীন কাঠামো চালু হলেও এ প্রকল্পে সরকারের আর্থিক ঝুঁকি পুরোপুরি এড়ানো সম্ভব হবে কি না, তা নিয়ে প্রশ্ন রয়েছে। প্রচলিত শিক্ষা ঋণ ব্যবস্থায় শিক্ষার্থীদের দেওয়া ঋণের একটি বড় অংশ শেষ পর্যন্ত আদায় করা সম্ভব হয় না বলে ধারণা করা হয়। নতুন ব্যবস্থাতেও একই ধরনের ঝুঁকি দেখা দিতে পারে। ফলে অপরিশোধিত অর্থের আর্থিক চাপ শেষ পর্যন্ত সরকার ও করদাতাদের ওপর পড়ার আশঙ্কা রয়েছে।

প্রকল্পটির উন্নয়ন ও প্রস্তুতির পেছনে সরকার ইতোমধ্যে ৩ লাখ ৬৫ হাজার পাউন্ডের বেশি ব্যয় করেছে। ইসলামিক ফাইন্যান্স কাউন্সিল ইউকে এ ব্যবস্থা তৈরিতে সহযোগিতা করেছে। প্রকল্পটির সমর্থকদের মতে, ধর্মীয় বিশ্বাসের সঙ্গে আপস না করেই শিক্ষার্থীরা উচ্চশিক্ষার সুযোগ পেলে এ ব্যয় সার্থক হবে।

তবে বিকল্প শিক্ষা অর্থায়ন ব্যবস্থা নিয়ে রাজনৈতিক অঙ্গনে সমালোচনাও রয়েছে। সমালোচকদের আশঙ্কা, ধর্মীয় পরিচয়ের ভিত্তিতে পৃথক অর্থায়ন কাঠামো চালু হলে ব্রিটিশ সমাজে বিভাজন বাড়তে পারে।

রিফর্ম পার্টির শিক্ষা বিষয়ক মুখপাত্র সুয়েলা ব্রাভারম্যান এ উদ্যোগের কঠোর সমালোচনা করেছেন। দ্য টেলিগ্রাফকে দেওয়া বক্তব্যে তিনি প্রস্তাবিত ব্যবস্থাকে ‘জঘন্য’ এবং ‘দ্বি-স্তরীয় শিক্ষা ব্যবস্থা’ তৈরির উদ্যোগ বলে আখ্যায়িত করেন। তাঁর দাবি, এ ধরনের প্রকল্প সমাজে বিভক্তি তৈরি করতে পারে এবং ব্রিটিশ সমাজের প্রচলিত ব্যবস্থার সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ পৃথক কাঠামো গড়ে ওঠার আশঙ্কা রয়েছে।

অন্যদিকে সরকারের বক্তব্য, এ উদ্যোগ কোনো বিশেষ ধর্মীয় গোষ্ঠীকে বাড়তি সুবিধা দেওয়ার জন্য নয়। বরং ধর্মীয় বিশ্বাসের কারণে যারা প্রচলিত সুদভিত্তিক শিক্ষা ঋণ নিতে চান না, তাঁদের জন্য সমান সুযোগ নিশ্চিত করাই এর লক্ষ্য।

সব মিলিয়ে, যুক্তরাজ্যের প্রস্তাবিত বিকল্প শিক্ষা অর্থায়ন ব্যবস্থা মুসলিম শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় অংশগ্রহণ বাড়ানোর একটি নতুন পথ তৈরি করতে পারে। তবে এর আর্থিক কাঠামো, বাস্তবায়ন ও সামাজিক প্রভাব নিয়ে বিতর্কও অব্যাহত রয়েছে। সূত্র: দ্য টেলিগ্রাফ

এসএইচ/ 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ