ইসরাইলের পার্লামেন্ট নেসেট নির্বাচনে বড় ধরনের সাফল্যের পথে এগিয়ে যাচ্ছে আরব দলগুলো। নির্বাচন-পরবর্তী বুথফেরত জরিপ ও প্রাথমিক ফলাফল অনুযায়ী, পার্লামেন্টের ১২০টি আসনের মধ্যে ১৭টি আসন পেতে পারে ফিলিস্তিনি নাগরিকদের প্রতিনিধিত্বকারী দলগুলো। দেশটির আরব জনগোষ্ঠীর ভোটদানে উল্লেখযোগ্য অংশগ্রহণের ফলে এমন সম্ভাবনা তৈরি হয়েছে।
প্রাথমিক ফলাফলে ফিলিস্তিনি নাগরিকদের প্রতিনিধিত্বকারী প্রধান দুই রাজনৈতিক শক্তি ‘জয়েন্ট লিস্ট’ ও মনসুর আব্বাসের নেতৃত্বাধীন ‘রাম’ দল ভালো অবস্থানে রয়েছে। অন্যদিকে, সাবেক সামরিক প্রধান গাদি আইজেনকোটের নেতৃত্বাধীন বিরোধী জোট এবং প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর লিকুদ পার্টির মধ্যে সরকার গঠন নিয়ে প্রতিদ্বন্দ্বিতা চলছে। এমন পরিস্থিতিতে আরব দলগুলোর আসনসংখ্যা সরকার গঠনের সমীকরণে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, দীর্ঘদিনের বৈষম্য দূর করা এবং নিজেদের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার প্রত্যাশা থেকে এবার ভোট দিতে আগ্রহী হয়েছেন ফিলিস্তিনি নাগরিকরা। ইসরাইলের মোট জনসংখ্যার প্রায় ২১ শতাংশ ফিলিস্তিনি নাগরিক হলেও অতীতে তাঁদের একটি অংশ নির্বাচনে ভোট দেওয়া থেকে বিরত থাকতেন।
প্রতিবেদন অনুযায়ী, এবারের নির্বাচনে তাঁদের ভোটদানের হার প্রায় ৮০ শতাংশে পৌঁছেছে, যা ১৯৯৯ সালের রেকর্ডকেও ছাড়িয়ে গেছে। এই অংশগ্রহণের ফলে আরব দলগুলোর প্রতিনিধিত্ব বাড়ার পাশাপাশি সরকার গঠনের ক্ষেত্রেও তাদের ভূমিকা গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে।
সূত্র: আল-জাজিরা
এসএইচ/