ভারতের উত্তরাখণ্ডের দেরাদুনে সম্প্রতি ঘটে যাওয়া হত্যাকাণ্ড ও পরবর্তী সহিংসতার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে জমিয়তে উলামায়ে হিন্দ।
সংগঠনটির সভাপতি মাওলানা মাহমুদ মাদানী ঘটনাটিকে ‘মানবতার বিরুদ্ধে অপরাধ’ হিসেবে উল্লেখ করে দোষীদের দ্রুত শনাক্ত করে কঠোর শাস্তির দাবি জানিয়েছেন। তিনি এ বিষয়ে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে একটি বিস্তারিত চিঠিও পাঠিয়েছেন।
চিঠিতে বলা হয়, দেরাদুনের ঘটনা শুধু একটি মর্মান্তিক হত্যাকাণ্ড নয়, বরং তা দেশের শান্তি, সম্প্রীতি ও সামাজিক স্থিতিশীলতার ওপরও গুরুতর আঘাত। এতে ঘটনার নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্তের দাবি জানানো হয়েছে।
মাওলানা মাদানী চিঠিতে চারটি প্রধান দাবি তুলে ধরেন— দ্রুত বিচার নিশ্চিত করে প্রকৃত অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান, সাম্প্রদায়িক আতঙ্কে বাস্তুচ্যুত পরিবারগুলোর নিরাপদ প্রত্যাবর্তন ও পুনর্বাসন, ক্ষতিগ্রস্তদের সরকারি ক্ষতিপূরণ প্রদান এবং স্থানীয় প্রশাসনের তত্ত্বাবধানে নিরপেক্ষ তদন্ত পরিচালনা।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, দেরাদুন পরিস্থিতি পর্যালোচনা করে একটি প্রতিনিধি দল বিস্তারিত রিপোর্ট প্রস্তুত করেছে এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়াতে সংগঠনের নেতাকর্মীদের নির্দেশ দেওয়া হয়েছে।
মাওলানা মাহমুদ মাদানী আরও বলেন, কোনো পরিস্থিতিতেই আইন নিজের হাতে তুলে নেওয়া গ্রহণযোগ্য নয়। তিনি সকল নাগরিককে শান্তি, সম্প্রীতি ও সংবিধানসম্মত আইনের শাসন বজায় রাখার আহ্বান জানান।
জেডএম/
