ফিলিস্তিন রাষ্ট্রকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেওয়ার ফ্রান্সের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে সৌদি আরব। বৃহস্পতিবার এক বিবৃতিতে সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর ঘোষণাকে "ঐতিহাসিক পদক্ষেপ" আখ্যা দিয়ে বলেন, এটি ফিলিস্তিনি জনগণের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি আন্তর্জাতিক সমর্থনকে সুসংহত করবে।
বিবৃতিতে সৌদি সরকার ১৯৬৭ সালের সীমান্তের ভিত্তিতে পূর্ব জেরুজালেমকে রাজধানী করে একটি স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার প্রতি ফ্রান্সের সমর্থনকে আন্তর্জাতিক আইনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বলে উল্লেখ করে। একই সঙ্গে জাতিসংঘের প্রস্তাব বাস্তবায়নে অন্যান্য দেশগুলোর সক্রিয় ভূমিকা রাখারও আহ্বান জানায় রিয়াদ।