শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬ ।। ১০ আশ্বিন ১৪৩৩ ।। ১৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :

আধুনিক চিকিৎসা ও অর্থনৈতিক লেনদেনের জটিল বিষয়ে দিল্লিতে ফিকহি সম্মেলন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

আন্তর্জাতিক ডেস্ক

ভারতের জমিয়তে উলামায়ে হিন্দের অধীন ‘ইদারাতুল মাবাহিসুল ফিকহিয়্যাহ’র ২১তম ফিকহি সম্মেলনে আধুনিক চিকিৎসা, চিকিৎসাবিজ্ঞান, পাপের কাজে সহযোগিতা এবং সমসাময়িক অর্থনৈতিক লেনদেনের বিভিন্ন জটিল ও গুরুত্বপূর্ণ বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। সম্মেলনের দ্বিতীয় ও তৃতীয় অধিবেশনে এসব বিষয়ে দেশের বিভিন্ন শিক্ষাকেন্দ্র থেকে আসা বিশিষ্ট মুফতি ও ফকিহরা প্রবন্ধ, দলিল ও ফিকহি মতামতের আলোকে পর্যালোচনা করেন।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) নয়াদিল্লিতে অনুষ্ঠিত সম্মেলনের তৃতীয় অধিবেশনে ‘পাপের কাজে সহযোগিতা ও আধুনিক অর্থনৈতিক লেনদেন’ বিষয়ে আলোচনা হয়। এর আগে দ্বিতীয় অধিবেশনে আধুনিক চিকিৎসাবিজ্ঞানের বিভিন্ন জটিল ফিকহি বিষয় নিয়ে আলোচনা করা হয়। দুই অধিবেশনে মোট ২৬৪টি প্রবন্ধের সারসংক্ষেপ উপস্থাপন করা হয়।

দ্বিতীয় অধিবেশনে সভাপতিত্ব করেন অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল’ বোর্ডের সভাপতি মাওলানা খালিদ সাইফুল্লাহ রহমানি। এতে গর্ভপাত, ভ্রূণে প্রাণ সঞ্চার, জন্মগত ত্রুটি, মায়ের জীবনঝুঁকি, দুরারোগ্য রোগীর চিকিৎসা, ভেন্টিলেটর খুলে দেওয়া, জরায়ু অপসারণ, পুরুষ ও নারী চিকিৎসকের মাধ্যমে পরীক্ষা-নিরীক্ষা ও চিকিৎসা, আলট্রাসনোগ্রাম ও পর্দার বিধান, চিকিৎসা ব্যয় এবং রোগীর সম্পদ-সম্পর্কিত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

এ বিষয়ে ১৬৩ জন মুফতি প্রবন্ধ লিখেছেন। দারুল উলুম দেওবন্দের হাদিসের শিক্ষক মুফতি আবদুল্লাহ মারুফী প্রবন্ধগুলোর সারসংক্ষেপ উপস্থাপন করেন। পরে সম্মেলনে অংশ নেওয়া আলেমদের মধ্যে এসব বিষয়ে বিস্তারিত মতবিনিময় ও আলোচনা হয়।

আরও গবেষণা, ফিকহি বিশ্লেষণ ও সংশ্লিষ্ট সব দিক পর্যালোচনার জন্য একটি খসড়া প্রণয়ন কমিটি গঠন করা হয়েছে। কমিটির আহ্বায়ক করা হয়েছে দারুল উলুম দেওবন্দের নায়েবে মুফতি মুফতি আসাদুল্লাহকে। কমিটির সদস্যরা হলেন—মুফতি মুহাম্মদ আশরাফ আব্বাস কাসেমি, মুফতি মুহাম্মদ উসমান বাস্তভী, মুফতি আখতার ইমাম আদিল, মুফতি রশিদুদ্দিন মারুফী, মুফতি নাজির আহমদ কাশ্মীরী, মুফতি মুহাম্মদ ছাকিব, মুফতি মুহাম্মদ খালিদ নৈমভী, মুফতি মুহাম্মদ জুনায়েদ ও মুফতি হিব্বান বেগ।

বৃহস্পতিবার সকাল ৮টায় নয়াদিল্লিতে জমিয়তে উলামায়ে হিন্দের কেন্দ্রীয় কার্যালয়ের মাদানি হলে তৃতীয় অধিবেশন অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন দারুল উলুম দেওবন্দের প্রধান মুফতি মুফতি জাইনুল ইসলাম কাসেমি এলাহাবাদী।

এই অধিবেশনের মূল বিষয় ছিল ‘পাপের কাজে সহযোগিতা ও আধুনিক অর্থনৈতিক লেনদেন’। আধুনিক প্রযুক্তি, ব্যাংকিং, বিমা, আর্থিক সেবা, অনলাইন বাণিজ্য ও পরিবর্তিত কর্মসংস্থানের প্রেক্ষাপটে বৈধ ও অবৈধ কার্যক্রমের মিশ্রণের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।

আলোচনায় এমন ওয়েবসাইট বা সফটওয়্যার তৈরির শরয়ি বিধান নিয়েও আলোচনা হয়, যা বৈধ কাজে ব্যবহারের সুযোগ থাকলেও কোনো ক্রেতা প্রতিষ্ঠান তা সুদভিত্তিক কার্যক্রমে ব্যবহার করে। এ ক্ষেত্রে পাপের কাজে সহযোগিতার বিধান কী হবে, তা পর্যালোচনা করেন আলেমরা।

এ ছাড়া আর্থিক তথ্য ও ঝুঁকি-সংক্রান্ত প্রতিবেদন প্রস্তুতকারী প্রতিষ্ঠানে চাকরি, যেসব প্রতিষ্ঠানের তথ্য সুদভিত্তিক ঋণ, বিমা, ক্রেডিট কার্ডসহ বৈধ ও অবৈধ বিভিন্ন আর্থিক কাজে ব্যবহৃত হয়—এসব বিষয় নিয়েও আলোচনা হয়। ব্যাংকের বিভিন্ন সেবা কাস্টমার সার্ভিস পয়েন্টের মাধ্যমে দেওয়ার শরয়ি বিধানও আলোচনায় আসে।

অনলাইন প্ল্যাটফর্ম ব্লিঙ্কিট ও জোম্যাটোর মাধ্যমে মদ, অজবাই করা মাংসসহ বিভিন্ন নিষিদ্ধ পণ্য সরবরাহ এবং ট্রাক বা অটোর মাধ্যমে মদ ও মূর্তি পরিবহনের বিষয়ও আলোচিত হয়। একই সঙ্গে রাখি, চুড়ি, মঙ্গলসূত্র, ক্রিসমাস ট্রি এবং অমুসলিম ধর্মীয় প্রতীক ও আচার-অনুষ্ঠানের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন পণ্য কেনাবেচার শরয়ি বিধান নিয়েও মতবিনিময় করা হয়।

এ বিষয়ে ১০১টি প্রবন্ধ উপস্থাপন করা হয়। প্রবন্ধগুলোর সারসংক্ষেপ প্রস্তুত করেন মুফতি মুহাম্মদ মুসআব কাসেমি ও দারুল উলুম দেওবন্দের নায়েবে মুফতি মুফতি আসাদুল্লাহ। পরে মুফতি আসাদুল্লাহ ও মুফতি আবদুর রাজ্জাক আমরোহভী যৌথভাবে সেগুলোর সারসংক্ষেপ উপস্থাপন করেন। এসব বিষয়ে আরও পর্যালোচনার জন্য একটি খসড়া প্রণয়ন কমিটিও গঠন করা হয়েছে।

সম্মেলনে জমিয়তে উলামায়ে হিন্দের সভাপতি মাওলানা সাইয়্যিদ মাহমুদ আসাদ মাদানী, সাধারণ সম্পাদক মাওলানা হাকিমুদ্দিন কাসেমি, মাওলানা নি‘মাতুল্লাহ আজমি, মুফতি মুহাম্মদ রাশিদ আজমি, মাওলানা রহমতুল্লাহ মীর কাসেমি, মুফতি সাইয়্যিদ মুহাম্মদ সালমান মনসুরপুরী, মাওলানা আতীক আহমদ কাসেমি বাস্তভী, মুফতি মুহাম্মদ জায়েদ মাজাহিরীসহ ভারতের বিভিন্ন গুরুত্বপূর্ণ মাদরাসা ও শিক্ষাকেন্দ্রের ফিকহ ও ফতোয়া বিশেষজ্ঞ আলেমরা অংশ নেন।

দ্বিতীয় অধিবেশনের শুরুতে কোরআন তেলাওয়াত করেন মুফতি সাইয়্যিদ মুহাম্মদ আফফান মনসুরপুরী। নাতে রাসুল পরিবেশন করেন কারি আহমদ আবদুল্লাহ কাসেমি। অধিবেশন পরিচালনা করেন মুফতি আবদুর রাজ্জাক কাসেমি আমরোহভী ও মুফতি সাইয়্যিদ মুহাম্মদ আফফান মনসুরপুরী।

ইদারাতুল মাবাহিসুল ফিকহিয়্যাহর আহ্বায়ক মাওলানা আবদুল মালেক রাসুলপুরী জানান, শুক্রবার সম্মেলনে আলোচিত বিষয়গুলোর ওপর সিদ্ধান্ত গ্রহণের পর চূড়ান্ত প্রস্তাব অনুমোদন করা হবে।

এসএইচ/ 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ