রবিবার, ২১ জুন ২০২৬ ।। ৭ আষাঢ় ১৪৩৩ ।। ৬ মহর্‌রম ১৪৪৮


‘সমালোচনার ক্ষেত্রেও আল্লাহভীতি ও শালীনতার পরিচয় দেওয়া উচিত’


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

নিজস্ব প্রতিবেদক-

মাওলানা মামুনুল হকের দিকে ইঙ্গিত করে একজন খ্যাতিমান আলেমকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে চলমান আলোচনা-সমালোচনা এবং তার ব্যক্তিগত বিষয় নিয়ে প্রকাশ্য মন্তব্য ও কটূক্তির সমালোচনা করেছেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সিনিয়র সহ-সভাপতি মাওলানা আবদুর রব ইউসুফী। তিনি বলেছেন, মতপার্থক্য ও সমালোচনা থাকতেই পারে। তবে কোনো ব্যক্তির ব্যক্তিগত বিষয় জনসমক্ষে এনে অপমানজনকভাবে উপস্থাপন করা ইসলামি আদর্শ ও নৈতিকতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। এ ধরনের গিবত, অপপ্রচার ও ব্যক্তিগত আক্রমণ থেকে বিরত থাকার আহ্বান জানান তিনি।

শনিবার (২০ জুন) রাতে নিজের ফেসবুক পোস্টে দেওয়া এক বক্তব্যে মাওলানা ইউসুফী এসব কথা বলেন।

পোস্টে তিনি উল্লেখ করেন, কোনো আলেম বা ব্যক্তির সঙ্গে বিভিন্ন বিষয়ে মতবিরোধ হওয়া স্বাভাবিক। মতভিন্নতার বিষয়গুলো নিয়ে আলোচনা কিংবা সমালোচনা করা যেতে পারে। কিন্তু কারও ব্যক্তিগত বা গোপন বিষয় জনসমক্ষে এনে প্রচার করা শরিয়তের দৃষ্টিতে গ্রহণযোগ্য নয়। কোনো তথ্য সত্য হলেও তা প্রকাশের ক্ষেত্রে ইসলামি নীতিমালা অনুসরণ করা জরুরি বলে তিনি মন্তব্য করেন।

তিনি আরও বলেন, সংশ্লিষ্ট আলেম নিজেই যখন একজন নারীকে তার স্ত্রী হিসেবে পরিচয় দিচ্ছেন, তখন বিষয়টি কেন্দ্র করে বিদ্বেষমূলক প্রচারণা, কটূক্তি বা অতিরিক্ত প্রতিক্রিয়া দেখানোর কোনো অবকাশ নেই। শরিয়তও এ ধরনের আচরণকে সমর্থন করে না।

মাওলানা ইউসুফী আক্ষেপ প্রকাশ করে বলেন, কিছু তরুণ আলেম, মাদরাসাশিক্ষক ও শিক্ষার্থীকেও এ ধরনের গিবত, অপপ্রচার এবং ব্যক্তিগত আক্রমণের প্রবণতায় জড়িয়ে পড়তে দেখা যাচ্ছে, যা অত্যন্ত দুঃখজনক। তিনি বলেন, বিরোধিতা বা সমালোচনার ক্ষেত্রেও আল্লাহভীতি, শালীনতা ও নৈতিকতার পরিচয় দেওয়া উচিত।

জাতীয় সংসদে বিষয়টি নিয়ে আলোচনার প্রসঙ্গ টেনে তিনি বলেন, সমাধানের উদ্যোগের সময় স্পিকার যে আচরণগত দৃষ্টান্ত উপস্থাপন করেছেন এবং সরকারের শীর্ষ পর্যায় থেকে যে অবস্থান নেওয়া হয়েছে, তা দেশবাসী প্রত্যক্ষ করেছে।

ফেসবুক পোস্টের শেষাংশে তিনি বলেন, মতভিন্নতা ও সমালোচনা অবশ্যই সভ্য, শালীন ও নীতিনিষ্ঠ হওয়া প্রয়োজন। ব্যক্তি আক্রমণ, গোপন বিষয় অনুসন্ধান এবং সেগুলো প্রচার করা সমাজে বিভেদ ও নৈতিক অবক্ষয় সৃষ্টি করে। তাই সবাইকে ইসলামি মূল্যবোধ ও নৈতিকতার আলোকে দায়িত্বশীল আচরণ করার আহ্বান জানান তিনি।

জেডএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ