যারা হিন্দু-মুসলিমদের মাঝে বিভেদ সৃষ্টি করতে চায় তারা চরমভাবে ব্যর্থ হবে বলে জোরালো মন্তব্য করেন ভারতের রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (আেএসএস)-এর প্রবীণ নেতা ইন্দ্রেশ কুমার। তিনি বলেন, যারা ধর্মের ভিত্তিতে সমাজকে বিভক্ত করতে চায়, চাই সে ব্যক্তি হোক বা রাজনৈতিক দল—শেষ পর্যন্ত তারা জনগণের হাতেই পরাজিত হবে।
সোমবার (৮ মে) দিল্লিতে সংবাদমাধ্যমকে দেওয়া এক ভাষণে ইন্দ্রেশ কুমার এসব কথা বলেন।
কুমার ভারতজুড়ে, বিশেষ করে তরুণদের মধ্যে চলমান পরিবর্তনের প্রশংসা করে বলেন, ‘তরুণদের মাঝে ব্যাপক পরিবর্তন লক্ষ করা যাচ্ছে, তারা শিক্ষাকে জাতীয় উন্নয়ন ও সামাজিক অগ্রগতির সঙ্গে যুক্ত করছে। তাদের মধ্যে অনুভূতি জাগছে, যদি আমরা শিক্ষাকে জাতীয় অগ্রগতির স্বার্থে পরিচালিত করতে পারি, তাহলে আমরা একটি উন্নত জাতি ও উন্নত হিন্দুস্তান—গড়ে তুলতে পারব।’
‘হিন্দু-মুসলমান সহাবস্থান করতে পারে না’—এমন ধারণাকে চ্যালেঞ্জ জানিয়ে সাম্প্রদায়িক সম্প্রীতির ওপর জোর দেন এই আরএসএস নেতা।
তিনি হিন্দু, মুসলিম নির্বিশেষে সব ধর্মের মানুষকে পারস্পরিক ভালোবাসা বৃদ্ধি এবং সমাজ থেকে ঘৃণা মুছে ফেলার আহ্বান জানিয়ে ঐক্যবদ্ধভাবে দেশ ও জাতির কল্যাণে এগিয়ে আসার অনুরোধ করেন।
তিনি রাজনৈতিক দলগুলোকে সতর্ক করে বলেন, ধর্মীয় ভিত্তিতে দেশকে বিভক্ত করার চেষ্টাকারী রাজনৈতিক দলগুলো অবশেষে জনসমর্থন হারাবে। তিনি আরও যোগ করেন, ‘শেষ পর্যন্ত, যে দলগুলো দেশকে বিভক্ত ও খণ্ডিত করতে চায়, তারা একদিন অবশ্যই পরাজিত হবে। জনগণই তাদের শিক্ষা দেবে।’
উল্লেখ্য, আরএসএস-এর জাতীয় কার্যনির্বাহী কমিটির একজন জ্যেষ্ঠ সদস্য ইন্দ্রেশ কুমার মুসলিম রাষ্ট্রীয় মঞ্চের প্রধান পৃষ্ঠপোষক হিসেবে দায়িত্ব পালন করছেন। ২০০২ সালে প্রতিষ্ঠিত এই সংগঠনটি মুসলিম সম্প্রদায়ের সঙ্গে সংলাপকে উৎসাহিত করতে এবং আরএসএস-এর জাতীয় ঐক্যের আদর্শ সম্পর্কে বোঝাপড়া বাড়াতে কাজ করে।
সূত্র: মুসলিম মিরর
জেডএম/
