ইরান-যুক্তরাষ্ট্রের মাঝে মধ্যপ্রাচ্যের যুদ্ধ বন্ধের চুক্তি যখন প্রায় চূড়ান্ত, দুই দেশই যুদ্ধ একেবারে সমাপ্তির পথে এগোচ্ছে, ঠিক তখনই ইসরায়েল মঙ্গলবার ফের দক্ষিণ লেবাননে হামলা চালিয়ে চারজনকে হত্যা করে ৮৪ বারের মতো শান্তিচুক্তি লঙ্ঘন করেছে বলে আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে। এই ঘটনায় ইরান কড়া হুঁশিয়ারি বার্তা দিয়েছে বলেও প্রতিবেদনে বলা হয়েছে।
মঙ্গলবারের হামলার পর ইরানের সামরিক বাহিনীর কেন্দ্রীয় কমান্ড খাতাম আল-আনবিয়া বলেছে, যদি জায়নবাদী শাসনের শিশুহত্যাকারী সেনাবাহিনী দক্ষিণ লেবাননে তাদের আগ্রাসনমূলক কর্মকাণ্ড বন্ধ না করে, তবে তাদের ইসলামী প্রজাতন্ত্র ইরানের শক্তিশালী সশস্ত্র বাহিনীর কাছ থেকে কঠোর জবাবের জন্য প্রস্তুত থাকতে হবে।
সংবাদমাধ্যম আল জাজিরা বলছে, যুদ্ধবিরতি ও শান্তি আলোচনা চলার মধ্যেই লেবাননের দক্ষিণাঞ্চলের নাবাতিয়েহ গভর্নরেটে একাধিক ইসরায়েলি হামলায় অন্তত চারজন নিহত হয়েছেন। লেবাননের জাতীয় বার্তাসংস্থা (এনএনএ) এ তথ্য জানিয়েছে।
মঙ্গলবার (১৬ জুন) মাইফাদুন এলাকায় দুটি গাড়ি লক্ষ্য করে পৃথক ড্রোন হামলার ঘটনা ঘটে। একই সময়ে শৌকিন গ্রামেও আরেকটি গাড়িতে হামলা চালানো হয় বলে জানিয়েছে সংস্থাটি।
ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার দীর্ঘ ও নাজুক আলোচনার পুরো সময়জুড়ে ইরানি কর্মকর্তারা বারবার বলে আসছিলেন, যেকোনও যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে লেবাননে ইসরায়েলি হামলা বন্ধ করতে হবে।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচিও মঙ্গলবার বলেন, দক্ষিণ লেবাননে ইসরায়েলের অব্যাহত দখলদারিত্ব ওই চুক্তির লঙ্ঘন হবে। তিনি বলেন, ‘এই যুদ্ধে দখল করা এলাকা থেকে ইসরায়েলি বাহিনী প্রত্যাহার না হলে যুদ্ধ পুরোপুরি শেষ হয়েছে বলা যাবে না।’
এদিকে লেবাননের পার্লামেন্ট স্পিকার নাবিহ বেরির সঙ্গে টেলিফোনে কথা বলেছেন ইরানের প্রধান আলোচক মোহাম্মদ বাঘের গালিবাফ। লেবাননে যুদ্ধ বন্ধ করতে, ঘরবাড়ি ধ্বংস করা বন্ধ করতে এবং দখল করা লেবাননের ভূখণ্ড থেকে সেনা প্রত্যাহারে ইসরায়েলকে বাধ্য করছে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানান তিনি।
জেডএম/
