সৌদি আরবে আবাসন, শ্রম ও সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনের দায়ে গত এক সপ্তাহে ৯ হাজার ৫৮৯ জন প্রবাসীকে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। একই সময়ে দেশজুড়ে অভিযান চালিয়ে আইন লঙ্ঘনের ১১ হাজার ৫৮৭টি ঘটনা শনাক্ত করেছে দেশটির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
রোববার (৮ নভেম্বর) সৌদি প্রেস এজেন্সির (এসপিএ) বরাতে সংযুক্ত আরব আমিরাতভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে এসপিএ জানায়, শনাক্ত হওয়া আইন লঙ্ঘনের ঘটনাগুলোর মধ্যে ৬ হাজার ৪৩টি আবাসন আইনসংক্রান্ত, ৩ হাজার ১৯১টি সীমান্ত নিরাপত্তা ও অবৈধভাবে প্রবেশসংক্রান্ত এবং ২ হাজার ৩৫৩টি শ্রম আইন লঙ্ঘনের ঘটনা।
অভিযান চলাকালে অবৈধভাবে সৌদি আরবে প্রবেশের চেষ্টা করার সময় ১ হাজার ৬৭৮ জনকে এবং বেআইনিভাবে দেশত্যাগের চেষ্টাকালে আরও ১৮ জনকে আটক করেছে সীমান্তরক্ষী বাহিনী। এ ছাড়া আইন লঙ্ঘনকারী প্রবাসীদের পরিবহন, আশ্রয় কিংবা অবৈধভাবে কাজে নিয়োজিত রাখার অভিযোগে ২৯ জন সহযোগীকে গ্রেফতার করা হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, বর্তমানে সৌদি আরবে ৩৮ হাজার ৮১৩ জন পুরুষ ও ২ হাজার ২৯৩ জন নারীসহ মোট ৪১ হাজার ১০৬ জন বিদেশি নাগরিকের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। তাদের মধ্যে ২৩ হাজার ১৯৩ জনকে প্রয়োজনীয় ভ্রমণ নথি সংগ্রহের জন্য নিজ নিজ দেশের দূতাবাস বা কনস্যুলেটে যোগাযোগ করতে বলা হয়েছে। পাশাপাশি ৯ হাজার ১৩৯ জনকে দ্রুত দেশত্যাগের প্রস্তুতি নিতে নির্দেশনা দেওয়া হয়েছে। ইতোমধ্যে ৯ হাজার ৫৮৯ জনকে আনুষ্ঠানিকভাবে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে।
এদিকে, অবৈধ অনুপ্রবেশে সহায়তা কিংবা সংশ্লিষ্ট ব্যক্তিদের পরিবহন, আশ্রয় ও অন্য কোনো সুবিধা প্রদানকারীদের বিরুদ্ধে কঠোর সতর্কবার্তা দিয়েছে সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়। মন্ত্রণালয় জানিয়েছে, এ ধরনের অপরাধে জড়িত ব্যক্তিদের সর্বোচ্চ ১৫ বছরের কারাদণ্ড এবং ১০ লাখ সৌদি রিয়াল পর্যন্ত জরিমানা হতে পারে। একই সঙ্গে অবৈধ ব্যক্তিদের সহায়তায় ব্যবহৃত যানবাহন ও সম্পত্তি বাজেয়াপ্ত করার বিধান রয়েছে।
এসএইচ/