নিজস্ব প্রতিবেদক-
গাইবান্ধার পলাশবাড়ীতে মূর্তি নির্মাণকে কেন্দ্র করে সৃষ্ট পরিস্থিতি এবং এ বিষয়ে উলামায়ে কেরামের করণীয় নির্ধারণে রংপুর বিভাগের হেফাজত নেতৃবৃন্দ ও আলেম-ওলামাদের অংশগ্রহণে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২১ জুন) বেলা ১১টায় রংপুর নগরীর জুম্মাপাড়া মাদরাসায় অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন বিশিষ্ট আলেম মাওলানা মোহাম্মদ ইদরিস আলী।
সভায় হেফাজতের কেন্দ্রীয় নেতাদের মধ্যে মাওলানা জুনায়েদ আল হাবীব ও মাওলানা আজিজুল হক ইসলামাবাদী উপস্থিত ছিলেন। রংপুর বিভাগের বিভিন্ন জেলা থেকে আগত উলামায়ে কেরাম, মাদরাসার শিক্ষক, ইসলামী সংগঠনের নেতৃবৃন্দ এবং স্থানীয় ধর্মীয় ব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন। তারা পলাশবাড়ীর সাম্প্রতিক ঘটনাপ্রবাহ নিয়ে আলোচনা করেন এবং উদ্ভূত পরিস্থিতিতে উলামায়ে কেরামের দায়িত্ব ও করণীয় বিষয়ে মতামত তুলে ধরেন।
বক্তারা বলেন, দেশের শান্তি, সম্প্রীতি ও স্থিতিশীলতা রক্ষায় সকল পক্ষকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। তারা যেকোনো ধরনের উসকানিমূলক কর্মকাণ্ড ও সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টির প্রচেষ্টার বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান।
সভায় উপস্থিত আলেমরা ধর্মীয় ও সামাজিক বিভিন্ন ইস্যুতে জনসচেতনতা বৃদ্ধি, শান্তিপূর্ণ উপায়ে মতামত প্রকাশ এবং আইনসম্মত পন্থায় সমস্যার সমাধানের ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে তারা দেশের সার্বিক শান্তি-শৃঙ্খলা ও সম্প্রীতি বজায় রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
জেডএম/
