সোমবার, ০৮ জুন ২০২৬ ।। ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২২ জিলহজ ১৪৪৭


চলতি মাসেই দেওয়া হবে এইচএসসির প্রবেশপত্র, কোন জেলায় কবে


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

২০২৬ সালের এইচএসসি পরীক্ষার প্রবেশপত্র বিতরণের সময়সূচি ঘোষণা করেছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ড। চলতি মাসের ১৫ ও ১৬ তারিখে জেলার ভিত্তিতে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর কাছে প্রবেশপত্র হস্তান্তর করা হবে। একই সঙ্গে প্রবেশপত্র গ্রহণ, বিতরণ ও ত্রুটি সংশোধন সংক্রান্ত বেশকিছু গুরুত্বপূর্ণ নির্দেশনাও দিয়েছে বোর্ড।

সোমবার (৮ জুন) বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর জেসমিন তাসলিমা বানু স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে তথ্যটি নিশ্চিত করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা নিজে অথবা তার প্রাধিকারপ্রাপ্ত কোনো শিক্ষক (স্বাক্ষর সত্যায়িতসহ) অফিস চলাকালীন সময়ে সংশ্লিষ্ট কেন্দ্রের আওতাধীন সব শিক্ষা প্রতিষ্ঠানের প্রবেশপত্র গ্রহণ করবেন। কোনো অবস্থাতেই শিক্ষক ব্যতীত অন্য কাউকে প্রবেশপত্র গ্রহণের দায়িত্ব দেওয়া যাবে না।

এতে আরও বলা হয়, কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা যদি নিজেই সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ হন, তাহলে আবেদনপত্রে গভর্নিং বডির সভাপতি, জেলা প্রশাসক অথবা উপজেলা নির্বাহী কর্মকর্তার প্রতিস্বাক্ষর থাকতে হবে। তিনি তার কেন্দ্রাধীন সব শিক্ষা প্রতিষ্ঠানে দ্রুত প্রবেশপত্র বিতরণ নিশ্চিত করবেন।

বোর্ড জানিয়েছে, প্রবেশপত্র যাচাইয়ের পর কোনো ধরনের ত্রুটি কিংবা কম-বেশি পাওয়া গেলে তা সংশোধনের জন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের আগামী ১৮ থেকে ২৫ জুনের মধ্যে উপ-পরীক্ষা নিয়ন্ত্রক (উচ্চমাধ্যমিক)-এর কাছে নির্ধারিত ছকে আবেদন জমা দিতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে সংশোধনের উদ্যোগ না নিলে পরবর্তীতে পরীক্ষায় কোনো জটিলতা সৃষ্টি হলে এর দায় সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধানদের ওপর বর্তাবে বলেও সতর্ক করা হয়েছে।

বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, টাঙ্গাইল, নরসিংদী, ফরিদপুর, রাজবাড়ী, শরীয়তপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, কিশোরগঞ্জ ও মানিকগঞ্জ জেলার শিক্ষা প্রতিষ্ঠানগুলোর জন্য আগামী ১৫ জুন প্রবেশপত্র বিতরণ করা হবে।

অন্যদিকে, ঢাকা মহানগর, ঢাকা জেলা, গাজীপুর, মুন্সিগঞ্জ ও নারায়ণগঞ্জ জেলার শিক্ষা প্রতিষ্ঠানগুলো আগামী ১৬ জুন প্রবেশপত্র সংগ্রহ করতে পারবে।

জেডএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ