বুধবার, ২৫ নভেম্বর ২০২৬ ।। ১০ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৫ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
প্রথমবারের মতো আন্তর্জাতিক হিফজ প্রতিযোগিতার আয়োজন করছে মালদ্বীপ বিজেপি মন্ত্রীর বাংলাদেশ দখলের হুমকিতে ক্ষোভ বিকেএম মহাসচিবের কুরআন-হাদিসের আলোকে দেশ পরিচালনায় সবার সহযোগিতা চাইলেন ধর্মমন্ত্রী শুধু মজুরি নয়, শ্রমিকের ক্রয়ক্ষমতা বাড়াতে হবে: গাজী আতাউর রহমান হাম উপসর্গে ২ জনের মৃত্যু, হাসপাতালে ১২৬০ চৌধুরীপাড়ার শেখ জনূরুদ্দীন মাদরাসায় কাল বুখারির দরস দেবেন দেওবন্দের মুহতামিম কওমি শিক্ষকদের বেতন: বাস্তবতাভিত্তিক ভারসাম্যপূর্ণ আলোচনা জরুরি যুব মজলিসের কেন্দ্রীয় সম্মেলন সফল করতে মতবিনিময় সভা হাসিনাকে ঠেকাতে সরকারের রোডম্যাপ চায় ইসলামী আন্দোলন দেওবন্দের মুহতামিমের সতর্কবার্তার পর মাওলানা সাদের সঙ্গে আলেমদের বৈঠক

কওমি শিক্ষকদের বেতন: বাস্তবতাভিত্তিক ভারসাম্যপূর্ণ আলোচনা জরুরি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

|| শেখ শাব্বীর আহমাদ ||

বাংলাদেশে সরকারি ও এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান ছাড়া অন্যান্য বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকদের জন্য সরকার কর্তৃক অভিন্ন কোনো বেতন স্কেল বা সর্বজনীন সর্বনিম্ন বেতন নির্ধারিত নেই। বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে প্রতিষ্ঠানভেদে শিক্ষকদের বেতনে ব্যাপক পার্থক্য রয়েছে। কোথাও যোগ্যতা ও অভিজ্ঞতা অনুযায়ী সম্মানজনক বেতন দেওয়া হয়, কোথাও বেতন অত্যন্ত স্বল্প, আবার কোথাও শিক্ষকরা স্বেচ্ছায় বিনা পারিশ্রমিকেও পাঠদান করে থাকেন।

আমাদের দেশের কওমি মাদরাসাগুলো সম্পূর্ণ বেসরকারি এবং মূলত সাধারণ মানুষের দান, অনুদান ও সহযোগিতায় পরিচালিত দীনি শিক্ষাপ্রতিষ্ঠান।

এসব প্রতিষ্ঠানে পাঠদানের অন্যতম প্রধান উদ্দেশ্য হলো আল্লাহর সন্তুষ্টি অর্জন, দীনি ইলমের প্রচার-প্রসার এবং ইলমের যোগ্য উত্তরসূরি তৈরি করা। এখানে খেদমত, ইলম চর্চা ও দীনি দায়িত্ববোধই মুখ্য; পার্থিব পারিশ্রমিক মুখ্য উদ্দেশ্য নয়।

তবে পারিপার্শ্বিক অবস্থা, দ্রব্যমূল্য ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির কারণে শিক্ষকদের জীবনধারণের প্রয়োজনীয়তা বিবেচনায় কওমি মাদরাসার বেতন কাঠামোর বিষয়টি বারবার আলোচনায় আসছে। এ আলোচনা অযৌক্তিক নয়। কারণ, দীনি খেদমতের পাশাপাশি একজন শিক্ষকেরও পরিবার-পরিজন রয়েছে, জীবনধারণের প্রয়োজন রয়েছে। ইলমের খেদমত ও শিক্ষকের ন্যায্য পারিশ্রমিক দুটি বিষয়কে পরস্পরবিরোধী হিসেবে দেখার সুযোগ নেই।

তবে এটিও মনে রাখা প্রয়োজন, সব কওমি মাদরাসার বেতন কাঠামো এক রকম নয়। বড়, সুপ্রতিষ্ঠিত ও আর্থিকভাবে সামর্থ্যবান অনেক কওমি মাদরাসায় শিক্ষকদের যোগ্যতা, অভিজ্ঞতা ও দায়িত্ব অনুযায়ী মানসম্মত বেতন নির্ধারণ ও পরিশোধ করা হয়। কোনো কোনো প্রতিষ্ঠানে বেতন কাঠামো কোনো কোনো বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রচলিত বেতন কাঠামোর চেয়েও ভালো। সুতরাং কওমি মাদরাসা মানেই শিক্ষকদের স্বল্প বেতন, এমনটি বাস্তবসম্মত নয়।

তুলনামূলকভাবে সমস্যাটি বেশি দেখা যায় নতুন, আর্থিকভাবে দুর্বল এবং এখনো প্রাতিষ্ঠানিক ও অর্থনৈতিক ভিত্তি সুদৃঢ় করতে পারেনি, এমন প্রতিষ্ঠানগুলোতে। অনেক নতুন মাদরাসা সীমিত দাতা ও সাধারণ মানুষের সহযোগিতায় পরিচালিত হয়। স্থায়ী আয়ের উৎস, পর্যাপ্ত তহবিল ও আর্থিক সক্ষমতা তৈরি হতে এসব প্রতিষ্ঠানের সময় লাগে। ফলে অনেক ক্ষেত্রে কর্তৃপক্ষের সদিচ্ছা থাকা সত্ত্বেও শিক্ষকদের প্রত্যাশিত বেতন নিয়মিতভাবে পরিশোধ করা কঠিন হয়ে পড়ে। এ বাস্তবতাও আলোচনায় বিবেচনায় রাখা জরুরি।

অন্যদিকে, আমাদের দেশে ব্যবসা-বাণিজ্য, আমদানি-রপ্তানি ও বিভিন্ন অর্থনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে সংশ্লিষ্ট অনেক বেসরকারি শিল্প ও সেবা খাতে সরকার ন্যূনতম মজুরি নির্ধারণ করে থাকে। কিন্তু সরকার নির্ধারিত ন্যূনতম মজুরি থাকলেই যে তা একজন শ্রমিকের জীবনধারণের জন্য পর্যাপ্ত হবে, বাস্তবতা সব সময় তেমন নয়।

উদাহরণ হিসেবে চা-শ্রমিকদের কথা বলা যায়। ২০২৩ সালে সরকার চা-বাগানের শ্রমিকদের জন্য শ্রেণিভেদে দৈনিক ১৬৮ থেকে ১৭০ টাকা ন্যূনতম মজুরি নির্ধারণ করেছিল। ২০২৬ সালের জুলাইয়ে সংসদে মন্ত্রীর বক্তব্যেও তাঁদের দৈনিক মজুরি ১৭৮ টাকা ৫০ পয়সা হওয়ার তথ্য উঠে আসে। অথচ বর্তমান জীবনযাত্রার ব্যয়ের সঙ্গে এই পারিশ্রমিকের সামঞ্জস্য নিয়ে প্রশ্ন থেকেই যায়।

একইভাবে চিংড়ি প্রক্রিয়াজাতকরণ শিল্পের শ্রমিকদের ন্যূনতম মজুরি ২০২২ সালে ৬,৭০০ টাকা নির্ধারণ করা হয়েছিল। আবার অটোমোবাইল ওয়ার্কশপের শ্রমিকদের জন্যও একসময় ৭,৬১০ টাকা ন্যূনতম মজুরি নির্ধারণ করা হয়েছিল। এসব উদাহরণ দেখায়, সরকার কর্তৃক ন্যূনতম মজুরি নির্ধারিত হওয়া আর তা জীবনধারণের জন্য যথেষ্ট হওয়া এক বিষয় নয়।

শিক্ষাক্ষেত্রেও এমন বাস্তবতা রয়েছে। দেশের অনেক বেসরকারি কিন্ডারগার্টেনে শিক্ষকদের মাসিক বেতন ৩ হাজার, ৫ হাজার কিংবা ৭ হাজার টাকার মধ্যেও সীমাবদ্ধ থাকতে দেখা যায়। যদিও এগুলো কোনো সরকারি নির্ধারিত বেতন হার নয় এবং প্রতিষ্ঠানভেদে বেতনের পার্থক্য রয়েছে। অর্থাৎ শুধু কওমি মাদরাসা নয়, বেসরকারি শিক্ষাব্যবস্থার একটি বড় অংশেই শিক্ষকদের পারিশ্রমিক নিয়ে সংকট রয়েছে।

কওমি মাদরাসার বেতন কাঠামো নিয়ে আলোচনা করতে গিয়ে মুরুব্বি উলামায়ে কেরামের প্রতি তীর্যক মন্তব্য, অসম্মানজনক বক্তব্য কিংবা ঢালাও সমালোচনা কোনোভাবেই কাম্য নয়। এসব প্রতিষ্ঠান গড়ে তোলা, পরিচালনা করা এবং দীনি শিক্ষার ধারাবাহিকতা রক্ষায় তাঁদের দীর্ঘদিনের ত্যাগ, শ্রম ও অবদান রয়েছে। কোনো বিষয়ে মতপার্থক্য বা নীতিগত সীমাবদ্ধতা থাকলে তা দায়িত্বশীলতা, শ্রদ্ধা ও শালীনতার সঙ্গে আলোচনা করা উচিত।

তবে শিক্ষকদের ন্যায্য পারিশ্রমিকের বিষয়টিও উপেক্ষা করা সমীচীন নয়। এ বিষয়ে দায়িত্বশীল পর্যায়ে আলোচনা হতে পারে। প্রতিষ্ঠানের সামর্থ্য অনুযায়ী শিক্ষকদের যোগ্যতা, অভিজ্ঞতা, দায়িত্ব ও জীবনযাত্রার প্রয়োজন বিবেচনায় নিয়ে একটি বাস্তবসম্মত নীতিমালা প্রণয়নের উদ্যোগ নেওয়া যেতে পারে। তবে সব প্রতিষ্ঠানের জন্য একই বেতন কাঠামো নির্ধারণ করা সহজ হবে না; বরং তা করতে হলে কওমি অঙ্গনের বৈচিত্র্য ও বাস্তবতাকে গুরুত্ব দিতে হবে।

আমাদের প্রত্যাশা হলো, দীনি শিক্ষার মর্যাদা ও খেদমতের চেতনা অক্ষুণ্ণ থাকুক। শিক্ষকদের ন্যায্য আর্থিক সম্মান নিশ্চিত হোক এবং মুরুব্বি উলামায়ে কেরাম ও সংশ্লিষ্ট দায়িত্বশীলদের পারস্পরিক শ্রদ্ধা ও পরামর্শের ভিত্তিতে এ বিষয়ে বাস্তবসম্মত সমাধানের পথ তৈরি হোক।

লেখক: মুহতামিম, সিরাজুল উলুম মাদরাসা নারায়ণগঞ্জ

এসএইচ/  


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ