সোমবার, ০৬ জুলাই ২০২৬ ।। ২১ আষাঢ় ১৪৩৩ ।। ২১ মহর্‌রম ১৪৪৮


শুধু হরমুজই নয়, আরও আছে ইরানের ‘বিকল্প অস্ত্র’—মেদভেদেভের সতর্কবার্তা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রাশিয়ার নিরাপত্তা পরিষদের উপপ্রধান দিমিত্রি মেদভেদেভ বলেছেন, হরমুজ প্রণালি যেমন ইরানের জন্য একটি গুরুত্বপূর্ণ কৌশলগত সম্পদ, তেমনি বাব আল-মান্দেব প্রণালিও দেশটির ‘বিকল্প অস্ত্র’ হিসেবে ব্যবহৃত হতে পারে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানিয়েছে।

 

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শেষ বিদায় অনুষ্ঠানে অংশ নিতে তেহরানে অবস্থানরত মেদভেদেভ বলেন, ‘হরমুজ প্রণালি ইরানের জন্য পারমাণবিক অস্ত্রের সমতুল্য একটি কৌশলগত সম্পদ।’

একই বক্তব্যে তিনি আরও বলেন, ইয়েমেন, জিবুতি ও ইরিত্রিয়ার মধ্যবর্তী বাব আল-মান্দেব প্রণালি—যা এডেন উপসাগরকে লোহিত সাগর ও সুয়েজ খালের সঙ্গে সংযুক্ত করেছে—সেটিও ইরানের একটি ‘বিকল্প অস্ত্র’ হিসেবে বিবেচিত হতে পারে।

মেদভেদেভ সতর্ক করে বলেন, মধ্যপ্রাচ্যে সংঘাত আরও বিস্তৃত হলে এই গুরুত্বপূর্ণ নৌপথে জাহাজ চলাচল মারাত্মকভাবে ব্যাহত হতে পারে, যার প্রভাব পড়বে বৈশ্বিক বাণিজ্য ও জ্বালানি সরবরাহ ব্যবস্থায়।

তিনি বলেন, ‘আমি আশা করি পরিস্থিতি সেদিকে গড়াবে না। তবে যারা এ অঞ্চলে সংঘাত উসকে দিতে চায়, তাদের এই বাস্তবতা মনে রাখা উচিত।’

উল্লেখ্য, এর আগেও ইরান-সমর্থিত ইয়েমেনের হুথি বিদ্রোহীরা বাব আল-মান্দেব প্রণালি বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছিল। গত ৮ জুন তারা লোহিত সাগরে ইসরাইলি জাহাজ চলাচলের ওপরও নিষেধাজ্ঞা ঘোষণা করে।

 

এসএইচ 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ